মেয়ের জন্মদিনে দামি উপহার নয়, বাবার নতুন চেহারাই হোক চমক—এমনটাই চেয়েছিলেন সুরেন্দর বৎস। এক বছর আগে প্রথম বার জিমে পা রেখেছিলেন। এখন ৫৩ বছর বয়সে তাঁর পেটের পেশিতে স্পষ্ট ছ’টি খাঁজ। ব্যবসা, দেশ-বিদেশে সফর, সেমিনার—সব সামলেও কী ভাবে সম্ভব হল এই বদল?
মেয়ের জন্মদিনে এমন কিছু উপহার দিতে চেয়েছিলেন, যা দীর্ঘ দিন মনে থাকবে। গয়না নয়, বেড়াতে যাওয়ার পরিকল্পনাও নয়। সুরেন্দর বৎসের ইচ্ছে ছিল, জন্মদিনে মেয়ে যেন বাবাকে একেবারে নতুন রূপে দেখে। দুই সন্তানের বাবা সুরেন্দর পেশায় ব্যবসায়ী। বছরখানেক আগেও শরীরচর্চার সঙ্গে বিশেষ পরিচয় ছিল না তাঁর। জীবনে প্রথম বার জিমে পা রেখেছিলেন মাত্র এক বছর আগে। আর এখন ৫৩ বছর বয়সে তাঁর পেটের পেশিতে স্পষ্ট সিক্স-প্যাক!
ইনস্টাগ্রামে সুরেন্দরের এই বদলের কাহিনি তুলে ধরেছেন তাঁর ফিটনেস কোচ সাগর আহুজা। তাঁর কথায়, “৫৩ বছর বয়সে অনেক পুরুষই ভাবতে শুরু করেন, এ বার বুঝি একটু একটু করে গতি কমানোর সময় এসেছে। সুরেন্দর কিন্তু ঠিক উল্টোটা করলেন। তাঁর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা মোটেই সন্তোষজনক ছিল না। শরীরে মেদের পরিমাণও ছিল প্রায় ২০ শতাংশ।”
সমস্যা ছিল আরও। ব্যবসার কাজে বছরের অধিকাংশ সময়ই সফরে কাটে সুরেন্দরের। দেশের নানা প্রান্তে সেমিনার করতে হয়। শরীরচর্চা বাদ দেওয়ার অজুহাতের অভাব ছিল না। তার মধ্যেই এক বছরে চারটি দেশ ঘুরেছেন তিনি। কিন্তু ব্যায়ামের রুটিনে ছেদ পড়তে দেননি।
আহুজার দেওয়া হিসাব অনুযায়ী, এক বছরে সুরেন্দরের শরীরে মেদের অনুপাত প্রায় ২০ শতাংশ থেকে কমে ১১ শতাংশে এসেছে। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাও স্বাস্থ্যকর অবস্থায় ফিরেছে বলে জানিয়েছেন তিনি। এখন আগের তুলনায় অনেক বেশি শক্তি পান সুরেন্দর। শরীর হালকা লাগে। বহু বছর পর নিজেকে এতটা তরতাজা ও কর্মক্ষম বলে মনে হচ্ছে তাঁর।
আহুজার কথায়, “৫৩ বছর বয়সে কী কী করা সম্ভব, সে সম্পর্কে নিজের ধারণাটাই পাল্টে ফেলেছেন সুরেন্দর। তিনি সফর করছেন, সেমিনার করছেন, ব্যবসা সামলাচ্ছেন, তার মধ্যেই নিজের স্বাস্থ্যের জন্য সময় বের করছেন। তিনি পেশাদার খেলোয়াড় নন, ফিটনেস ইনফ্লুয়েন্সারও নন। তিনি একজন ব্যবসায়ী, স্বামী ও বাবা। একজন সাধারণ ভারতীয়, যিনি ঠিক করেছেন, বাকি জীবনটা কী ভাবে কাটাবেন, তা বয়সকে ঠিক করে দিতে দেবেন না।”
পঞ্চাশেও সিক্স-প্যাক, কী ভাবে?
