গত মে মাসে চিন যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানের ভিতরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল, আমেরিকার হাতে এমন সংবেদনশীল গোয়েন্দা তথ্য এসেছে, যাতে দেখা যাচ্ছে এনভিডিয়ার প্রধান নির্বাহী এমন এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যাঁকে চিনের গুপ্তচর বলে মনে করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা এ কথা জানিয়েছেন।

ট্রাম্পের বিদেশসচিব তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও তাঁকে এই তথ্য জানান। তার কিছুক্ষণ পরেই প্রেসিডেন্টের আমন্ত্রণে বেজিং সফরে যোগ দেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং। অর্থাৎ, সাত মাসের মধ্যে অন্তত দু’বার ওই মহিলার সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে পাওয়া গোয়েন্দা তথ্য প্রেসিডেন্টকে জানানো হয়েছিল।

ট্রাম্পকে নতুন করে সতর্ক করার এই ঘটনাটি এত দিন প্রকাশ্যে আসেনি। ঘটনাটি সোমবার প্রেসিডেন্টের করা দাবির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প দাবি করেছিলেন, ওই সফরের সময় হুয়াংয়ের সঙ্গে মহিলার সম্পর্কের কথা তিনি জানতেন না। অথচ মার্কিন আধিকারিকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, ওই মহিলা চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের হয়ে কাজ করছিলেন।

চিনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় ওই মহিলার সঙ্গে হুয়াংয়ের যোগাযোগের কথা তিনি জানতেন কি না, সোমবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে তা জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, “না, তখন আমি এ ব্যাপারে কিছু শুনিনি।”

এই সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরে এনভিডিয়ায় প্রবল আলোড়ন তৈরি হয়েছে এবং সংস্থার শেয়ারের দাম কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য চিন ও আমেরিকার তীব্র প্রতিযোগিতাও নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এই প্রতিদ্বন্দ্বিতায় আমেরিকা বর্তমানে যে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তার অন্যতম প্রধান ভিত্তি এনভিডিয়ার উন্নত চিপ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতি এবং এনভিডিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ট্রাম্প ও তাঁর প্রশাসনের উপর হুয়াংয়ের প্রভাবও নতুন করে নজরে এসেছে।

গত বছর মার্কিন আধিকারিকেরা প্রথম ট্রাম্পকে সতর্ক করে জানিয়েছিলেন, হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত এক মহিলা সম্ভবত চিনা গোয়েন্দাদের হয়ে কাজ করছেন। তখন থেকেই ট্রাম্প এই উদ্বেগকে লঘু করে দেখেছেন অথবা উড়িয়ে দিয়েছেন। গত বছরের শরতের শেষ দিকে প্রথম বিষয়টি তাঁকে জানানো হলে তিনি কোনও ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নেন। গত মাসে দ্য নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করেছিল।

গত বছর তাঁকে এ বিষয়ে অবহিত করা হয়েছিল কি না, সোমবার তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তাঁকে খোঁজ নিয়ে দেখতে হবে। আমেরিকার প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে থাকার ক্ষেত্রে এবং গত কয়েক বছরে শেয়ারবাজারের উত্থানের অন্যতম চালিকাশক্তি হিসেবে এনভিডিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি অবশ্যই গোয়েন্দাদের সঙ্গে কথা বলে দেখব। বিষয়টি হয়তো উল্লেখ করা হয়েছিল। তবে নিশ্চিতভাবেই তা আমার মনে তেমন কোনও দাগ কাটেনি।”

আগামী সপ্তাহে ট্রাম্পের ফের চিন সফরে যাওয়ার কথা। প্রথমে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, হুয়াংকে আবারও আমন্ত্রণ জানাতে পারেন। কিন্তু সোমবার জানান, এনভিডিয়া প্রধান এ বার তাঁর সফরসঙ্গী হবেন না।

তবে হুয়াংয়ের পক্ষে জোরালো সওয়াল চালিয়ে যান প্রেসিডেন্ট। তিনি বলেন, হুয়াংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। অ্যালিস হুয়াং নামে পরিচিত ওই মহিলা যে গুপ্তচর, তা তিনি জানতেন কি না, এনভিডিয়া প্রধানকে সেই প্রশ্ন করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, হুয়াং তাঁকে বলেছেন, তিনি তা জানতেন না। ট্রাম্প আরও জানান, আগামী সপ্তাহে চিনা নেতার সঙ্গে বৈঠকে বিষয়টি তোলার পরিকল্পনা তাঁর নেই।

সোমবার ট্রাম্প বলেন, “আমি জেনসেনকে খুব ভাল করে চিনি। আমার মনে হয়, তিনি অত্যন্ত সৎ ও সম্মানযোগ্য মানুষ।”

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকে গত মে মাসে ট্রাম্পের চিন সফর নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড নামে একটি সংস্থার পদস্থ কর্তা ছিলেন। সংস্থাটি এনভিডিয়ার উন্নত চিপ কেনে। ২০২২ সালের শেষ দিকে আমেরিকা সরাসরি চিনে উন্নত চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করতে শুরু করে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টারগুলি থেকে সেই কম্পিউটিং ক্ষমতা ভাড়া নেওয়ার অনুমতি এখনও চিনা সংস্থাগুলিকে দেওয়া হয়। মেগাস্পিডও ওই অঞ্চলে এ ধরনের ডেটা সেন্টার পরিচালনা করে।

