জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট অডিও-বার্তায় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায়ই ঝটিকা মিছিল করছেন নেতাকর্মীরা। অনেক সময় হামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটছে।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) ‘হাসিনার দেশে ফেরা নিয়ে তার পক্ষে নতুন পাসপোর্টের জন্য আবেদনের’ খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীলরা এ প্রসঙ্গে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত কয়েক দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি জাতীয় সংসদের অধিবেশনেও শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাকে প্রতিহত করার সক্ষমতা চেয়ে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা-বিতর্কে জড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?
‘হাসিনা দেশে ফিরতে চাইলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার’
কার্যক্রম নিষিদ্ধি থাকলেও দেশের রাজনীতিতে ঘুরেফিরে আলোচনায় আসছে আওয়ামী লীগ। বিশেষ করে ডিসেম্বরে দলটির নেত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে? তিনি আসলে কোন প্রক্রিয়ায় আসবেন? এ নিয়েও বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। আবার এই মুহূর্তে দলটির প্রধান নেত্রী দেশে আসলে কী হবে? আবার না আসলেই-বা কী হবে?
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন।
একই দিন দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে তার ফেরার দিবাস্বপ্ন সফল হবে না।’
ক্ষমতাসীন দলের দায়িত্বশীলদের এমন বক্তব্যের বিষয়ে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরোনো দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় থাকতে চাইবে না। তারা নড়াচড়া করতে চাইবে—এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আবার বিএনপি এবং জামায়াতও তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বীকে কিছুটা কোণঠাসা করে রাখতে চাইবে। সহজে ফিরে আসতে দিতে চাইবে না। এটা রাজনীতির ক্ষমতার খেলা।’
তিনি বলেন, ‘তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকবে। আওয়ামী লীগ ফিরতে চাইবে, আর তারা ফিরতে দিতে চাইবে না। এতে করে দেশে কিছুটা অস্থিরতা ও অনিশ্চয়তা থাকবে। এই পরিস্থিতি মেনে নিতে হবে।’
রাজনৈতিক ভাষ্যকার আলতাফ পারভেজের মতে, ‘রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে এলেই যে আমরা নতুন বা উন্নত কোনও রাজনীতি পাবো, তা-ও নয়। আবার তারা ফিরে না এলেই যে আমরা খুব স্বর্গে থাকবো, তাও নয়।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগের আসা বা না আসা— দুটোই একই বিষয়। বিএনপির অধীনে থাকা যেমন, আওয়ামী লীগের অধীনে থাকাও তেমন। এখানে বাংলাদেশের মৌলিক কোনও পরিবর্তনের বিষয় নেই। অর্থাৎ আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি— জিরো পয়েন্টেই আছি।’
ককটেল, বাসে আগুন: জনমনে আতঙ্ক
গত কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরকারি বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব নাশকতার ঘটনা ঘটে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ৮ ও ৯ নভেম্বর পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনীতির উত্তপ্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করেন কেউ কেউ। আবার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
পুলিশের দাবি, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ককটেল বিস্ফোরণে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এতে কারা জড়িত বা আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার সঙ্গে এর যোগসূত্র আছে কি না, তা সরকারকেই খুঁজে বের করতে হবে।’ পাশাপাশি তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান।
আওয়ামী লীগ সত্যিই কি ফিরবে?
