নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচির দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। তার কয়েক ঘণ্টা আগে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। অন্য দিকে, মঙ্গলবার সকালে ঢাকায় যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

টুঙ্গিপাড়ায় ধাওয়া-পাল্টাধাওয়া, আহত পুলিশকর্মীরা

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ছিলেন। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। সেই সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ঘটনার পর ওই এলাকায় প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে তাঁর বক্তব্য।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক ঘণ্টা আটকে যান চলাচল

সোমবার গভীর রাতে, মঙ্গলবার ভোর হওয়ার আগে, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় বিক্ষোভ শুরু হয়। বাংলা ট্রিবিউনের খবর, রাত দেড়টা নাগাদ পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বৈঠা নিয়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। দাঁড়িয়ে থাকা দু’টি ট্রাক ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অবরোধে দু’দিকেই প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সেতু ও সংলগ্ন রাস্তায় কয়েকশো গাড়ি আটকে পড়ে। জেলা ও হাইওয়ে পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে রাত আড়াইটে নাগাদ যান চলাচল ফের শুরু হয়। ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ঢাকায় সকালে যান চলাচল স্বাভাবিক, দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ

মঙ্গলবার সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির সংবাদমাধ্যম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুর সোয়া দু’টো নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও শ্যাডো এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণের খবর দেয় কালবেলা। তাদের প্রতিবেদন অনুযায়ী, এক জন আহত হন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিয়ে পুলিশের নিশ্চিত বক্তব্য ওই প্রতিবেদনে ছিল না।

ঢাকায় বাসে আগুনের ঘটনাগুলি ঘটে কর্মসূচির আগের দিন, সোমবার। সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নীচে একটি বাসে আগুন লাগার পর স্টেশনটি প্রায় আধ ঘণ্টা বন্ধ রাখা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্টেশন ফের চালু হয়। পরে রাত সোয়া ৯টা নাগাদ মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল লাইনের নীচে দাঁড় করানো বসুমতি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা, বনানী ও মহাখালী-সহ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া যায়।

খাগড়াছড়িতে দাঁড় করানো জিপে আগুন

মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে দাঁড় করানো একটি জিপে আগুন লাগে। পাহাড়ি এলাকায় এ ধরনের জিপ ‘চাঁদের গাড়ি’ নামে পরিচিত। খবর পেয়ে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি সদর থানার পুলিশের প্রাথমিক ধারণা, গাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শনিবার রাতে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় দাঁড় করানো একটি বিআরটিসি বাসেও আগুন লাগে। সেই ঘটনায় বাসের চালক মামলা করেন। মঙ্গলবারের জিপে আগুনের সঙ্গে ছাত্রলীগের কর্মসূচির যোগ রয়েছে কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।

কী ছিল কর্মসূচির ডাক

মঙ্গলবার দেশজুড়ে অবরোধের ডাক সমাজমাধ্যমে দিয়েছিল ছাত্রলীগ। সংগঠনের বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের দাবি জানানো হয়। সরকারি-বেসরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও পরিবহণ বন্ধ রাখার আহ্বানও ছিল। জরুরি পরিষেবা ও সংবাদমাধ্যমকে কর্মসূচির বাইরে রাখার কথা জানানো হয়। ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়।