খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলকে দিল্লির জেলা আদালতের মাধ্যমে সমন পাঠানোর অনুমতি দিল নিউ ইয়র্কের এক ফেডারেল আদালত। সোমবার, ৯ নভেম্বর, বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা এই নির্দেশ দেন। পরদিনই আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারতে বিদেশি আদালতের নথি পৌঁছে দেওয়ার অনুরোধ কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের মাধ্যমেই আসতে হবে।

পান্নুনের অভিযোগ, স্বাধীন খালিস্তানের পক্ষে প্রচার চালানোর জন্য ২০২৩ সালে নিউ ইয়র্কে তাঁর বাড়িতে তাঁকে খুন করার ছক কষা হয়েছিল। ওই ষড়যন্ত্রে ভারতীয় আধিকারিকদের ভূমিকা ছিল বলে দাবি করে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। ডোভাল ও গোয়েল ছাড়াও বিবাদীদের তালিকায় রয়েছে ভারত সরকার এবং ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত-সহ আরও কয়েক জনের নাম। ভারত সরকার পান্নুনকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। তাঁর সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ও ভারতে নিষিদ্ধ। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ মনগড়া ও বিদ্বেষপ্রসূত।

মামলা দায়েরের পরে দু’বছর পেরিয়েছে। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটনে গিয়েছিলেন ডোভাল। আদালতের নথি অনুযায়ী, সেই সফরে তিন বার তাঁর হাতে কাগজপত্র তুলে দেওয়ার চেষ্টা হয়। প্রতিবারই নিরাপত্তারক্ষীরা বাধা দেন। এপ্রিলে আদালত জানায়, ওই সফরে ডোভালের কাছে সমন পৌঁছেছে বলে পান্নুন যে দাবি করেছেন, তা গ্রহণ করা যাচ্ছে না। ভারতীয় আইন মন্ত্রকের মাধ্যমেও নথি পাঠানোর চেষ্টা করেছিলেন পান্নুনের আইনজীবীরা। মন্ত্রক সেই কাগজপত্র ফেরত দেয়।

এর পরেই দিল্লির আদালতের মাধ্যমে সমন পাঠানোর প্রস্তাব ওঠে। বিচারক ফাইলা এ ক্ষেত্রে আন্তর্জাতিক হেগ সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির ২৯(গ) ধারার উল্লেখ করেছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, নির্দিষ্ট বিদেশি আদালত থেকে সমন এলে ভারতীয় আদালত নিজের জারি করা সমনের মতোই তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারে। ডোভাল ও গোয়েলের সম্ভাব্য ঠিকানার ভিত্তিতে দিল্লির পাটিয়ালা হাউস, দ্বারকা ও তিস হাজারি আদালতের কথা উল্লেখ করেছেন বিচারক। এই ব্যাখ্যা নিয়ে ভারত সরকার বা কোনও ভারতীয় আদালত ভিন্নমত জানালে বিষয়টি ফের বিবেচনার সুযোগও রেখেছেন তিনি।

ভারত সরকারের নামে মামলার নথি পাঠাতে ইতিমধ্যেই কূটনৈতিক পথে এগিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। গত ৯ অক্টোবর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে সমন ও অভিযোগের অনুলিপি পৌঁছে দেওয়া হয়। ২০ অক্টোবরের চিঠিতে নিউ ইয়র্কের আদালতকে সে কথা জানিয়ে মার্কিন বিদেশ দপ্তর বলেছে, অভিযোগের যথার্থতা কিংবা সমন দেওয়ার সমস্ত আইনি শর্ত পূরণ হয়েছে কি না, সে বিষয়ে তারা কোনও মত দিচ্ছে না।

একই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় পৃথক ফৌজদারি মামলাও চলছে। সেখানে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি নিখিল গুপ্ত ভাড়াটে খুনি নিয়োগ এবং অর্থ পাচারের ষড়যন্ত্র-সহ তিনটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। মার্কিন বিচার দপ্তরের বিবরণ অনুযায়ী, খুনি ভাড়া করতে গুপ্ত যাঁর সাহায্য চেয়েছিলেন, তিনি ছিলেন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার গোপন সূত্র। তাঁর মাধ্যমেই গুপ্তের সঙ্গে সম্ভাব্য আততায়ীর পরিচয় হয়। যাঁকে খুনের বরাত দেওয়া হয়েছিল, তিনিও ছিলেন ওই সংস্থারই এক ছদ্মবেশী অফিসার। সেই ফৌজদারি মামলায় ডোভাল বা গোয়েলের বিরুদ্ধে অভিযোগ আনেননি মার্কিন কৌঁসুলিরা। পান্নুনের দেওয়ানি মামলায়ও তাঁদের দায় সম্পর্কে বিচারক এখনও কোনও সিদ্ধান্ত দেননি।

পান্নুনের হাতে ৩০ নভেম্বর পর্যন্ত সময়। ওই দিনের মধ্যে পান্নুনকে সমনের অনুলিপি, কী ভাবে তা পৌঁছে দেওয়া হবে তার খসড়া, প্রাসঙ্গিক ভারতীয় আইনের ধারা এবং আইন মন্ত্রকের ফেরত পাঠানো কাগজপত্র নিউ ইয়র্কের আদালতে জমা দিতে হবে। বিচারক সেগুলি দেখে অনুমোদন দিলে তবেই দিল্লিতে নথি পাঠাবে আদালত।