ইজরায়েলের পার্লামেন্ট নেসেট মঙ্গলবার নতুন স্পিকার নির্বাচিত করল মাতান কাহানাকে। পরবর্তী সরকার গড়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টা করছেন যে নেতা, সেই গাদি আইজেনকটের ঘনিষ্ঠ কাহানা। তাঁর নির্বাচন বিদায়ী নেতানিয়াহু সরকারের কয়েকটি বিতর্কিত নীতি বদলের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইজেনকটের জোট আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, স্পিকার নির্বাচন হয়ে গেলে তারা সেই কাজে হাত দেবে।
১২০ সদস্যের নেসেটে কাহানা পেয়েছেন ৬৬টি ভোট। ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলির পাশাপাশি আরব নেতৃত্বাধীন দলগুলিও তাঁকে সমর্থন করেছে। সাত ঘণ্টারও বেশি সময় ধরে উত্তপ্ত বিতর্কের পর ভোটাভুটিতে নেতানিয়াহু শিবিরের প্রার্থী অফির কাটজ পান ৫২টি ভোট। স্পিকার পদে নেতানিয়াহুর ঘনিষ্ঠ আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন কাহানা।
ভোটের আগে আইজেনকট বলেন, “নেসেটের স্পিকার পদে মাতান কাহানাকে বসানো গণতন্ত্রের পক্ষে যথার্থ পদক্ষেপ। পরিবর্তনের পক্ষে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।”
গত ২৭ অক্টোবরের সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারান নেতানিয়াহু ও তাঁর শরিকেরা। এর পর ইজরায়েলের প্রেসিডেন্ট নতুন জোট সরকার গড়ার জন্য আইজেনকটকে দায়িত্ব দেন। সরকার গড়তে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার জন্য তাঁর হাতে আর সর্বোচ্চ পাঁচ সপ্তাহ সময় রয়েছে।
জোট গঠনের আলোচনা চলাকালীনই অবশ্য আইন প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে আইজেনকট শিবির। সদ্য শপথ নেওয়া নেসেটে জোটের বাইরে থাকা আরব নেতৃত্বাধীন দলগুলি পাশে থাকলে তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত সপ্তাহেই তারা একাধিক বিল পেশ করেছে। তার মধ্যে রয়েছে এক ব্যক্তি কত দিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার ঘটনা নিয়ে সরকারি তদন্ত শুরু করা এবং বিচার বিভাগের ক্ষমতা খর্ব করেছে এমন আইন বাতিলের প্রস্তাব।
জেরুসালেমের গবেষণা সংস্থা ইজরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের আসাফ শাপিরার মতে, কাহানা স্পিকার হওয়ায় আইন প্রণয়নের ক্ষেত্রে বড় সুবিধা পেল বিরোধী শিবির। তিনি বলেন, “হাতে সময় কম বলেই এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ। নেসেটের স্পিকার চাইলে আইন প্রণয়নের গতি অনেকটা বাড়িয়ে দিতে পারেন, আবার অনেকটা কমিয়েও দিতে পারেন।”
আগামী কয়েক সপ্তাহের মধ্যে অগ্রাধিকারের বিলগুলি এগিয়ে নিয়ে যাওয়ার চাপ রয়েছে আইজেনকট ও তাঁর সহযোগীদের উপর। সরকার গঠন না হওয়া পর্যন্ত নেসেটের কাজকর্মের অনেকটাই ঠিক করে একটি অস্থায়ী কমিটি। তার নেতৃত্বে এখন আইজেনকটের ইয়াশার পার্টির সদস্য রয় ফোকম্যান।
আইজেনকট সরকার গড়তে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সেই সুযোগ দিতে পারেন। সে ক্ষেত্রে অস্থায়ী কমিটির নিয়ন্ত্রণ সম্ভবত চলে যাবে নেতানিয়াহুর লিকুদ পার্টির হাতে। শাপিরার মতে, তখনও নেসেটে নেতানিয়াহুর বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। কিন্তু তাঁদের “মনে হবে, এত দিন যে গতি ছিল, তা হারিয়ে গিয়েছে।” কয়েকটি বিল আটকে যাওয়ারও “বাস্তব আশঙ্কা” তৈরি হবে।
নেসেটের নিজস্ব কার্যপ্রণালীও একটি বাধা। প্রথমে সভায় বিল পেশ করতে হয়। তার পর কমিটিতে তা খতিয়ে দেখা হয়। বিল পাশ করাতে হলে ফের নেসেটে একাধিক দফায় ভোট নিতে হয়। এতগুলি ধাপ পেরিয়ে হাতে থাকা সময়ের মধ্যে বিল পাশ করানো কঠিন হতে পারে।
শাপিরার ধারণা, আইজেনকট ও তাঁর সহযোগীরা প্রথমে বিচারব্যবস্থা সংক্রান্ত কয়েকটি বিতর্কিত আইন বাতিলে জোর দেবেন। ওই আইনগুলির ফলে বিচারপতি নিয়োগে সরকারের ভূমিকা বেড়েছে এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমেছে। ইজরায়েলে অ্যাটর্নি জেনারেলের পদটি স্বাধীন। অনেকেই মনে করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এই পদের বিশেষ গুরুত্ব রয়েছে। শাপিরা বলেন, “এই আইনগুলি বাতিল করা খুবই সহজ, কারণ এর জন্য নতুন কোনও প্রতিষ্ঠান গড়তে হবে না।”
তবে ৭ অক্টোবরের হামলার তদন্তে কোনও সংস্থা গড়ার কাজ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তুলনামূলক ভাবে সহজ হবে বলে মনে করেন শাপিরা। তাঁর মতে, তখন সেই সংস্থার গ্রহণযোগ্যতাও বেশি হবে।
৭ অক্টোবর ছিল ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দিন। নেতানিয়াহুর বিরোধীদের অভিযোগ, সে দিন সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলির কোথায় কী ব্যর্থতা ছিল, তার স্বাধীন তদন্ত আটকে রেখেছেন প্রধানমন্ত্রী। এর ফলে তিনি নিজেও জবাবদিহি এড়িয়ে গিয়েছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।