সার্বিয়ার জাতীয় সংসদের সামনের পাথর-বাঁধানো চত্বরটা দেখতে দেখতে নাচের আসর হয়ে উঠল। সব বয়সের মানুষ মিলে আনন্দে ঘুরে ঘুরে নাচছেন সার্বিয়ার লোকনৃত্য ‘কোলো’। পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হর্ন বাজাচ্ছেন চালকেরা। চত্বরে কয়েকশো মানুষ পতাকা ওড়াচ্ছেন, শিস দিচ্ছেন, জয়ধ্বনি তুলছেন। মাঝেমধ্যে ভিড় দু’ভাগ হয়ে পথ করে দিচ্ছে। সেই পথ ধরে পরিপাটি পোশাকে এক-একজন নারী-পুরুষ সিঁড়ি বেয়ে সংসদ ভবনে ঢুকে যাচ্ছেন।

এঁরাই ‘স্টুডেন্ট লিস্ট’-এর প্রার্থী। গত মাসের সংসদ নির্বাচনে চমকপ্রদ জয়ের পর সাংসদ হিসেবে শপথ নিতে চলেছেন। যাঁরা তাঁদের অভ্যর্থনা জানাতে এসেছেন, তাঁদের মনের কথা লেখা ব্যাজে, পতাকায় আর প্ল্যাকার্ডে।

বারবার চোখে পড়ছিল দুটি সার্বীয় শব্দ, ‘স্রেচান রাদ’। অর্থ, ‘আপনাদের কাজের জন্য শুভকামনা।’ আর একটি স্লোগানও ছিল প্রায় সর্বত্র। নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন কমেডি ‘ওপেন ডোরস’ (Otvorena vrata)-এ রাজনীতিতে নামার স্বপ্ন দেখা এক কিশোরীর মুখের কথা সেদিন ফিরে এল জনতার মুখে—‘সংসদ বসছে!’

মঙ্গলবারের এই আনন্দ মনে করিয়ে দিচ্ছিল নির্বাচনের ফল ঘোষণার রাতটিকে। সে রাতে স্টুডেন্ট লিস্টের একঝাঁক রাজনৈতিক নবাগতের কাছে পরাজিত হন সার্বিয়ার দীর্ঘদিনের জনতাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ও তাঁর সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)।

বেলগ্রেডের উপকণ্ঠ জেমুন থেকে দল বেঁধে এসেছিলেন কয়েকজন। তাঁদেরই একজন লিলিয়ানার হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘একা যা করা যায় না, ৩-এ তা হয়।’ ব্যালট পেপারে স্টুডেন্ট লিস্টের ক্রমিক নম্বর ছিল ৩।

লিলিয়ানা বললেন, “এটাই মানুষের কণ্ঠস্বর। মানুষ শান্তি চায়। চায়, সরকার নিজের কাজ করুক। এমন প্রতিষ্ঠান চায়, যার কাজ মাফিয়ার স্বার্থসিদ্ধি নয়, মানুষের স্বার্থ দেখা।”

পাশে দাঁড়ানো বন্ধু ইয়েলেনাও একমত। বললেন, “সার্বিয়ার ইতিহাসে এ এক স্মরণীয় মুহূর্ত।”

সংসদের সিঁড়িতে ছিলেন ছাত্র আন্দোলনের কর্মীরাও। তাঁদের কথায়, তরুণদের নেতৃত্বে দু’বছর ধরে যে আন্দোলন চলেছে, ভোটের এমন ফল তার সার্থকতা প্রমাণ করেছে। সরকারে গিয়ে স্টুডেন্ট লিস্ট কী করতে পারে, তা নিয়েও তাঁরা আশাবাদী।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আলেকসান্দার বললেন, “আলেকসান্দার ভুচিচের শাসনের বিরুদ্ধে জয় উদ্‌যাপন করছি আমরা।” তাঁর সহপাঠী ইভা যোগ করলেন, “আমি চাই, নতুন সরকার আমাদের জীবনটা একটু ভাল করুক।”

তবে কারও কারও মনে আনন্দকে ছাপিয়ে আছে ক্ষোভ। এই আন্দোলনের সূত্রপাত সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে। সেখানে সদ্য সংস্কার করা রেলস্টেশনের ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যু হয়েছিল। ছাত্রদের অভিযোগ ছিল, দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতিই এই বিপর্যয়ের মূলে। তাঁরা এর জন্য ভুচিচ ও তাঁর দলকে দায়ী করেছিলেন।

সংসদের বাইরের কয়েকটি প্ল্যাকার্ড দেখে বোঝা গেল, সেই ক্ষোভ সহজে মিটবে না। একটিতে লেখা ছিল, এসএনএসের প্রাক্তন মন্ত্রীদের পরিণতি হোক রোমানিয়ার এলেনা ও নিকোলাই চাউশেস্কুর মতো। ১৯৮৯ সালে লোকদেখানো বিচারের পর রোমানিয়ার ওই শাসক দম্পতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

