স্থূলতা নির্ণয়ে বডি মাস ইনডেক্স বা বিএমআইয়ের বিকল্প একটি পদ্ধতি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ভুল রোগনির্ণয়ের হাত থেকে বাঁচাতে পারে। চিকিৎসকদের গবেষণায় দেখা গিয়েছে, সুস্থ মানুষ এবং শরীরে ক্ষতিকর মাত্রায় অতিরিক্ত মেদ রয়েছে এমন মানুষের মধ্যে এই পদ্ধতি আরও নির্ভুলভাবে পার্থক্য করতে পারে।
স্থূলতা নির্ধারণের ক্ষেত্রে বিএমআইকে দীর্ঘদিন ধরেই যথেষ্ট সূক্ষ্ম নয় বলে মনে করে এসেছেন চিকিৎসাবিশেষজ্ঞেরা। তাঁদের উদ্বেগ, এই মাপকাঠির কারণে শরীরে অতিরিক্ত মেদ থাকা বহু মানুষকে শনাক্ত করা যায় না। আবার সুস্থ অনেক মানুষকে ভুল করে স্থূল বলে চিহ্নিত করা হয়।
নতুন পদ্ধতিতে বিএমআইয়ের সঙ্গে শরীরের অন্যান্য মাপ এবং বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতার পরীক্ষার ফল মিলিয়ে দেখা হয়। গবেষণার ফল অনুযায়ী, শুধু বিএমআইয়ের উপর নির্ভর করলে ৫ থেকে ৯ শতাংশ প্রাপ্তবয়স্কের স্থূলতা ধরা পড়ে না। অন্যদিকে, সর্বোচ্চ ৩ শতাংশ প্রাপ্তবয়স্ককে ভুল করে স্থূল বলে চিহ্নিত করা হয়।
লন্ডনের কিংস কলেজের মেটাবলিক ও ব্যারিয়াট্রিক সার্জারির অধ্যাপক ফ্রান্সিসকো রুবিনো বলেন, “এই ভুল শ্রেণিবিন্যাসের আওতায় কোটি কোটি মানুষ পড়ে যেতে পারেন। তাই বিএমআইয়ের নির্ভুলতার অভাব বৃহত্তর জনস্বাস্থ্যের ক্ষেত্রে যেমন বড় সমস্যা, তেমনই ব্যক্তিগত স্তরেও।”
কিলোগ্রামে শরীরের ওজনকে মিটারে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করে বিএমআই হিসাব করা হয়। বিশ্বজুড়ে প্রায় ১৬০ কোটি মানুষকে অতিরিক্ত ওজনের অধিকারী হিসেবে চিহ্নিত করা হয়—অর্থাৎ তাঁদের বিএমআই ২৫ থেকে ২৯.৯-এর মধ্যে। আর বিএমআই ৩০ বা তার বেশি হওয়ায় প্রায় ১০০ কোটি মানুষকে স্থূল বলে গণ্য করা হয়। শুধু বিএমআইয়ের হিসাবে ব্রিটেনের দুই-তৃতীয়াংশ এবং আমেরিকার ৭০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্কের অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে।
রুবিনো ও তাঁর সহকর্মীরা ব্রিটেন, আমেরিকা, চিন এবং স্পেনের আট লক্ষেরও বেশি মানুষের স্বাস্থ্যসংক্রান্ত নথি বিশ্লেষণ করেছেন। গত বছর ল্যানসেট কমিশনের একটি প্রতিবেদনে রুবিনো ও বিশ্বের অন্যান্য বিশেষজ্ঞ স্থূলতা নির্ণয়ের যে পদ্ধতি প্রস্তাব করেছিলেন, তার কার্যকারিতা যাচাই করাই ছিল এই গবেষণার উদ্দেশ্য। ওই নথির সাহায্যে তাঁরা সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছেন।
নতুন সংজ্ঞা অনুযায়ী, কারও বিএমআই ৪০-এর বেশি হলে তাঁকে স্থূল বলে গণ্য করা হয়। তবে বিএমআই তার চেয়ে কম হলে শরীরে অতিরিক্ত মেদ রয়েছে কি না, তা যাচাই করতে চিকিৎসকেরা কোমরের মাপ পরীক্ষা করেন।
বিএমআই ৩০ বা তার বেশি হওয়ার পাশাপাশি কোমরের পরিধি অথবা কোমরের পরিধি ও উচ্চতার অনুপাত নির্ধারিত সীমার বেশি হলে সংশ্লিষ্ট ব্যক্তির স্থূলতা রয়েছে বলে ধরা হয়। আবার বিএমআই ২৫ থেকে ২৯.৯-এর মধ্যে হলেও, কোমরের পরিধি এবং কোমর-উচ্চতার অনুপাত—দু’টিই বেশি থাকলে তাঁকে স্থূল হিসেবে চিহ্নিত করা হয়। অধিকাংশ দেশে পুরুষদের কোমরের পরিধি ১০২ সেন্টিমিটার বা ৪০ ইঞ্চির বেশি এবং মহিলাদের ৮৮ সেন্টিমিটারের বেশি হলে তা বেশি বলে ধরা হয়। কোমর-উচ্চতার অনুপাতের ক্ষেত্রে এই সীমা প্রায় ০.৫৭।
