বৃহস্পতিবার ইউরোপ জুড়ে একের পর এক বোমার হুমকিতে অন্তত ২৫টি উড়ান ব্যাহত হয়েছে। কয়েকটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। সব ক’টি বিমানই নিরাপদে নেমেছে। তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি। যাত্রীদের হয়রান করতে পরিকল্পিত ভাবে এই হুমকি দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার যে সব উড়ানে বিঘ্ন ঘটেছে, সেগুলি ইটালি, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, বেলজিয়াম, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, সার্বিয়া ও চেকিয়ার বিভিন্ন শহরের মধ্যে চলাচল করে। ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলির মধ্যে রয়েছে রায়ানএয়ার, এয়ার লিঙ্গাস, উইজ এয়ার, ফিনএয়ার, ইজিজেট, এজিয়ান এয়ারলাইন্স, ইবেরিয়া, স্কাই এক্সপ্রেস, এয়ার সার্বিয়া ও লট পোলিশ এয়ারলাইন্স।
রাতের দিকে হুমকি আসে লন্ডনের প্রধান বিমানবন্দর হিথরো এবং বার্মিংহাম বিমানবন্দরেও। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিমান চলাচল শাখার বিশেষজ্ঞ তদন্তকারীদের সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, হুমকিগুলি ভুয়ো। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হিথরো থেকে ছাড়ার বা সেখানে নামার কথা ছিল, এমন চারটি বিমানকে ঘিরে হুমকি এসেছিল। পুলিশের এক মুখপাত্র জানান, খতিয়ে দেখে নিরাপত্তার কোনও ঝুঁকি ধরা পড়েনি।
এর আগে মঙ্গলবারও ইউরোপে ভুয়ো হুমকির জেরে সাতটি বিমানের কোনওটিতে তল্লাশি চালাতে হয়, কোনওটির গতিপথ বদলাতে হয়। সোমবার যুক্তরাজ্য থেকে বুলগেরিয়াগামী একটি বিমানকেও হুমকির জেরে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছিল। সেই হুমকিরও সারবত্তা ছিল বলে মনে হয় না। সব মিলিয়ে চলতি সপ্তাহে অন্তত ৩৩টি উড়ান ব্যাহত হয়েছে।
তদন্তকারীরা বৃহস্পতিবার জানিয়েছেন, কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী কিংবা রাশিয়া বা ইরানের মতো কোনও রাষ্ট্র এই হুমকিগুলির নেপথ্যে রয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি। ইউরোপের বিভিন্ন দেশে তদন্ত চলছে।
আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থা আয়াটা এই ঘটনায় যাত্রীদের ভোগান্তির নিন্দা করেছে। হুমকি কোথা থেকে আসছে, তা খুঁজে বার করার জন্য কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে তারা। আয়াটার পরিচালন ও নিরাপত্তা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক কারিন এক বিবৃতিতে বলেন, “বিমান পরিবহণে নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। প্রতিটি হুমকিকেই আমরা গুরুত্ব দিয়ে দেখি।”
ইউরোপীয় ইউনিয়নের পরিবহণ কমিশনার অ্যাপোস্তোলোস জিৎজিকোস্তাস বলেছেন, ঘটনাগুলির মধ্যে যোগসূত্র আছে কি না, তা বলার সময় এখনও আসেনি। তবে সাধারণ মানুষের বিরুদ্ধে যে কোনও হুমকিই অগ্রহণযোগ্য।
রোম ও সোফিয়ার বিমানবন্দরে ইমেলে পাঠানো বোমার হুমকির নীচে প্রেরকের পরিচয় লেখা ছিল ‘মেল স্টেটের যোদ্ধারা’। রোমের দু’টি বিমানবন্দরের পরিচালন সংস্থা ‘আয়েরোপোর্তি দি রোমা’-র সূত্রে এবং সংবাদ সংস্থা এএফপি-র হাতে আসা একটি বার্তার বয়ান থেকে এ কথা জানা গিয়েছে।