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতির উত্তপ্ত ময়দানে ও দলটির নেতাকর্মীদের তৎপরতাকে ঘিরে প্রশ্ন ওঠেছে— সত্যিই কি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে আওয়ামী লীগ? বর্তমান বাস্তবতায় এটি সম্ভব কি না, জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে শেখ হাসিনা আসবেন না। আর আসলেও তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আসবেন এবং ফাঁসির মঞ্চে যাবেন।’
তার মতে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে যে ধরনের অমানবিক আচরণ করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে প্রতিহত করবে। তা তিনিও ভালো করেই জানেন। তাই তিনি আসবেন না। কিন্তু যে ধরনের হুমকি দিচ্ছেন, তা শুধু ফাঁকা আওয়াজ। নেতাকর্মীদের উজ্জীবিত করতেই তিনি এসব কথা বলছেন।
একই ধরনের কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কোনও ডিসেম্বরেই ‘আপার’ দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।’ রবিবার (৮ নভেম্বর) নোয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে শেখ হাসিনা তো এ ধরনের হুমকি-ধমকি সব সময়ই দিয়ে আসছেন। তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি চাইলেই চট করে ঢুকে পরবেন— আর তার দল আওয়ামী লীগ আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে, বিষয়টি এত সহজ নয়। আমরা মনে করি, তিনি আসবেন না। আর জোর করে আসতে চাইলেও দেশের মানুষ তাকে প্রতিহত করবে।’
যেভাবে কার্যক্রম নিষিদ্ধ হয়
মূলত, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫ সালের ১১ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আর ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের এ সংক্রান্ত অধ্যাদেশের সিদ্ধান্ত বহাল রাখে সরকার।
এতে বলা হয়, ‘সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনও সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ।’ এর বাইরেও দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন
সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের প্রথম আবেদন।
তবে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনি প্রতিষ্ঠান থেকে ই-মেইলের মাধ্যমে আবেদনটি করা হয়েছে বলে জানানো হয়েছে।
হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমোদনপত্র বা অথরাইজেশন-সংক্রান্ত প্রমাণ সংযুক্ত ছিল না। ফলে আবেদনটি তার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আবেদনের সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করছে সরকার। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।
প্রত্যর্পণ চুক্তি ও সরকারের অবস্থান
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।
আজ ছাত্রলীগের হরতাল
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ।
গত ৮ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ছাত্রলীগের দাবির মধ্যে রয়েছে— আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি।
এ ছাড়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল, সনদপত্র ফিরিয়ে দেওয়া এবং ক্লাস, পরীক্ষা ও আবাসনের সুযোগ নিশ্চিত করার দাবিও তুলেছে সংগঠনটি।
বিদ্যুৎ, তেল, গ্যাস, পানি ও সারের দাম কমানো এবং এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবিও এসেছে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিও তুলেছে ছাত্রলীগ।
ধর্মঘটের সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস, এবং গণমাধ্যম এর আওতার বাইরে থাকবে।
যুবলীগের সমর্থন
ছাত্রলীগের হরতালের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শরীয়তপুরে শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দী নেতাদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাজধানীতে আরও গ্রেপ্তার
ডিএমপির তথ্য অনুযায়ী, রোববার রাত পৌনে ২টার দিকে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সদস্য।
এ ছাড়া দারুস সালাম এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজন, ডিবি পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া রোববার রাত ১টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লব খান নামে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দেখা গেছে, ছাত্রলীগ মঙ্গলবার সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এ কর্মসূচিকে সামনে রেখে কয়েক দিন ধরে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।
পুলিশের প্রস্তুতি
হরতাল ও নাশকতার শঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলো পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনা
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, হামলা ও গ্রেফতারের ঘটনা বেড়েছে।
কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তন, পাসপোর্ট আবেদন ও ককটেল বিস্ফোরণ নিয়ে ব্যাপক আলোচনা-বিতর্ক চলছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, পাসপোর্ট আবেদন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সরকার, বিরোধী দল ও আওয়ামী লীগ—সবার অবস্থান ও কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি।
জুলাই আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। শেখ হাসিনার প্রত্যাবর্তন, পাসপোর্ট আবেদন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ।
ভবিষ্যতে কী হবে, তা নির্ভর করবে সরকার, বিরোধী দল ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর।
সূত্র: বিবিসি, প্রথম আলো, রয়টার্স, ডিডাব্লিউ, দৈনিক জনকণ্ঠ, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য সান ২৪, ঢাকা পোস্ট ও বাংলা ট্রিবিউন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।