রোগনির্ণয়ের দ্বিতীয় ধাপে চিকিৎসকেরা ‘ক্লিনিক্যাল ওবেসিটি’ এবং ‘প্রি-ক্লিনিক্যাল ওবেসিটি’র মধ্যে পার্থক্য করেন। ক্লিনিক্যাল ওবেসিটি বলতে বোঝায় এমন সক্রিয় রোগাবস্থা, যেখানে অতিরিক্ত মেদের কারণে ইতিমধ্যেই শরীরের অঙ্গের কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে। অন্যদিকে, প্রি-ক্লিনিক্যাল ওবেসিটিতে অতিরিক্ত মেদ স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করলেও তখনও এ ধরনের সমস্যা দেখা দেয়নি।
নতুন সংজ্ঞা প্রয়োগের পরে সামগ্রিকভাবে স্থূলতার হার সামান্যই বেড়েছে। তবে স্থূলতা রয়েছে এমন ব্যক্তিদের মাত্র এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশের ক্লিনিক্যাল ওবেসিটি পাওয়া গিয়েছে—যা মোট জনসংখ্যার প্রায় ৫ থেকে ১০ শতাংশ। এই গোষ্ঠীর মানুষের মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
একই বিএমআই থাকা সত্ত্বেও কে সুস্থ আর কে অসুস্থ, এই পদ্ধতি চিকিৎসকদের তা আলাদা করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে ধরা যাক, তিন জনের প্রত্যেকের বিএমআই ৩২। শুধু বিএমআইয়ের হিসাবে তিন জনকেই স্থূল বলা হবে। অথচ নতুন পদ্ধতিতে তাঁদের রোগনির্ণয় সম্পূর্ণ আলাদা হতে পারে। প্রথম জনের শরীরে অতিরিক্ত মেদ না-ও থাকতে পারে, তিনি সুস্থ হতে পারেন। দ্বিতীয় জনের শরীরে অতিরিক্ত মেদ থাকলেও অঙ্গের কার্যক্ষমতায় কোনও সমস্যা নেই—তাঁর প্রি-ক্লিনিক্যাল ওবেসিটি রয়েছে। তৃতীয় জনের অতিরিক্ত মেদের পাশাপাশি অঙ্গের কার্যক্ষমতাও ব্যাহত হচ্ছে—তাঁর রয়েছে ক্লিনিক্যাল ওবেসিটি।
‘নেচার’ পত্রিকায় প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বেশি বিএমআই থাকা কিছু মানুষকে নতুন সংজ্ঞা অনুযায়ী স্থূল বলে গণ্য করা হয়নি। এমনকি, সুস্থ বলে বিবেচিত অন্য কিছু মানুষের তুলনায় তাঁদের মৃত্যুঝুঁকিও কম ছিল। আশার কথা, প্রি-ক্লিনিক্যাল ওবেসিটি রয়েছে এমন ব্যক্তিদের ৮০ থেকে ৯০ শতাংশের ক্ষেত্রে পরবর্তী ১০ বছরে তা ক্লিনিক্যাল ওবেসিটি বা সক্রিয় রোগাবস্থায় পরিণত হয়নি।
নতুন পদ্ধতি চিকিৎসকদের জন্য রোগনির্ণয়ের প্রক্রিয়াকে কিছুটা জটিল করে তোলে। তবে রুবিনোর মতে, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি মানুষের শারীরিক অবস্থা পৃথকভাবে বিচার করে স্থূলতা নির্ণয় করা উচিত। তার ভিত্তিতেই ঠিক করা সম্ভব হবে, কার প্রয়োজন জীবনযাপনে পরিবর্তনের পরামর্শ, কাকে জিএলপি-১ শ্রেণির ওজন কমানোর ওষুধ দেওয়া দরকার, আর কার ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন।
তিনি বলেন, “আমাদের চিকিৎসাপদ্ধতিগুলিকে আরও কার্যকর করে তুলতে পারি এবং শেষ পর্যন্ত আরও বেশি নিরাপত্তা ও কার্যকারিতার সঙ্গে আমাদের সম্পদের সদ্ব্যবহার করতে পারি। চিকিৎসার ক্ষেত্রে এই পদ্ধতি চালু করা উচিত কি না জানতে চাইলে আমি বলব, অবশ্যই উচিত।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।