এনভিডিয়ার প্রাক্তন প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কথিত সম্পর্ক এবং চিনে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ পৌঁছনো নিয়ে উদ্বেগের জেরে আলোচনার কেন্দ্রে এসেছেন অ্যালিস হুয়াং। এ বার সামনে এল, অ্যালিস ও তাঁর স্বামী, চিনা ব্যবসায়ী কাং ওয়েই, সমান্তরাল ভাবে এমন সব ব্যবসায়িক উদ্যোগের পিছনে ছুটছিলেন, যার সঙ্গে জড়িয়ে ছিল আমেরিকা ও চিনের প্রযুক্তিগত আধিপত্যের লড়াই।

চিনের প্রকাশ্য নথিপত্র খতিয়ে জানা গিয়েছে, অ্যালিস যখন সিঙ্গাপুরে অবস্থিত তাঁর সংস্থা মেগাস্পিডের মাধ্যমে এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ পাওয়ার চেষ্টা করছিলেন, তখন কাং চিনজুড়ে সরকারি সমর্থনপুষ্ট ডেটা সেন্টারের একটি নেটওয়ার্ক গড়ে তুলছিলেন।

অনুসন্ধানে কাংয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের ব্যাপ্তি সামনে এসেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রকল্পগুলিতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৯০০ কোটি ডলারেরও বেশি। চিনের সরকারি আধিকারিকেরা এই প্রকল্পগুলির কয়েকটিকে দেশের কম্পিউটিং পরিকাঠামো সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ বলে বর্ণনা করেছিলেন।

এই তথ্য দেখাচ্ছে, ওয়াশিংটন যখন উন্নত মার্কিন এআই হার্ডওয়্যার পাওয়ার ক্ষেত্রে বেজিংয়ের উপর বিধিনিষেধ চাপাচ্ছিল, তখন ওই দম্পতির ব্যবসায়িক কর্মকাণ্ড চলছিল আমেরিকা-চিন প্রযুক্তিগত বিভাজনের দুই প্রান্তে।

প্রকল্পগুলির বিনিয়োগের অঙ্ক অবশ্য প্রস্তাবিত বা আনুমানিক; ওই পরিমাণ অর্থ বাস্তবে খরচ হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। মেগাস্পিডের হাতে আসা এনভিডিয়ার চিপগুলির সঙ্গে এই প্রকল্পগুলির কোনও প্রতিষ্ঠিত যোগসূত্রও পাওয়া যায়নি।

কাংয়ের ডেটা সেন্টার-জাল

চিনের ডেটা সেন্টার শিল্পে কাংয়ের সংশ্লিষ্টতার সূত্র পাওয়া যায় ২০২১ সালের শেষ দিকে। সেই সময় সাংহাইয়ের সংস্থা সেঞ্চুরি লংটেং এই ব্যবসায়িক নেটওয়ার্কের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হয়ে ওঠে।

নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, তখন সংস্থাটির বিনিয়োগকারীদের মধ্যে ছিল সাংহাইয়ের একটি স্থানীয় সরকারি সংস্থা, যার হাতে ছিল ১০ শতাংশ শেয়ার। কাংয়ের প্রধান ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটালের প্রাইভেট ইকুইটি শাখার সঙ্গে যুক্ত একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে ছিল ২৭ শতাংশ। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল শেনঝেনের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী সেঞ্চুরি হুয়াতং। সংস্থাটি মূলত অনলাইন গেমিং ব্যবসার জন্য পরিচিত।

কাং পরবর্তী সময়ে সেঞ্চুরি লংটেংয়ের একটি নির্বাহী পদে যোগ দেন।

২০২২ সালের গোড়ায় সেঞ্চুরি লংটেং চিনের টেলিযোগাযোগ সংস্থা হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি করে। ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি পরিকাঠামো এবং কম্পিউটিং ক্ষেত্রে সহযোগিতার জন্য এই চুক্তি হয়েছিল। হুয়াওয়ে সে সময় চুক্তির কথা ঘোষণা করে। সংস্থাটির শীর্ষ কর্তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাংও।

আমেরিকা-চিন প্রযুক্তি সংঘাতের প্রেক্ষাপটে এই অংশীদারি তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, তত দিনে ওয়াশিংটন হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত করে দিয়েছিল।

এর পরে চিনের সরকারি উদ্যোগের সমর্থন নিয়ে একাধিক ডেটা সেন্টার প্রকল্পের পরিকল্পনা সামনে আসে।

সবচেয়ে বড় প্রকল্পগুলির একটি ঘোষণা করা হয় ২০২২ সালে, চিনের মধ্য-পূর্বাঞ্চলের শহর উহুতে। সেখানে সেঞ্চুরি লংটেং একটি ইন্টেলিজেন্ট কম্পিউটিং শিল্পপার্ক গড়ে তুলতে সম্মত হয়। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৪৫০ কোটি ডলার।