সফরের আগের কয়েক সপ্তাহে হুয়াংকে নিয়ে একটি স্মারকলিপি তৈরির কাজ তত্ত্বাবধান করেছিলেন রুবিও। প্রশাসনের অল্প কয়েক জন শীর্ষ আধিকারিকের মধ্যে সেটি বিলি করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী, স্মারকলিপিটি ট্রাম্পের জন্য তৈরি করা হয়নি এবং এয়ার ফোর্স ওয়ানেও তাঁকে সেটি দেখানো হয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে হুয়াং অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেও মে মাসে চিন সফরে যাওয়া ব্যবসায়ী ও প্রযুক্তি সংস্থার প্রধানদের প্রাথমিক আমন্ত্রণতালিকায় তাঁর নাম ছিল না। ট্রাম্প আমেরিকা ছাড়ার আগেই সেই খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ট্রাম্প হুয়াংকে আমন্ত্রণ জানান—আলাস্কায় জ্বালানি ভরার জন্য এয়ার ফোর্স ওয়ান থামলে তিনি যেন সেখানে এসে যোগ দেন। ওই সফরে প্রেসিডেন্টের বিমানে থাকা এক ডজনেরও বেশি প্রশাসনিক আধিকারিকের মধ্যে রুবিও-ও ছিলেন।

বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সরকারি আধিকারিক নিশ্চিত করেছেন, হুয়াং আলাস্কা থেকে সফরে যোগ দেবেন বলে জানার পর রুবিও “বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন”।

ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে এই তথ্য শুনেও ট্রাম্পের মনোভাবে বিশেষ পরিবর্তন হয়নি। হুয়াংকে তুলে নেওয়ার পরিকল্পনায় তিনি অটল থাকেন।

ওই সরকারি আধিকারিক জানান, এয়ার ফোর্স ওয়ানে ওঠার পরে প্রেসিডেন্টের সঙ্গে হুয়াংয়ের “খুব অল্প সময়ের জন্য” দেখা হয়েছিল। তবে “সফরের প্রায় পুরোটা সময়ই তিনি বিমানের আলাদা অংশে ছিলেন”।

মার্কিন বিদেশ দফতর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। প্রতিক্রিয়া চাওয়া হলে হোয়াইট হাউসের প্রেস অফিসও প্রকাশ্যে উদ্ধৃত করার মতো কোনও বক্তব্য দিতে রাজি হয়নি। পরিবর্তে সরাসরি তাদের নামে উদ্ধৃত না করার শর্তে ইমেলে একটি বিবৃতি পাঠানো হয়। সেখানে সোমবার ট্রাম্পের করা মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই ওই ইমেলে এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করা হয়েছে।

গত মাসে দ্য টাইমস জানিয়েছিল, মার্কিন আধিকারিকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে অ্যালিস হুয়াং চিনা গোয়েন্দাদের হয়ে কাজ করতেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই খবর প্রকাশের পর এনভিডিয়ার কর্তারা এবং হুয়াং নিজে জোর দিয়ে বলেছিলেন, এটি নিছক এক ক্রেতার সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক যোগাযোগ। কিন্তু রবিবার হুয়াং অ্যালিসের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। তার কিছুক্ষণের মধ্যেই এনভিডিয়া জানায়, সংস্থা একটি স্বাধীন তদন্ত করাবে।

চিপ বিক্রির ক্ষেত্রে আরও উদার নীতির পক্ষে হুয়াং দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছেন—২০২৫ সালে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার অনেক আগে থেকেই। তাঁর সমর্থকেরা প্রায়ই মনে করিয়ে দেন, হুয়াং প্রকাশ্যেই বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় আমেরিকাকে চিনের চেয়ে এগিয়ে থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক ঝুঁকি নিয়ে মতভেদ ক্রমশ বাড়লেও ট্রাম্প মূলত হুয়াং এবং অন্য প্রযুক্তি সংস্থার কর্তা ও বিনিয়োগকারীদের পক্ষেই থেকেছেন।

চলতি বছরের গোড়ায় বিনিয়োগকারীদের একটি সম্মেলনে হুয়াং ফের বলেন, এনভিডিয়ার সর্বোচ্চ মানের প্রযুক্তিপণ্য চিনের হাতে যাওয়া উচিত নয়। তাঁর বক্তব্য ছিল, আমেরিকাকেই তা পেতে হবে “সবার আগে, সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভাল”। তবে এর সঙ্গে তিনি যোগ করেন, “একই সঙ্গে সমস্ত মার্কিন সংস্থাকে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হবে।”

গত বসন্তে তৈরি রুবিওর স্মারকলিপির কোনও ভূমিকা পরবর্তী চিন সফরের প্রাথমিক আমন্ত্রণতালিকা থেকে হুয়াংয়ের বাদ পড়ার পিছনে ছিল কি না, তা স্পষ্ট নয়।

সেই সময়ে ট্রাম্প চিনে এনভিডিয়ার সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল চিপ বিক্রির পথ খুলে দেওয়ার কথা বিবেচনা করছিলেন। হুয়াং এবং আরও কয়েক জন বড় প্রযুক্তি সংস্থার নেতা এই পদক্ষেপের পক্ষে ছিলেন। তবে ট্রাম্পের বহু উপদেষ্টা এর বিরোধিতা করেন। প্রশাসন এখনও চিনে ব্ল্যাকওয়েল চিপ বিক্রির অনুমোদন দেয়নি। যদিও শেষ পর্যন্ত অনুমোদিত ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে কম উন্নত এইচ২০০ চিপ বিক্রির ছাড়পত্র দিয়েছে মার্কিন সরকার।