রুবিন
সর্বকালের অন্যতম জনপ্রিয় ভিডিয়ো গেম ‘এলডেন রিং’-এর গল্প এক কাল্পনিক রাজ্যকে ঘিরে। নাম ‘ল্যান্ডস বিটুইন’। জীবন ও মৃত্যুর মাঝামাঝি সেই রহস্যময় ভূখণ্ডে ক্ষমতা দখলের লড়াইয়ে নামে মানুষ, দেবতা আর দানব। এ বার সেই জগৎই আসতে চলেছে বড় পর্দায়।
গেমটি অবলম্বনে ছবির শুটিং সদ্য শেষ করেছে এ২৪। সংস্থার ইতিহাসে এত বড় বাজি আগে কখনও ধরেনি তারা। অ্যালেক্স গারল্যান্ডের পরিচালনায় এই মহাকাব্যিক অ্যাকশন ছবিতে অভিনয় করছেন কিট কনর। বাজেট ২০ কোটি ডলার! ছবির কাহিনির সঙ্গে এ২৪-এর বর্তমান অবস্থারও যেন অদ্ভুত মিল। হলিউডের প্রতিষ্ঠিত স্টুডিয়োগুলিকে এক সময় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ছোট্ট স্বাধীন সংস্থাটি এখন অনেকটাই বড়। কিন্তু এখনও কোনও কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে মিশে যায়নি, কিংবা নিজেকে বিকিয়ে দিয়ে হলিউডের মহারথীদের সঙ্গে এক টেবিলে বসার চেষ্টা করেনি।
অথচ এ বছর এ২৪-এর ইতিহাসে সবচেয়ে লাভজনক বছর হতে চলেছে। এর পিছনে বড় ভূমিকা রয়েছে জেন জ়ি দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেওয়া ভয়ের ছবি ‘ব্যাকরুমস’ এবং এলিজ়াবেথ হোমসকে ঘিরে নেথান ফিল্ডার ও ল্যান্স ওপেনহাইমের বিতর্কিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’-এর। এই দুই ছবি-সহ একাধিক মুক্তির দৌলতে ঘরোয়া বক্স অফিসে এই প্রথম এ২৪-এর ছবির মোট টিকিট বিক্রি ৫০ কোটি ডলার ছাড়িয়েছে।
এ বারের অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া স্টুডিয়োর তকমাও শেষ পর্যন্ত জুটতে পারে এ২৪-এর। ছোট পর্দাতেও তাদের সাফল্যের দৌড় থামছে না। এইচবিও-র ‘ইউফোরিয়া’র পর এসেছে পিককের ‘ক্রিস্টাল লেক’, এইচবিও-র ‘নেবার্স’ এবং অ্যাপল টিভির ‘মারগট’স গট মানি ট্রাবলস’। হলিউডে যখন পুরনো ব্যবসায়িক ছক ভেঙে পড়ছে, বড় সংস্থাগুলি একে অপরকে কিনে নিচ্ছে, তখন এ২৪-এর এই সাফল্য বিনোদন দুনিয়ায় তাদের ক্রমবর্ধমান প্রভাবই তুলে ধরছে।
কিন্তু সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে একটি প্রশ্ন—এ২৪ আসলে শেষ পর্যন্ত কী হতে চায়?
হলিউডের এক প্রভাবশালী কর্তার কথায়, “মালিকেরা যদি কোনও দিন এই সাফল্যের নগদ দাম ঘরে তুলতে চান, তবে এটাই সময়।” ২০১৩ সালে সংস্থাটির যাত্রা শুরুর পর থেকেই হলিউডে জল্পনা, এ২৪ কি কোনও বড় সংস্থার সঙ্গে মিশবে, নাকি কেউ তাকে কিনে নেবে? দুই প্রতিষ্ঠাতা ডেভিড ফেঙ্কেল ও ড্যানিয়েল ক্যাট্জের নেতৃত্বে অ্যাপল ও সোনির মতো সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। কিন্তু কোনও চুক্তি হয়নি।
এর অন্যতম কারণ, তরুণ দর্শকদের চোখে এ২৪-এর যে আলাদা আকর্ষণ, প্রতিষ্ঠাতারা সেটি হারাতে চান না। ঠিক কীসে এই আকর্ষণ, তা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু এই সংস্থার টানেই নতুন প্রজন্ম আবার সিনেমা হলে ফিরেছে, প্রথাভাঙা পরিচালকদের তারকা করে তুলেছে। সম্প্রতি সংস্থার শেয়ার কেনার একাধিক প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ফেঙ্কেল ও ক্যাট্জ। ‘এলডেন রিং’-এর খেলোয়াড়েরা যেমন অর্জিত অলৌকিক ক্ষমতা আগলে রাখেন, তেমনই নিজেদের হাতে ছবির সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার অধিকার আঁকড়ে রেখেছেন দুই প্রতিষ্ঠাতা।