‘মেল স্টেট’ রাশিয়ার একটি অতি দক্ষিণপন্থী, উগ্র জাতীয়তাবাদী ও নারীবিদ্বেষী আন্দোলন। ২০১৬ সালে এর সূচনা করেন ভ্লাদিস্লাভ পোজদনিয়াকভ। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের এই কট্টর সমর্থক নিজের টেলিগ্রাম চ্যানেলে বোমার হুমকি নিয়ে কোনও মন্তব্য করেননি, দায়ও স্বীকার করেননি।
জানা গিয়েছে, ইমেলে লেখা ছিল, “আমরা, মেল স্টেটের যোদ্ধারা, আজ আমাদের কাজ দিয়ে ইতিহাস গড়ব। তোমাদের নারীবাদী শাসকরা এ দিন চিরকাল মনে রাখবে। ৬০ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। আজ তোমাদের আকাশ লাল হয়ে যাবে।”
আয়ারল্যান্ডের কর্ক বিমানবন্দরের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে হুমকি দেওয়ায় একটি উড়ানে দেরি হয়। সেটি লন্ডনের স্ট্যানস্টেড থেকে আসা রায়ানএয়ারের উড়ান বলে জানা গিয়েছে। অন্য একটি ঘটনায়, ইটালির পেসকারা থেকে ব্রাসেলস-শার্লরোয়াগামী রায়ানএয়ারের একটি বিমানের শৌচাগারের দেওয়ালে ‘বোমা’ কথাটি লেখা পাওয়া যায়। তার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়।
এই উড়ানগুলির সূচি বদলানোর প্রভাব অন্য উড়ানেও পড়েছে। তবে ইউরোপের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের হিসাবে, বৃহস্পতিবার ইউরোপে ২৭ হাজার ৪০০টি উড়ান নির্ধারিত ছিল। তার তুলনায় সরাসরি ক্ষতিগ্রস্ত উড়ানের সংখ্যা সামান্য।
ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি বিমানের গতিপথ বদলে ফ্রান্সের এভ্রু সামরিক বিমানঘাঁটিতে পাঠানো হয়। ফরাসি সংবাদমাধ্যমের খবর, পাইলট প্রথমে সামরিক ঘাঁটিতে নামতে অস্বীকার করেছিলেন। সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন ফরাসি কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহেই সুপারমার্কেটের পণ্য ঠান্ডা রাখার ব্যবস্থায় সাইবার হামলা হয়েছিল। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওই হ্যাকিংয়ের জন্য ভ্লাদিমির পুতিনের প্রশাসনকে দায়ী করার চেষ্টা “উদ্ভট”। সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ উঠেই চলেছে। সব কিছুতেই আমাদের জড়ানো হচ্ছে।”
রোমে ইটালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, “ফ্রিজ থেকে শুরু করে ফ্রান্সে রক্ত সরবরাহ, আর এখন এই সব ভুয়ো সতর্কবার্তা—আমার তো মনে হচ্ছে, রোজই কেউ উত্তেজনা বাড়াতে চাইছে।”
কারা এই হুমকি দিচ্ছে, তা তিনি জানেন কি না, জানতে চাইলে ক্রোসেত্তো বলেন, “একে ‘আন্ডার-থ্রেশহোল্ড ওয়ারফেয়ার’ বলা হয়। অর্থাৎ, এমন কায়দায় লড়াই চালানো হয় যে, দায় কার, তা প্রমাণ করা যায় না। ইচ্ছে করেই এ ভাবে করা হয়, যাতে কেউ নির্দিষ্ট করে কারও ঘাড়ে দায় চাপাতে না পারে।”
হুমকির মুখে পড়া উড়ানগুলির অনেকগুলিই কম ভাড়ার বিমান সংস্থার। এর বাইরে ঘটনাগুলির মধ্যে স্পষ্ট কোনও মিল খুঁজে পাওয়া যায়নি। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, ভুয়ো হুমকি রোজই আসে। কিন্তু একসঙ্গে এতগুলি হুমকি এসেছে, যার প্রতিটিকেই সত্যি হতে পারে বলে গুরুত্ব দিতে হয়েছে। সংখ্যাটাই সমন্বিত তৎপরতার ইঙ্গিত দিচ্ছে বলে তাঁদের ধারণা।
