পার্কের একটি বারে ঝুলে রয়েছেন মিলিন্দ সোমন। ধীরে ধীরে শরীর টেনে তুলছেন উপরের দিকে। তার পর একই রকম নিয়ন্ত্রণে নামিয়ে আনছেন শরীর। গোটা ব্যায়াম শেষ করতে সময় লাগছে মাত্র এক মিনিট! সম্প্রতি পুল-আপের এই ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেতা ও ফিটনেসপ্রেমী মিলিন্দ। অনুরাগীদের উদ্দেশে মজার প্রশ্নও ছুড়ে দিয়েছেন, “একটা হাতে বোধহয় অন্যটার চেয়ে জোর বেশি। বলতে পারেন, কোনটায়?”

ভিডিয়োর সঙ্গে নিজের শরীরচর্চার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন মিলিন্দ। লিখেছেন, “প্রতিটা দিনই হয়ে উঠুক ভাল কিছুর উদ্‌যাপন। আজকের এক মিনিটের ব্যায়ামগুলোর একটা। ওঠার সময় তিরিশ, নামার সময় তিরিশ। মনে মনে গুনছি আর আমার প্রিয় একটা মন্ত্র জপ করছি।”

মিলিন্দের এই শরীরচর্চার ভিডিয়ো প্রসঙ্গে পুষ্টিবিদ ও ফিটনেস বিশেষজ্ঞ গরিমা গয়ালের বক্তব্য, সুস্থ থাকতে জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর প্রয়োজন নেই। ব্যায়ামের রুটিনও হতে হবে না জটিল। বরং দীর্ঘদিন সুস্থ থাকার চাবিকাঠি হল নিয়মিত শরীরচর্চা এবং এমন কিছু অভ্যাস তৈরি করা, যা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব।

পুল-আপে জোর বাড়ে কোথায়?

পুল-আপ শরীরের উপরিভাগের একাধিক পেশিকে একসঙ্গে সক্রিয় করে। দু’হাতে আড়াআড়ি একটি বার ধরে শরীরকে টেনে তুলতে হয়, যতক্ষণ না থুতনি বারের কাছাকাছি পৌঁছয় বা বার ছাড়িয়ে যায়। তার পর শরীরের গতি নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে নীচে নামতে হয়।

গরিমা জানাচ্ছেন, এই ব্যায়ামে মূলত পিঠের দু’পাশের বড় পেশি ‘ল্যাটিসিমাস ডরসাই’, বাহুর বাইসেপস, কাঁধের ফলকের মাঝের রম্বয়েড পেশি এবং কাঁধ ও পিঠের উপরিভাগের অন্যান্য পেশি কাজ করে। শরীরকে স্থির রাখার জন্য সক্রিয় থাকে পেট ও ধড়ের পেশিও।

তবে পুল-আপের আসল কৌশল শুধু শরীরকে উপরে তোলায় নয়, নিয়ন্ত্রণ রেখে নীচে নামাতেও। ওঠার সময় মাধ্যাকর্ষণের বিরুদ্ধে নিজের শরীরের ওজন টেনে তুলতে হয়। আবার নামার সময়ও পেশিকে সক্রিয় রেখে ধীরে ধীরে শরীরের ভার ছাড়তে হয়। এই পর্যায়ে পেশি লম্বা হতে থাকলেও তার উপর নিয়ন্ত্রণ বজায় থাকে। ফলে পেশির শক্তি ও নড়াচড়ার নিয়ন্ত্রণ, দুটোই বাড়তে পারে।

তবে যথেষ্ট শক্তি ও সঠিক কৌশল তৈরি না হওয়া পর্যন্ত একটানা অনেকগুলি পুল-আপ করার চেষ্টা করা উচিত নয়। প্রতিবার ওঠা-নামার সময় শরীরের ভঙ্গি ঠিক রাখাই বেশি জরুরি।

পঞ্চাশের পর ফিটনেসের ফর্মুলা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির পরিমাণ ও শক্তি ধীরে ধীরে কমতে থাকে। কমতে পারে শারীরিক সহনশীলতাও। তাই পঞ্চাশের পর নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন গরিমা। পেশির শক্তি ধরে রাখতে পারলে চলাফেরা সহজ হয়, ভারসাম্য বজায় থাকে এবং হাড়ের স্বাস্থ্যও ভাল থাকে। বয়স বাড়লেও নিজের দৈনন্দিন কাজকর্ম স্বচ্ছন্দে করতে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাঁটা, জগিং, দৌড়, সাইকেল চালানো কিংবা সাঁতার—হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভাল রাখতে এবং শরীরের সহনশক্তি বাড়াতে সাহায্য করে। তবে শুধু কার্ডিয়ো করলেই চলবে না। পেশির শক্তি ধরে রাখতে স্কোয়াট, লাঞ্জ, পুশ-আপ, প্ল্যাঙ্ক এবং ওজন নিয়ে ব্যায়ামও রুটিনে রাখা জরুরি। পাশাপাশি ভারসাম্য ও নমনীয়তা বাড়ানোর অনুশীলন চলাফেরা সহজ করে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে পারে।

বিশ্রামও ব্যায়ামের অংশ

শরীরচর্চা করলেই হবে না, পেশিকে সেরে ওঠার সময়ও দিতে হবে। গরিমার পরামর্শ, পর্যাপ্ত জল পান, প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম এবং পরিশ্রমসাধ্য দু’টি ব্যায়ামের সেশনের মাঝে যথেষ্ট বিশ্রাম জরুরি। এতে পেশি পুনরুদ্ধারের সুযোগ পায়, বজায় থাকে শরীরের কর্মক্ষমতাও। দীর্ঘক্ষণ একটানা বসে না থেকে কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটাচলা করাও উপকারী।

তা হলে ফিটনেসের আসল মাপকাঠি কী? শুধু ওজন কত, পেশি কতটা ফুটে উঠেছে কিংবা কত দূর দৌড়তে পারেন—এগুলি দিয়ে শরীরের সুস্থতা বিচার করা যায় না। গরিমার মতে, পেশির শক্তি, হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য, শরীরের নমনীয়তা, বিপাকীয় স্বাস্থ্যের বিভিন্ন সূচক এবং দৈনন্দিন কাজ নিজে করতে পারার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

নতুন কোনও ব্যায়ামের রুটিন শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।