বিচারকের আসনে ২০ জন তারকা। তাঁদের সামনে নিজেদের ব্যবসার ভাবনা তুলে ধরবেন ফ্যাশন দুনিয়ার ২০ জন উদ্যোক্তা। বাজি ১০০ কোটি টাকার বিনিয়োগ। ফ্যাশন রিয়্যালিটি শো ‘পিচ টু গেট রিচ’-এর দ্বিতীয় সিজনের টিজ়ারেই বোঝা যাচ্ছে, লড়াই এ বার জমবে। তার ফাঁকে খোঁচা দিতেও ছাড়ছেন না বিচারকেরা। এমনকি নিজেকেও খোঁচা দিয়েছেন করণ জোহর।

টিজ়ারে মালাইকা অরোরাকে সোজাসাপটা রায় দিতে শোনা গেল, “এত খারাপ পিচ আর দেখিনি!” আর করণের মুখে সেই চেনা আত্মপরিহাস, “মেরি রেপুটেশন হি নেপোটিজ়ম হ্যায়”—অর্থাৎ, “স্বজনপোষণেই তো আমার খ্যাতি!” ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ থেকে পরিচিত অশনীর গ্রোভারের মুখেও বাঁকা কথা, “তোর গায়ে জেন জ়ি-র অভিশাপ লাগবে!”

সাজপোশাকে ঝলমলে চাকচিক্য বরাবরই পছন্দ করণের। অক্ষয় কুমার আবার ফ্যাশনের সঙ্গে আরামটুকুও চান। টিজ়ারে তাঁর গলায় বাঁধা খাদির ব্যান্ডানা। সেই সাজেই তিনি বোঝাচ্ছেন হাতে বোনা খাদির গুরুত্ব। করণ, অক্ষয় ও মালাইকা ছাড়াও এ বারের বিচারকদের মধ্যে রয়েছেন মাসাবা গুপ্তা, জ়িনাত আমন, শালিনী পাসি, শ্রীলীলা, উরফি জাভেদ ও আনাইতা শ্রফ আদাজানিয়া।

প্রথম সিজনেও ছিলেন অক্ষয়। এক বিবৃতিতে তিনি বলেছেন, “ফ্যাশন দুনিয়ায় এমন অনেক মানুষ আছেন, যাঁদের নজর চমৎকার, ভাবনাও দারুণ। কিন্তু ব্যবসা দাঁড় করানো একেবারে অন্য খেলা। ‘পিচ টু গেট রিচ’-এ আমার সবচেয়ে ভাল লাগে সেই মুহূর্তটা, যখন কাউকে নিজের ভাবনা সবার সামনে মেলে ধরতে হয়, আর অন্যদেরও সেই ভাবনায় বিশ্বাস করাতে হয়। দ্বিতীয় সিজনে বেশ কিছু চমৎকার গল্প আছে। আমার মনে হয়, দর্শকেরা এ বার আলোচনা করার মতো অনেক কিছু পাবেন।”

‘পিচ টু গেট রিচ’-এর দ্বিতীয় সিজন শুরু হবে ৪ ডিসেম্বর, ২০২৬। দেখা যাবে জিওহটস্টারে।