প্রাক্তন পাইলট ক্যাপ্টেন মার্টিন ড্রেক এখন ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের কারিগরি উপদেষ্টা। তিনি জানান, বিমান সংস্থার নিরাপত্তা বিভাগ প্রতিটি হুমকি যাচাই করে ট্র্যাফিক সিগন্যালের মতো রঙের সংকেতে সিদ্ধান্ত জানায়। সবুজ মানে উড়ান চলতে পারে। লাল মানে বিমানকে মাটিতে রাখতে হবে বা আকাশে থাকলে নামিয়ে আনতে হবে। হলুদ সংকেত দেওয়া যায় কেবল উড়ানের আগে। সে ক্ষেত্রে বাড়তি পরীক্ষা ও তল্লাশির পরে বিমানকে ওড়ার ছাড়পত্র দেওয়া যায়।
ড্রেকের কথায়, “কেউ যদি ইচ্ছে করে কোনও উড়ানে বিঘ্ন ঘটাতে চায়, তা হলে বিমান আকাশে ওঠার পরেই তাকে সেটা করতে হবে।” জরুরি পরিস্থিতিতে কী করতে হবে, পাইলটদের কাছে তার একটি নির্দেশিকা থাকে। লাল সতর্কবার্তা এলে দ্রুত উচ্চতা কমিয়ে নিকটতম বিমানবন্দরে যাওয়ার নির্দেশই সম্ভবত তাতে থাকবে।
ড্রেকের ব্যাখ্যা, বিমান যখন অনেক উঁচু দিয়ে ওড়ে, তখন কেবিনের ভিতর ও বাইরের বায়ুচাপের ফারাক যে কোনও দেশি পদ্ধতিতে তৈরি বোমার বিস্ফোরণের অভিঘাত অনেক বাড়িয়ে দিতে পারে। বিমানবন্দরে একাধিক স্তরের নিরাপত্তা ও পরীক্ষার ব্যবস্থা থাকায় বড় কোনও বিস্ফোরক বিমানে তোলা কার্যত অসম্ভব হওয়ার কথা। কিন্তু যাত্রীবিমান সাধারণত যে ৩৫ হাজার ফুট উচ্চতায় ওড়ে, সেখানে কোনও বিস্ফোরণ ঘটলে তার প্রভাব বহুগুণ বেড়ে যায়।
বিমান ঘুরিয়ে অন্যত্র নামানো ব্যয়সাপেক্ষ। যাত্রীদেরও প্রচুর ভোগান্তি হয়। তবু কোনও হুমকি সত্যি হওয়ার সামান্য সম্ভাবনা থাকলেও বিমান সংস্থাগুলির হাতে বিশেষ বিকল্প থাকে না। তা ছাড়া, উড়ানের সময়সূচি, কোন পথে কোন ধরনের বিমান চলে, এমনকি সেই বিমানের কারিগরি খুঁটিনাটিও এখন ইন্টারনেটে সহজলভ্য। কয়েক দশক আগে বিমান পরিবহণের সঙ্গে সরাসরি যুক্ত মুষ্টিমেয় মানুষই এ সব তথ্য জানতেন। এখন ভুয়ো হুমকিদাতারাও তা জেনে নিতে পারে।
বিমান চলাচলের ঝুঁকি বিশ্লেষণকারী সংস্থা অসপ্রে ফ্লাইট সলিউশনসের বিশ্লেষক রিস জোন্স বলেন, ইউরোপের বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থায় বিমান সংস্থাগুলির আস্থা আছে। কিন্তু এই হুমকিগুলি ভুয়ো প্রমাণিত হয়েছে বলে হুমকি মোকাবিলার প্রচলিত নিয়ম বদলানো উচিত হবে না। তাঁর কথায়, “স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই নিরাপত্তা আরও কড়া হবে, সংবাদমাধ্যমে এ নিয়ে চর্চা বাড়বে, আর যাত্রীদের মধ্যেও উদ্বেগ বাড়বে।”
জোন্সের মতে, হুমকিগুলির মধ্যে যোগসূত্র আছে বলেই মনে হচ্ছে। তবে “গোটা অভিযানটি বেশ এলোমেলো, নির্দিষ্ট কোনও অঞ্চলকে নিশানা করা হয়নি।” তাঁর আশঙ্কা, বারবার ভুয়ো হুমকি এলে এক সময় তা গা-সওয়া হয়ে যেতে পারে। ভবিষ্যতে সত্যিকারের বিপদের মুখে তখন নিরাপত্তা ব্যবস্থার সাড়া দুর্বল হতে পারে। আর যারা এই হুমকি দিচ্ছে, তাদের চোখে উড়ানসূচি ওলটপালট করে দিতে পারাটাই হয়তো সাফল্য।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।