নিজের জোরে বড় হওয়া
গত কয়েক বছরে এ২৪-এর অন্দরে যে মতটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা হল—অন্যের ছাতার তলায় নয়, নিজেদের ক্ষমতাতেই বড় হতে হবে। ২০২১ সালে মার্কিন বাস্কেটবল লিগ এনবিএ-র প্রধান অর্থকর্তা জে বি লকহার্টকে নিয়োগের পিছনেও ছিল ব্যবসা বুঝেশুনে সম্প্রসারণের পরিকল্পনা।
সংস্থার ভিতরের লোকেরা এই ধারাবাহিক বৃদ্ধির কৃতিত্ব দেন আরও কয়েক জনকে। তাঁদের মধ্যে রয়েছেন চিফ অপারেটিং অফিসার ম্যাট বায়ার্স, যিনি এ২৪-এর চেরি লেন থিয়েটার কেনার অন্যতম কারিগর। রয়েছেন বিশ্বজুড়ে টেলিভিশন ব্যবসার প্রধান রবি নন্দন, যিনি নেথান ফিল্ডারের কাজের ধরন ও ভাবনাকে ভাল বোঝেন। বিপণন বিভাগের প্রধান গ্রাহাম রেটজলিকের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হলিউডের আগের সেই কর্তার মতে, একটি বিষয়ে কোনও সন্দেহ নেই। “ফেঙ্কেল আর ক্যাট্জ অবশ্যই ধনী হতে চান।”
এ২৪ সর্বশেষ মূলধন তুলেছিল ২০২৪ সালের মাঝামাঝি। সে বার বিনিয়োগ করেছিল জোশ কুশনারের থ্রাইভ ক্যাপিটাল। সেই লেনদেনে সংস্থার মূল্য নির্ধারিত হয়েছিল ৩৫০ কোটি ডলার। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার জন্য স্কাইড্যান্স যে ১১ হাজার ১০০ কোটি ডলারের চেক লিখেছিল, তার পাশে এই অঙ্ক অবশ্যই ছোট। তবু প্রতিদ্বন্দ্বী সংস্থার তিনটি সূত্রের মতে, বাজারের বাস্তবতার তুলনায় এ২৪-এর মূল্যায়ন বেশ চড়া।
হলিউডের আর এক শীর্ষকর্তার বক্তব্য, “ওদের ব্র্যান্ড দুর্দান্ত। কিন্তু কোনও সংস্থা বিক্রি হয়ে গেলে তার নিজস্ব ব্র্যান্ড-পরিচয় কতটা টিকে থাকে, তা তো আমরা দেখেছি। ডিজ়নি এফএক্স এবং টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সঙ্গে কী করেছে, দেখুন। এ২৪-এর আয় যথেষ্ট ভাল, বিশেষ করে এ বছর। কিন্তু নিজেদের জন্য যে দাম তারা চেয়েছিল, ব্যবসা বাড়িয়ে এ বার সেই মূল্যায়নের যৌক্তিকতা প্রমাণ করতে হবে।”
বড় বাজেটের পরীক্ষা
সেই লক্ষ্যেই এ বার বড় বাজেট এবং দর্শকের আগে থেকেই পরিচিত কাহিনি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে এ২৪। সম্প্রতি মোটা অঙ্কের চুক্তিতে ‘দ্য টেক্সাস চেনস ম্যাসাকার’-এর চলচ্চিত্র ও টেলিভিশন স্বত্বও কিনেছে তারা। কিন্তু ছোট বাজেটের ছবি থেকে বড় প্রযোজনায় পা বাড়িয়ে এখনও পর্যন্ত মিশ্র ফলই পেয়েছে সংস্থাটি।
গত বছর আরি অ্যাস্টারের ‘এডিংটন’ এবং ডোয়েন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’—দু’টি ছবির প্রতিটির পিছনেই খরচ হয়েছিল পাঁচ কোটি ডলার। কিন্তু বক্স অফিসে কোনওটিই দর্শকদের মন জয় করতে পারেনি।
