ভারতে তাঁর গ্রেপ্তার ও ছ’মাসেরও বেশি কারাবাসের নেপথ্যে ছিল রাশিয়া, এমনই অভিযোগ তুললেন মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক। তাঁর ভাষায়, তাঁকে ও ছয় ইউক্রেনীয় নাগরিককে ভারতে বন্দি করে রাখা ছিল ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধেরই অংশ। আগামী কয়েক মাসে নিজের গ্রেপ্তারি ও দিল্লির তিহার জেলের অভিজ্ঞতা নিয়ে ‘চমকে দেওয়ার মতো’ তথ্য প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার, ১০ নভেম্বর, দিল্লিতে এ নিয়ে প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি এখনও বিচারাধীন। আদালত কী বলে, সে জন্য অপেক্ষা করতে হবে। রাশিয়ার ভূমিকা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সোমবার এক্সে ভ্যান ডাইক জানান, সমাজমাধ্যমে লিখে ও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি ধাপে ধাপে ঘটনার বিবরণ দেবেন। ভারতের সিদ্ধান্তে মস্কো কী ভাবে প্রভাব ফেলেছিল, তার ব্যাখ্যা বা সমর্থনে কোনও নথি ওই পোস্টে দেননি তিনি। তবে মঙ্গলবার ভারতীয়দের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মায়ানমার থেকে মিজোরামে ঢুকেছিলেন। তাঁর দাবি, উত্তর-পশ্চিম মায়ানমারের যে সব এলাকা সামরিক শাসকদের নিয়ন্ত্রণের বাইরে, সেখানে যেতে অনেকেই ভারতীয় ভূখণ্ড ব্যবহার করেন। ভারতবিরোধী কোনও উদ্দেশ্য তাঁর ছিল না বলেও দাবি করেছেন তিনি।

গত ১৩ মার্চ কলকাতা বিমানবন্দরে ভ্যান ডাইককে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাঁর ছয় ইউক্রেনীয় সঙ্গীকে ধরা হয় দিল্লি ও লখনউয়ের বিমানবন্দরে। তদন্তকারীদের অভিযোগ, পর্যটক ভিসায় ভারতে এসে সাত জন প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মিজোরাম যান। সেখান থেকে সীমান্ত পেরিয়ে তাঁরা মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোনযুদ্ধের প্রশিক্ষণ দেন বলে আদালতে জানায় এনআইএ। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে ড্রোন ওড়ানো, যন্ত্রাংশ জুড়ে ড্রোন তৈরি এবং বৈদ্যুতিন সঙ্কেতের সাহায্যে ড্রোনের যোগাযোগে বিঘ্ন ঘটানোর কৌশলও শেখানো হয়েছিল।

গোড়ায় সন্ত্রাসদমন আইন ইউএপিএ-তে মামলা রুজু হলেও ৮ সেপ্টেম্বরের প্রথম চার্জশিটে ওই আইনের কোনও ধারা রাখেনি এনআইএ। সেখানে সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি আইনের ২১ ও ২৩ ধারায়। ইউএপিএ-র অভিযোগে চার্জশিট দেওয়ার ১৮০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ১৮ সেপ্টেম্বর বিধিবদ্ধ জামিন পান ভ্যান ডাইক। ২৩ সেপ্টেম্বর জামিন পান ছয় ইউক্রেনীয়ও। অভিবাসন আইন ভাঙার অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এ জন্য সাত জনের প্রত্যেককে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে দিতে হয়েছে। এনআইএ অবশ্য আদালতকে জানিয়েছে, সন্ত্রাসের অভিযোগ নিয়ে তদন্ত চলবে। প্রমাণ মিললে অতিরিক্ত চার্জশিট দেওয়া হতে পারে।

তিহারের ভিতরে কী ঘটেছিল, তার কিছু বিবরণ ভ্যান ডাইক আগেই মার্কিন দূতাবাসকে জানিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী, অগস্টের শেষ সপ্তাহে পাঠানো হাতে লেখা এক হলফনামায় তাঁর অভিযোগ ছিল, জেলের ভিতরে তাঁকে একাধিক বার মারধর করা হয়েছে। এক বার বুকে ঘুষি মারার পর চিকিৎসা চাইলে প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। পত্রিকাটিকে তিহারের মুখপাত্র সোমকান্ত খারে জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। দূতাবাসও ব্যক্তিগত যোগাযোগের বিষয়টি নিয়ে মন্তব্য করেনি।

ছেলের মুক্তির জন্য সরব হয়েছিলেন মা শ্যারন ভ্যান ডাইক। তাঁর বক্তব্য, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বিষয়টি ভারত সরকারের কাছে তুলেছিলেন। জামিনের পর এক মাসের জন্য দেশে ফেরার অনুমতি পেয়েছিলেন ভ্যান ডাইক। ২৩ অক্টোবর আমেরিকা থেকে ফিরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তিনি নিজে হাজির হন। সে দিন ছয় ইউক্রেনীয় শুনানিতে যোগ দেন ভিডিয়ো মারফত। আরও প্রমাণ সংগ্রহের জন্য অন্তত তিন মাস সময় চায় এনআইএ। আদালত সাত জনকেই পরবর্তী শুনানি পর্যন্ত ভারতের বাইরে থাকার অনুমতি দিয়েছে। শুনানির দিন ২০২৭ সালের ২৪ ফেব্রুয়ারি। সে দিন আমেরিকা থেকে ভিডিয়োয় যোগ দেওয়ার সুযোগ থাকলেও দিল্লিতে সশরীরে হাজির হবেন বলে জানিয়েছেন ভ্যান ডাইক।