ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা। সেই ঘোষণার পর এ বার তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠালেন লন্ডনের আইনজীবীরা। ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের জবাব, প্রাক্তন প্রধানমন্ত্রী সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারকে বলুন তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি খতিয়ে দেখছে সরকার।

সোমবার, ৯ নভেম্বর, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে ইমেলটি পাঠায় লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্স। আইনজীবীদের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল বলে তাঁরা জেনেছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের অধীনে রাষ্ট্রের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তাঁরা দ্রুত নতুন নথি দেওয়ার অনুরোধ করেছেন। চিঠিতে অবশ্য হাসিনা কবে বা কোথায় যেতে চান, তার উল্লেখ নেই।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান ইমেল পাওয়ার কথা জানিয়েছেন। হাইকমিশনের বক্তব্য, ম্যাট্রিক্স চেম্বার্স নিজেদের হাসিনার আইনজীবী বলে পরিচয় দিয়েছে। কিন্তু তাঁর হয়ে আবেদন করার জন্য হাসিনা ওই সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, এমন কোনও স্বাক্ষরিত অনুমতিপত্র ইমেলের সঙ্গে ছিল না। হাইকমিশন চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেলিভিশনের পর্দায় তিনিও খবরটি দেখেছেন। তাঁর বক্তব্য, ততক্ষণে তিনি নিজে আবেদনের সত্যতা যাচাই করার সুযোগ পাননি। সালাহউদ্দিনের কথায়, আবেদনটি যথাযথ ভাবে জমা পড়েছে কি না এবং দণ্ডিত অবস্থায় হাসিনার এই নথি চাওয়ার আইনি অধিকার আছে কি না, দেখবে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। এ ক্ষেত্রে পাসপোর্ট, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আইনের বিধানগুলি বিবেচনা করা হবে। তিনি মনে করিয়ে দেন, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে আগেই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অবশ্য পাসপোর্ট দেওয়ার প্রস্তাব সরাসরি খারিজ করেছেন। তাঁর বক্তব্য, যে ব্যক্তিকে বাংলাদেশের আদালত সাজা দিয়েছে এবং যিনি বিদেশে রয়েছেন, তাঁকে সাধারণ যাত্রীর মতো পাসপোর্ট দিয়ে দেশে ফেরানোর যুক্তি নেই। যে কেউ আইনজীবী নিয়োগ করে সরকারের কাছে আর্জি জানাতে পারেন। কিন্তু আর্জি জানালেই পাসপোর্ট পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে আসেন হাসিনা। তার পর থেকে তিনি এ দেশেই আছেন। আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর বিচার হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে সম্প্রতি তিনি বলেছেন, মৃত্যু যদি তাঁর নিয়তি হয়, তবে নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যেই তিনি মরতে চান।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে অভিহিত করেছেন। তাঁর ধারণা, হাসিনা ফিরবেন না। রয়টার্সের খবর অনুযায়ী, দু’বছর আগে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে হাসিনার তরফে এই প্রথম কোনও আনুষ্ঠানিক যোগাযোগের কথা প্রকাশ্যে এল।

ঢাকা প্রথম আনুষ্ঠানিক ভাবে হাসিনাকে ফেরত চেয়েছিল ২০২৪ সালের ২৩ ডিসেম্বর। তখনও তাঁর বিচার বাকি। মৃত্যুদণ্ড ঘোষণার পরে ২০২৫ সালের নভেম্বরে ফের দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ। এ বছরের জুলাইয়ে ভারতের বিদেশ মন্ত্রক সংসদীয় কমিটিকে জানায়, দেশের আইন ও প্রচলিত পদ্ধতি মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকার অনুরোধ বিবেচনা করছে। সোমবারের চিঠি নিয়ে ভারতের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডিসেম্বরে ঠিক কবে হাসিনা ফিরতে চান, তা-ও এখনও অনিশ্চিত। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁরা দিন ঘোষণা করবেন।