২০২৫ সালের সেই ধাক্কা কাটিয়ে অবশ্য এ বছর ঘুরে দাঁড়িয়েছে এ২৪। ‘ইউ ক্যান সি এভরিথিং’-এর মতো একটি তথ্যচিত্রের টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে ৬ কোটি ৪০ লক্ষ ডলার। জেন্ডেয়া ও রবার্ট প্যাটিনসন অভিনীত সম্পর্কের টানাপড়েন নিয়ে অন্য স্বাদের কমেডি ‘দ্য ড্রামা’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে ১৩ কোটি ৪০ লক্ষ ডলারের। এই দুই ধরনের ছবি সাধারণত এত বিপুল দর্শককে সিনেমা হলে টানতে পারে না।
তবে সব রেকর্ড ভেঙেছে ‘ব্যাকরুমস’। মাত্র এক কোটি ডলারে তৈরি ছবিটি বিশ্বজুড়ে ব্যবসা করেছে ৪০ কোটি ডলার। এ২৪-এর ইতিহাসে আর কোনও ছবি এত আয় করতে পারেনি।
গ্রীষ্মের মরসুমে, যখন আমেরিকার সিনেমা হলগুলিতে সাধারণত সবচেয়ে বেশি ভিড় হয়, তখন বক্স অফিসে বাজারের অংশীদারির নিরিখে ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্ট—দু’টিকেই পিছনে ফেলে দিয়েছিল এ২৪। হলিউডের বড় স্টুডিয়োগুলিকে এমন ভাবে টেক্কা দেওয়া কোনও স্বাধীন সংস্থার কাছে বিরল ঘটনা।
‘ব্যাকরুমস’ এবং ‘ইউ ক্যান সি এভরিথিং’-এর বিপুল মুনাফায় অবশ্য কয়েকটি ব্যর্থ ছবির লোকসানও অনেকটা সামাল দেওয়া যাবে। গ্লেন পাওয়েলের অ্যাকশন কমেডি ‘হাউ টু মেক আ কিলিং’-এর বাজেট ছিল দেড় কোটি ডলার, অথচ টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ২ কোটি ১০ লক্ষ ডলার। রবিন হুডের কিংবদন্তিকে নতুন ভাবে তুলে ধরা হিউ জ্যাকম্যানের ‘দ্য ডেথ অব রবিন হুড’ তৈরিতে খরচ হয়েছিল ২ কোটি ডলার, আয় হয়েছে ৯৮ লক্ষ। আর ক্রিস রকের হাসি-কান্নার ছবি ‘মিস্টি গ্রিন’-এর বাজেট ছিল ৫০ লক্ষ ডলার, কিন্তু টিকিট বিক্রি হয়েছে মাত্র ১ লক্ষ ৬০ হাজার ডলারের।
লাভের অঙ্কে ফাঁক?
প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ, নিজেদের ছবির ব্যর্থতার প্রভাব আড়াল করতে এ২৪ বেশ দক্ষ। এর অন্যতম কারণ, বিদেশে ছবির পরিবেশনার দায়িত্ব তারা নিজেরা নেয় না। বরং বিভিন্ন দেশের পরিবেশকদের কাছে ছবির স্বত্ব বিক্রি করে দেয়। ফলে কোনও ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও স্বত্ব বিক্রির অর্থ থেকে ক্ষতির কিছুটা সামাল দেওয়া যায়।
তবে এই ব্যবস্থার উল্টো দিকও রয়েছে। ‘ব্যাকরুমস’-এর মতো কোনও ছবি যখন শুধু বিদেশের বাজারেই ২০ কোটি ডলারের বেশি ব্যবসা করে, তখন সেই বিপুল সাফল্যের পুরো আর্থিক সুফল এ২৪-এর ঘরে আসে না।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে ফেঙ্কেল ও ক্যাট্জ সম্ভাব্য অংশীদারের সন্ধানে বিশ্বের নানা প্রান্তে ঘুরছেন। লক্ষ্য, বিদেশের বাজারে নিজেদের ঘাঁটি আরও শক্ত করা। তাঁরা এমন সব প্রযোজনা-দল খুঁজছেন, যারা নিজেদের দেশের ভাষায় ছবি তৈরি করে, অথচ যাদের ছবির রুচি ও সৃজনশীল ভাবনার সঙ্গে আমেরিকার এ২৪-এর মিল রয়েছে।
বিদেশের শাখাগুলির হাতে সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়ার ঝুঁকি অবশ্য আছে। কিন্তু গোটা আন্তর্জাতিক পরিবেশনা ব্যবস্থা নিজেরা গড়ে তোলার তুলনায় এই পদ্ধতিতে খরচ অনেক কম। দুই প্রতিষ্ঠাতার অবশ্য বিশ্বভ্রমণে বিশেষ আপত্তি আছে বলে মনে হয় না। সংস্থার নামের মধ্যেও ভ্রমণের ছাপ রয়েছে। ইতালির রোম থেকে পাহাড়ি শহর তেরামো যাওয়ার মহাসড়কটির নামই এ২৪।
বড় হলে, বদলাবে কি?
