মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে চিনের বাজারে তেল বিক্রির এক অভিনব ও গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। সম্প্রতি একটি গোপন চিঠির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চিনের বিভিন্ন বন্দরে দীর্ঘমেয়াদি লিজ, তেল সংরক্ষণাগার এবং টার্মিনালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে সরাসরি চিনা বাজারে অপরিশোধিত তেল সরবরাহ করছে তেহরান।

লিক হওয়া ওই গোপন চিঠিটি লিখেছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (NIOC) প্রাক্তন প্রধান এবং বর্তমান ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্ড, যা ইরানের সাবেক সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী শামখানির চিঠির জবাবে পাঠানো হয়েছিল। ওই নথিতে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তেল বাণিজ্য নীতির সমালোচনা করা হয় এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের আমলে চিনের সঙ্গে গোপন সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই বিকল্প ব্যবস্থার বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান চীনের Ningbo-Zhoushan ফ্রি ট্রেড জোন, Qingdao এবং Shandong প্রদেশের বিভিন্ন ডক ও টার্মিনালের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছে। এছাড়াও Dalian, Huizhou, Dongying এবং Weifang-এর মতো উপকূলীয় শহরগুলিতে তেল সংরক্ষণের জন্য বেশ কিছু বড় স্টোরেজ ট্যাঙ্কও কিনেছে তেহরান। এই পরিকাঠামো ব্যবহারের মাধ্যমে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন ট্যাঙ্কারগুলি সরাসরি চিনা শোধনাগারগুলিতে তেল খালাস করতে পারছে, যার ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে প্রথাগত নজরদারি এড়িয়ে ব্যবসা চালানো সহজ হচ্ছে।

যদিও চিন বিশ্বের বৃহত্তম ক্রেতা হিসেবে ইরানের তেল আমদানির বড় অংশ কিনছে এবং বিশেষ পেমেন্ট মেকানিজমের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের লেনদেন চালাচ্ছে, তবুও সাম্প্রতিক নথিতে তেহরান ও বেজিংয়ের মধ্যে কিছু টানাপোড়েনের কথাও উঠে এসেছে। ইরানের তেল বিক্রির ক্ষেত্রে চিনের আরও বড় ছাড়ের দাবি এবং আমদানির কোটা বৃদ্ধি নিয়ে অনীহার বিষয়টি দুই দেশের সম্পর্কের ভিতরের জটিলতাকেই স্পষ্ট করে তুলছে।