পুষ্টিবিদ ও ফিটনেস বিশেষজ্ঞ গরিমা গয়ালের মতে, ৫৩ বছর বয়সেও সিক্স-প্যাক তৈরি করা সম্ভব। তবে তার জন্য শুধু রোজ শয়ে শয়ে ক্রাঞ্চ করলেই হবে না। দু’টি বিষয় একসঙ্গে মাথায় রাখতে হবে—পেটের পেশি তৈরি ও ধরে রাখা এবং শরীরের সামগ্রিক মেদের পরিমাণ কমানো।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই পেশির পরিমাণ কমতে থাকে। শারীরিক পরিশ্রমের অভাব কিংবা পেশির জোর বাড়ানোর ব্যায়াম না করলে এই ক্ষয়ের হার আরও বেড়ে যেতে পারে। তাই পঞ্চাশ পেরোলে শক্তিবর্ধক ব্যায়াম এবং খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখা বিশেষ জরুরি।
স্কোয়াট, ডেডলিফট, পুশ-আপ, পুল-আপের মতো ব্যায়াম এবং বিভিন্ন ধরনের ওজন তোলার অভ্যাস সারা শরীরের পেশি গড়তে সাহায্য করে। অন্য দিকে, প্ল্যাঙ্ক, সাইড প্ল্যাঙ্ক, লেগ রেইজ ও কেবল ক্রাঞ্চ পেটের পেশিকে মজবুত করে। তবে শুধু পেটের ব্যায়াম করে পেটের মেদ আলাদা করে ঝরানো সম্ভব নয়। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি শরীর যত ক্যালরি খরচ করে, খাবার থেকে তার তুলনায় কিছুটা কম ক্যালরি গ্রহণ করলে সামগ্রিক ভাবে মেদ কমতে পারে।
পাতে থাকুক প্রোটিন
গয়ালের মতে, শারীরিক ভাবে সক্রিয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম ওজনের জন্য দৈনিক আনুমানিক ১.২ থেকে ১.৬ গ্রাম প্রোটিন প্রয়োজন হতে পারে। তবে ব্যক্তির শারীরিক অবস্থা, পরিশ্রমের মাত্রা ও শরীরচর্চার লক্ষ্য অনুযায়ী এই পরিমাণ বদলায়।
ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার, পনির, ডাল, সয়াবিন, মুরগির মাংস এবং মাছ প্রোটিনের ভাল উৎস। পর্যাপ্ত প্রোটিন পেলে মেদ কমানোর সময় পেশি ধরে রাখা সহজ হয়। ব্যায়ামের পরে পেশির ক্ষয় সামলে উঠতেও সাহায্য করে।
তবে শুধু প্রোটিন খেলেই চলবে না। খাবারে জটিল শর্করা, উপকারী চর্বি, শাকসবজি ও ফলও রাখতে হবে। আঁশযুক্ত খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্যও ভাল রাখে। বাদাম, বীজ ও বিভিন্ন তেল থেকে শরীর প্রয়োজনীয় চর্বি পায়।
দ্রুত রোগা হওয়ার তাগিদে হঠাৎ খাবারের পরিমাণ অনেকটা কমিয়ে দেওয়া কিংবা কোনও একটি খাদ্যগোষ্ঠী পুরোপুরি বাদ দেওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। এতে পেশি ক্ষয় ও পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। ব্যায়ামের পরে শরীরের সেরে উঠতেও বেশি সময় লাগে।
জিমের বাইরেও নজর দিন
শুধু ব্যায়াম আর খাবার নয়, বিশ্রামও সমান গুরুত্বপূর্ণ। গয়ালের মতে, প্রতিদিন সাত থেকে ন’ঘণ্টা ঘুম, পর্যাপ্ত জল পান, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর পর দু’টি ব্যায়ামের মাঝে শরীরকে সেরে ওঠার সময় দেওয়া জরুরি।
শক্তিবর্ধক ব্যায়ামের পাশাপাশি দ্রুত হাঁটা, সাঁতার কিংবা সাইকেল চালানোর অভ্যাস করলে হৃদ্যন্ত্রের কর্মক্ষমতাও বাড়ে। অর্থাৎ, লক্ষ্য শুধু পেটের পেশির খাঁজ স্পষ্ট করা নয়, শরীরকে ভিতর থেকেও শক্তিশালী করে তোলা।
তবে সুস্বাস্থ্যের একমাত্র মাপকাঠি সিক্স-প্যাক নয়, সতর্ক করেছেন গয়াল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেদের অনুপাত অত্যন্ত কমিয়ে ফেলা সকলের জন্য প্রয়োজনীয় নয়। অনেকের পক্ষে তা দীর্ঘ দিন ধরে রাখাও কঠিন। পেশির জোর, হাড়ের স্বাস্থ্য, রক্তপরীক্ষার ফলাফল এবং দৈনন্দিন কাজকর্ম কতটা স্বচ্ছন্দে করতে পারছেন, সেগুলিও সুস্থতার গুরুত্বপূর্ণ সূচক।
তাই পঞ্চাশ পেরিয়ে শরীর বদলাতে চাইলে লক্ষ্য হওয়া উচিত বাস্তবসম্মত। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম—এই তিনের ধারাবাহিক অভ্যাসেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি ও কর্মক্ষমতা বাড়ানো সম্ভব।
নতুন কোনও ব্যায়াম বা খাদ্যাভ্যাস শুরু করার আগে নিজের চিকিৎসকের পরামর্শ নিন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।