সরকারি নথি অনুযায়ী, প্রায় ৪১ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে ওই কমপ্লেক্সে আটটি ডেটা সেন্টার ভবন তৈরির পরিকল্পনা ছিল। সেখানে প্রায় ২৪ হাজার সার্ভার র‌্যাক রাখার ব্যবস্থা হওয়ার কথা।

চিনের ‘ইস্ট ডেটা, ওয়েস্ট কম্পিউটিং’ কৌশলের আওতায় প্রকল্পটি বিদ্যুৎ এবং পরিকাঠামোর জন্য সরকারি সহায়তা পায়। এই কৌশলের লক্ষ্য, দেশের বিভিন্ন অঞ্চলে কম্পিউটিং সক্ষমতা ছড়িয়ে দেওয়া।

২০২৬ সালের এপ্রিলের মধ্যে উহুতে প্রায় পাঁচ লক্ষ বর্গফুট আয়তনের অন্তত একটি ভবনের নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে নথিভুক্ত করা হয়েছিল।

২০২৪ সালের জুলাইয়ে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের প্রত্যন্ত অঞ্চল লিয়াংশানে আরও একটি বড় ডেটা সেন্টার প্রকল্পের নির্মাণকাজ শুরুর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কাং। ওই প্রকল্পের আনুমানিক ব্যয় ছিল প্রায় ৫০০ কোটি ডলার। স্থানীয় সরকারের বিবরণে কাংকে সেঞ্চুরি লংটেংয়ের সঙ্গে যুক্ত একটি ডেটা পরিষেবা সংস্থার চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়।

সংস্থার দাখিল করা নথিতে চিনের অন্যতম প্রধান প্রযুক্তিকেন্দ্র শেনঝেনের আরও একটি ডেটা সেন্টার প্রকল্পের সঙ্গে সেঞ্চুরি লংটেংয়ের ব্যবসায়িক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ওই প্রকল্পের বিনিয়োগের অঙ্ক দেওয়া হয়নি।

এনভিডিয়ার চিপের খোঁজে অ্যালিস

কাং যখন চিনে ডেটা সেন্টার ব্যবসায় নিজের উপস্থিতি বাড়াচ্ছিলেন, অ্যালিস তখন এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের একটি সরবরাহপথ গড়ে তোলার চেষ্টা করছিলেন।

আগেই জানা গিয়েছিল, ২০২৩ সালের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানিয়েছিল যে চিনের ই-কমার্স সংস্থা আলিবাবা তাদের অন্যতম প্রধান গ্রাহক হবে। পরবর্তী সময়ে মেগাস্পিড এনভিডিয়ার ‘ক্লাউড পার্টনার’ মর্যাদা পায়। এর ফলে কম্পিউটিং চিপ পাওয়ার ক্ষেত্রে সংস্থাটি অগ্রাধিকার পায়।

মালিকানা পুনর্গঠনের মধ্যে ওই নভেম্বরেই মেগাস্পিডে অ্যালিসের নথিভুক্ত ডিরেক্টর পদের মেয়াদ শেষ হয়। তবে এনভিডিয়ার তৎকালীন প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় ছিল।

২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের একসঙ্গে ছবি তোলা হয়। পরের বছর তাইপের কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনেও তাঁদের একসঙ্গে দেখা যায়। জানা গিয়েছে, কাংই তাঁর স্ত্রীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তাঁদের প্রেমের সম্পর্ক তিনি মেনে নিয়েছিলেন বলেই মনে হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবহিত ব্যক্তিদের বরাতে আরও জানা গিয়েছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার চিপগুলির অন্তত কিছু পরবর্তী সময়ে চিনে পাঠানো হয়েছিল।

বেজিংয়ের প্রযুক্তিগত সক্ষমতা সীমিত করার বৃহত্তর প্রয়াসে আমেরিকা চিনের হাতে উন্নত এআই চিপ পৌঁছনোর উপর বিধিনিষেধ আরোপ করতে চেয়েছে। বিশেষ করে এনভিডিয়ার তৈরি চিপের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই ঘটনাপ্রবাহ নজর কেড়েছে।

২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুনের মধ্যে ওই দম্পতি সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেটা সেন্টার প্রকল্পের প্রস্তাব নিয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা গিয়েছে। বিনিয়োগকারীদের তাঁরা বলেছিলেন, তিন বছরে বিনিয়োগের মূল্য তিন গুণ হতে পারে। এনভিডিয়ার চিপ চিনে নিয়ে যাওয়ার উপায় তাঁদের জানা আছে বলেও তাঁরা আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন।

২০২৫ সালে ওই দম্পতির ব্যবসায়িক কর্মকাণ্ড আরও বেশি নজরদারির মুখে পড়ে।

সার্ভার কেনার বিষয়ে মিথ্যা ঘোষণার সন্দেহে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেগাস্পিড এবং তার কয়েক জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, সে দেশের আইনে ফৌজদারি অপরাধের জন্য অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে তাঁকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। মন্ত্রক জানিয়েছে, মেগাস্পিড এবং আরও ছয় ব্যক্তিকে নিয়ে তদন্ত চলছিল।