কৃতি শ্যাননের ফিটনেস রুটিনে শুধু ওজন তোলা নয়, রয়েছে নিতম্ব ও পেটের পেশি মজবুত করার নানা ব্যায়ামও। সম্প্রতি ‘ককটেল ২’-এর অভিনেত্রীর শরীরচর্চার একটি ঝলক ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তাঁর প্রশিক্ষক করণ সাহনি। হিপ থ্রাস্ট, রাশিয়ান টুইস্ট, লাঞ্জ, স্কোয়াট থেকে শুরু করে রেজিস্ট্যান্স ব্যান্ডের ব্যায়াম—সবই রয়েছে সেই তালিকায়। কিন্তু নিতম্ব ও পেটের পেশিকে একসঙ্গে শক্তিশালী করার প্রয়োজন কী? তাতে শরীরেরই বা কী লাভ?

মুম্বইয়ের জসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ফিজিয়োথেরাপিস্ট ডা. সুপ্রিয়া পাটিল ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, নিতম্ব ও পেটের পেশি একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে। পেলভিস বা শ্রোণি স্থির রাখা, মেরুদণ্ডকে সাপোর্ট দেওয়া এবং শরীরের বিভিন্ন অংশের নড়াচড়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই দুই পেশিগোষ্ঠীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

নিতম্বের পেশি কেন মজবুত করবেন?

নিতম্বের পেশিগোষ্ঠীকে একসঙ্গে বলা হয় ‘গ্লুটস’। এর প্রধান তিনটি পেশি হল গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস। হাঁটা, দৌড়োনো কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় এই পেশিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঊরু পিছনের দিকে সরানো, পা দু’দিকে ছড়ানো এবং এক পায়ে দাঁড়ানোর সময় পেলভিসের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এগুলি।

ডা. পাটিলের মতে, গ্লুটস শক্তিশালী হলে দৈনন্দিন চলাফেরা অনেকটাই সহজ হয়। স্কোয়াট, হিপ থ্রাস্ট, লাঞ্জ, ডেডলিফট এবং স্টেপ-আপের মতো ব্যায়াম নিতম্বের পেশি মজবুত করতে কার্যকর।

পেটের পেশি মানেই শুধু অ্যাবস নয়!

পেটের পেশির কথা উঠলেই অনেকের প্রথমে মনে পড়ে সিক্স প্যাকের কথা। কিন্তু পেটের পেশির কাজ শুধু পেটের উপরিভাগকে সুগঠিত করে তোলা নয়। রেক্টাস অ্যাবডোমিনিসের পাশাপাশি পেটের দু’পাশের তির্যক পেশি বা অবলিকস এবং গভীরের ট্রান্সভার্স অ্যাবডোমিনিসও শরীরের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ।

ডা. পাটিল জানিয়েছেন, এই পেশিগুলি ধড়কে স্থির রাখে, মেরুদণ্ডের নড়াচড়া নিয়ন্ত্রণ করে এবং শরীরের উপর ও নীচের অংশের মধ্যে বলের আদানপ্রদানে সাহায্য করে। ফলে কোর বা শরীরের মধ্যভাগ শক্তিশালী হলে হাঁটাচলা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক কাজে ভারসাম্য ও সমন্বয় বজায় রাখা সহজ হয়।

ব্যায়ামে ভুল নয়!

নিতম্ব ও পেটের পেশি শক্তিশালী করতে চাইলেই একসঙ্গে ভারী ওজন নিয়ে ব্যায়াম শুরু করা উচিত নয়। কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

  • আগে ভঙ্গি, পরে ওজন: নতুনদের প্রথমে নিজের শরীরের ওজন ব্যবহার করেই ব্যায়ামের সঠিক কৌশল রপ্ত করা উচিত। তার পর ধীরে ধীরে রেজিস্ট্যান্স ব্যান্ড, ডাম্বেল কিংবা ভারী ওজন যোগ করা যায়। ভুল ভঙ্গিতে ব্যায়াম করলে পেশিতে টান ধরতে পারে, অস্থিসন্ধিতেও চাপ পড়তে পারে।

  • নিয়ন্ত্রণে থাকুক শরীরের নড়াচড়া: ব্যায়ামের সময় মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক বজায় রাখুন এবং পেটের পেশি সক্রিয় রাখুন। বিশেষ করে গ্লুট ব্রিজ বা হিপ থ্রাস্ট করার সময় নিতম্ব তুলতে গিয়ে কোমর অতিরিক্ত বাঁকাবেন না। ঝাঁকুনি দিয়ে বা শরীর দুলিয়ে ব্যায়াম শেষ করার চেষ্টা করাও ঠিক নয়।

  • ওয়ার্ম-আপ ও বিশ্রাম জরুরি: ব্যায়াম শুরুর আগে পাঁচ থেকে দশ মিনিট হালকা কার্ডিয়ো করুন। নিতম্বের সন্ধি সচল রাখার কিছু ব্যায়াম এবং গতিশীল স্ট্রেচিংও করতে পারেন। পাশাপাশি শক্তি বাড়ানোর দু’টি সেশনের মাঝখানে পেশিকে পর্যাপ্ত বিশ্রাম দিন।

কোমরের নীচের দিকে আগে থেকে ব্যথা থাকলে, নিতম্ব বা হাঁটুতে চোট থাকলে কিংবা পেলভিক ফ্লোরের পেশিতে সমস্যা থাকলে কঠিন ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। পেটে অস্ত্রোপচার হয়ে থাকলে বা গর্ভাবস্থাজনিত কোনও জটিলতা থাকলেও ব্যক্তিগত মূল্যায়ন প্রয়োজন।

ডা. পাটিলের মতে, পেশি মজবুত করার ক্ষেত্রে রাতারাতি ফল পাওয়ার চেয়ে নিয়মিত শরীরচর্চা, সঠিক কৌশল এবং নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়াম বেছে নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।