বাস্তবে অবশ্য উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে আসা এসএনএস সদস্যদের অধিকাংশকে দুয়ো শুনেই পার হতে হয়েছে। ব্যতিক্রম লিদিয়া ভুকিচেভিচ। ভিড়ের মধ্যে থেকে এক মহিলা এক বোতল পাতলা দই তাঁর মাথায় ঢেলে দেন। ক্ষুব্ধ ভুকিচেভিচ স্টুডেন্ট লিস্টের সমর্থকদের আচরণকে “বর্বর ও অশালীন” বলে নিন্দা করেন। ভুচিচও নিজের অভিযোগের পক্ষে ঘটনাটিকে কাজে লাগান। তাঁর দাবি, এসএনএস সদস্যদের বেছে বেছে হেনস্থা ও গ্রেপ্তারের নিশানা করে ছাত্ররা দেশে “নগ্ন সন্ত্রাসের” শাসন কায়েম করতে চাইছেন। তাঁর কটাক্ষ, সার্বিয়াকে দেওয়ার মতো ওঁদের আছে শুধু “ঘৃণা আর দই”।

ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দ্রুত ঘটনার নিন্দা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের আন্দোলনকারীরা লেখেন, “যে মূল্যবোধে আমরা বিশ্বাস করি, যার জন্য লড়াই করি, এই আচরণ তার পরিপন্থী।” সমর্থকদের কাছে তাঁদের আবেদন, “রাজনৈতিক পরিচয় যা-ই হোক, প্রত্যেক সহনাগরিকের সঙ্গে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ আচরণ করুন।”

সংসদের ভিতরে নবনির্বাচিত সদস্যদের শপথ নিতে বেশি সময় লাগেনি। অধিবেশনকক্ষে ঠাসাঠাসি করে জায়গা করে নিয়েছিলেন কয়েকশো সাংবাদিক ও আলোকচিত্রী। তাঁদের চোখের সামনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএনএসের ১৪ বছরের শাসনে যবনিকা পড়ল। নতুন পরিচয়টির সঙ্গে অবশ্য কেউ কেউ তখনও সড়গড় হয়ে উঠতে পারেননি। এতদিন অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন বোয়ান দিমিত্রিয়েভিচ। তাঁকে মনে করিয়ে দিতে হল, প্রার্থীপর্ব শেষ, তিনি এখন সাংসদ।

তেপ্পান্ন বছরের দিমিত্রিয়েভিচ টেলিভিশন সিরিজ দ্য লাস্ট প্যান্থার্স-এ সামান্থা মর্টন ও জন হার্টের সঙ্গে অভিনয় করেছেন। তিনি বললেন, “থিয়েটারে আমরা মায়া সৃষ্টি করি, তার মধ্য দিয়ে কিছু সত্য তুলে ধরি। আর এখানে আমরা বাস্তবে এমন কিছু করতে চলেছি, যা মানুষের কল্পনাকে বদলে দেবে।” সংস্কৃতি ও পরিবেশ নিয়ে তাঁর বিশেষ আগ্রহ। তবে অকপটেই স্বীকার করলেন, “এখানে এত সমস্যা, কোনটা দিয়ে সারানোর কাজ শুরু করব, জানি না।”

স্টুডেন্ট লিস্ট অবশ্য নানা পেশার মানুষের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। দিমিত্রিয়েভিচের সহকর্মীদের মধ্যে আছেন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় দেয়ান বোদিরোগা, মাধ্যমিক স্কুলের ইংরেজির শিক্ষিকা কাতারিনা শ্চেপানোভিচ এবং সার্বিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর দেয়ান শোশকিচ। তাঁরা চেয়েছিলেন দ্রুত সরকার গঠনের কাজে হাত দিতে। প্রথম দিনেই এসএনএসের সময় নষ্ট করার কৌশলে তাঁদের ধৈর্যের পরীক্ষা হল।

এখন বিরোধী আসনে ভুচিচ। এদিন সংসদে তিনি একাই দেড় ঘণ্টারও বেশি বক্তৃতা দিলেন। কার্যনির্বাহী স্পিকার স্তোয়ান রাদেনোভিচও বারবার দীর্ঘ বিরতি ঘোষণা করলেন। স্টুডেন্ট লিস্টের প্রার্থিতালিকায় সবার আগে নাম ছিল হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ইলিয়া স্রদানোভিচের। তাঁর মতে, এভাবে সময় কাটানো অর্থহীন, খরচসাপেক্ষও। তাঁর কথায়, “সিদ্ধান্ত নিতে এক-একটা দিন দেরি হওয়া মানে সার্বিয়ার নাগরিকদের উপর বাড়তি বোঝা।”

বাইরের রোদঝলমলে চত্বরে তখনও ছোট ছোট দলে দাঁড়িয়ে স্টুডেন্ট লিস্টের সমর্থকেরা। ভিতরের দীর্ঘসূত্রতায় তাঁদের বিশেষ হেলদোল নেই। ভুচিচকে ক্ষমতা থেকে সরতে দেখার জন্য তাঁদের কেউ কেউ ১৪ বছর অপেক্ষা করেছেন।

জেমুনের বন্ধুদের পাশে দাঁড়িয়ে ইয়েলেনা বললেন, “আজ তো সবে সার্বিয়ার গণতান্ত্রিক যুগের প্রথম দিন।”

এসএনএস বড়জোর কিছুটা দেরি করাতে পারে। সংসদে ৩০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন স্টুডেন্ট লিস্টের হাতে।