বাজেট যত বাড়বে, এ২৪-এর সামনে তত বড় হয়ে উঠবে আরও একটি চ্যালেঞ্জ। শুধু আমেরিকার দুই উপকূলের সিনেমাপ্রেমীদের নয়, দেশের বাকি অংশের দর্শকদেরও হলে টানতে হবে।
এত দিন সিনেমাপ্রেমী ও নিজস্ব ঘরানার পরিচালকদের কাছে এ২৪-এর আকর্ষণের অন্যতম কারণ ছিল, সবার মন জুগিয়ে ছবি তৈরির বাধ্যবাধকতা তাদের নেই। বরং তাদের সবচেয়ে আলোচিত ছবিগুলির কয়েকটি দর্শকদের রীতিমতো দু’ভাগে ভাগ করে দিয়েছে।
হল থেকে বেরিয়ে দর্শকেরা ছবিটিকে কেমন ভাবে গ্রহণ করছেন, তার ভিত্তিতে তৈরি ‘সিনেমাস্কোর’-এর নম্বর দেখলেই বিষয়টি স্পষ্ট। ‘হেরেডিটারি’ পেয়েছিল ডি প্লাস, অ্যাডাম স্যান্ডলারের ‘আনকাট জেমস’ সি প্লাস এবং ‘ব্যাকরুমস’ বি মাইনাস। অথচ তিনটি ছবির কোনওটিই তৈরি করতে দু’কোটি ডলারের বেশি খরচ হয়নি। তাই ব্যবসা সফল করতে আমেরিকার সংখ্যাগরিষ্ঠ দর্শককে খুশি করার প্রয়োজনও ছিল না।
কিন্তু ‘এলডেন রিং’-এর মতো ২০ কোটি ডলারের ছবি কিংবা আগামী বছর মুক্তি পেতে চলা সাড়ে তিন কোটি ডলারের রক্তাক্ত ভয়ের ছবি ‘স্লেগ্রাউন্ড’-এর ক্ষেত্রে হিসাবটা আলাদা। এ বার দেশের অধিকাংশ দর্শক মুখ ফিরিয়ে নিলে বিপদে পড়তে হবে।
চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রযোজনার সহযোগী অধ্যাপক ট্র্যাভিস নক্সের কথায়, “বাজেট যখন এই পর্যায়ে পৌঁছয়, তখন হলিউডের মতো বয়স ও লিঙ্গের ভিত্তিতে দর্শকদের চারটি ভাগে দেখে প্রত্যেকের কথা ভাবতে হয়। এ২৪-এর পরিচিতি তো চার ধরনের দর্শকের জন্য ছবি তৈরি করে গড়ে ওঠেনি। তারা মূলত দু’টি গোষ্ঠীর পিছনেই সর্বশক্তি দিয়ে ছুটেছে। কিন্তু বাজেট ১০ কোটি ডলার ছাড়িয়ে গেলে ওকলাহোমা আর ইন্ডিয়ানাকে উপেক্ষা করার উপায় নেই।”
ব্র্যান্ডই সবচেয়ে বড় সম্পদ
ছবি, টেলিভিশন সিরিজ় আর ইন্টারনেটে জনপ্রিয় পণ্যসামগ্রীর বাইরেও এ২৪-এর সম্পদের তালিকা বেশ লম্বা। নিউ ইয়র্কের চেরি লেন থিয়েটার এখন তাদের মালিকানাধীন। চলচ্চিত্রকারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম তৈরির উদ্দেশ্যে গুগল ডিপমাইন্ডের কাছ থেকে ৭ কোটি ৫০ লক্ষ ডলারের বিনিয়োগও পেয়েছে সংস্থাটি। যদিও এই উদ্যোগ ঘিরে বিতর্ক রয়েছে।
কোনও দিন এ২৪ বিক্রি হলে এই সম্পদগুলি সংস্থার মূল্যায়ন আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু সম্ভাব্য যে কোনও চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের নিজস্ব ব্র্যান্ড-পরিচয়। নক্সের মতে, এ২৪-এর সবচেয়ে দামি সম্পদই হল তার নাম। সেই নামের টানেই তরুণ দর্শকেরা সিনেমা হলে যান, টেলিভিশনের পর্দার সামনে বসেন। তাঁদের চোখে এ২৪ এখনও কর্পোরেট লোভের প্রতীক নয়।
নক্সের কথায়, “ধরা যাক, কাল অ্যামাজ়ন এ২৪-কে কিনে নিল। সঙ্গে সঙ্গে সেই দর্শকেরা মুখ ফিরিয়ে নেবেন।”
শেষ পর্যন্ত তাই এ২৪-এর সামনে প্রশ্নটা শুধু কত বড় বাজেটের ছবি তৈরি করা যায়, তা নয়। বরং কতটা বড় হওয়ার পরেও নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রাখা সম্ভব? ‘এলডেন রিং’-এর মতোই এ বার নিজেদের ভবিষ্যতের লড়াইটা লড়তে হবে এ২৪-কেও।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।