ভারত ও রাশিয়ার যৌথ প্রযোজনায় তৈরি ‘স্নো ফ্লাওয়ার’ ছবিতে নন্দার চরিত্রে অভিনয়ের জন্য ব্রিকস প্লাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ পুরস্কার পেলেন ছায়া কদম। মারাঠি ও হিন্দি ছবির এই অভিনেত্রীর ঝুলিতে যোগ হল আরও এক আন্তর্জাতিক সম্মান।

২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও মস্কোয় বসেছিল এ বছরের উৎসব। ‘স্নো ফ্লাওয়ার’-কে সম্মান জানানোর কারণ হিসেবে উৎসবের প্রশস্তিপত্রে বলা হয়েছে, ছবিটি “নিজস্ব জাতীয় পরিচয়ে উজ্জ্বল এক চরিত্রকে জীবন্ত করে তুলেছে এবং সাহসের সঙ্গে খুঁজেছে বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির গভীরে থাকা মিলের সূত্রগুলি।”

পর্দায় নন্দাকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন ছায়া। তাঁর অভিনয়ে ধরা পড়েছে চরিত্রটির আবেগের গভীরতাও। মারাঠি ও হিন্দি সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন তিনি। ‘স্নো ফ্লাওয়ার’-এ নন্দার ভূমিকাতেও ফুটে উঠেছে তাঁর অভিনয়ের সেই সূক্ষ্মতা ও সংবেদনশীলতা।