ইংরেজি নতুন বছরেই নিউ টাউনের ইকো পার্কের (Eco Park) মিনি জু ‘হরিণালয়’-এ আসতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি এবার নিউ টাউনেও মিলবে দক্ষিণরায়ের দর্শন। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। শিলিগুড়ির 'বেঙ্গল সাফারি' থেকে বাঘটিকে ইকো পার্কে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে এবং আগামী ১ জানুয়ারি ২০২৭-কে টার্গেট ধরে কাজ এগোচ্ছে বনদপ্তর।

ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির ওপর গড়ে ওঠা 'হরিণালয়'-এ বাঘের জন্য বিশেষ এনক্লোজার ইতিধ্যেই তৈরি করা হয়েছে। এই এনক্লোজারের ৭০ শতাংশের বেশি অংশই খোলা রাখা হচ্ছে, যাতে বাঘটি স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি তার বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে আলাদা সুব্যবস্থাও। হরিণ, জিরাফ, কুমির এবং ম্যাকাওয়ের পর এবার বাঘের সংযোজন হরিণালয়ের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে ঝাড়গ্রাম টাইগার সাফারিতেও চারটি নতুন বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বনদপ্তর। এই বাঘগুলিকেও শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকেই নিয়ে আসা হবে। নতুন বছরে ইকো পার্কে বাঘ আসার খবরে উচ্ছ্বসিত নিউ টাউনবাসী তথা গোটা কলকাতার পর্যটকরা।