পশ্চিম তীরে প্রস্তাবিত বৃহৎ বসতি প্রকল্প ই১-এর নির্মাণকাজের বরাত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করল ইজরায়েল। আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে ইজরায়েল ও প্যালেস্টাইনকে পাশাপাশি দু’টি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ কার্যত বন্ধ হয়ে যাবে। ওই এলাকায় কর্মরত আটটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে ব্রিটেন নিষেধাজ্ঞা জারির কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত এল।

ইজরায়েলি কূটনীতিকদের দাবি, ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে প্রকল্পটি স্থগিত হয়নি। ইজরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা বলেছেন, বসতি সম্প্রসারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী সরকারের। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

ইজরায়েলের ভূমি কর্তৃপক্ষ ও আবাসন মন্ত্রককে আপাতত দরপত্র না খোলার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ইজরায়েলি কূটনীতিকদের মতে, সোমবার ওই আটটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে ব্রিটিশ বিদেশসচিব এড মিলিব্যান্ড তাড়াহুড়ো করেছেন। ব্রিটিশ কূটনীতিকদের অবশ্য ধারণা, বসতি সম্প্রসারণ নিয়ে ইজরায়েলের উপর যে রাজনৈতিক চাপ বাড়ছে, তার প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকার ডেমোক্র্যাটরাও সেই চাপ বাড়াচ্ছেন।

স্থগিতাদেশের ফলে ই১ প্রকল্পের ভবিষ্যৎও এ বার জোট সরকার গড়ার আলোচনায় উঠে আসবে। ‘চেঞ্জ’ জোটের নেতা গাদি আইজেনকটকে ইজরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। ইজরায়েলি বসতি স্থাপনকারীদের হিংসার বিরুদ্ধে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন। তাঁর সহযোগী, ইজরায়েলি পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত স্পিকার মাতান কাহানাও একই অবস্থান নিয়েছেন।

আইজেনকট ই১ প্রকল্পেরও বিরোধী। তাঁর মতে, এই প্রকল্প অনুমোদন করা ভুল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক জনমত ইজরায়েলের বিরুদ্ধে যেতে পারে। তাঁর কথায়, “আমার মনে আছে, নেতানিয়াহু নিজেই দীর্ঘদিন এর বিরোধিতা করেছিলেন। শেষ পর্যন্ত জোটসঙ্গীদের চাপে নতিস্বীকার করে অনুমোদন দেন।”

বৃহস্পতিবার ই১ প্রকল্প নিয়ে ঘোষণা হওয়ার কথা ছিল। পশ্চিম তীরের অন্য বসতি সম্প্রসারণ প্রকল্পগুলির চেয়ে ই১-কে বরাবরই আলাদা চোখে দেখা হয়েছে। কারণ তার ভৌগোলিক অবস্থান। জেরুসালেম ও মা’আলে আদুমিমের মাঝের এই জমিতে বসতি গড়ে উঠলে পশ্চিম তীর দু’ভাগ হয়ে যাবে। পূর্ব জেরুসালেমের সঙ্গেও পশ্চিম তীরের সংযোগ ছিন্ন হবে।

মিলিব্যান্ডের কথায়, তা হবে ভবিষ্যৎ প্যালেস্টাইন রাষ্ট্রের মৃত্যুঘণ্টা। ইউরোপের আরও কয়েকটি দেশের সঙ্গে ব্রিটেনও সম্প্রতি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা বাঁচিয়ে রাখাই মধ্যপ্রাচ্য নিয়ে ব্রিটেনের লেবার সরকারের নীতির মূল লক্ষ্য বলে বর্ণনা করা হয়েছে।

ই১ এলাকায় ৩,৪০১টিরও বেশি আবাসন নির্মাণের জন্য দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। নভেম্বরের গোড়ায় ওই এলাকার একটি বেদুইন জনপদে বাড়িঘর ভাঙতে শুরু করে ইজরায়েলি সেনা।

গত সেপ্টেম্বরে বেআইনি বসতিগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নেন মিলিব্যান্ড। পাল্টা ব্যবস্থা হিসেবে ইজরায়েল ইতিমধ্যেই পূর্ব জেরুসালেমে ব্রিটিশ কনস্যুলেটের কূটনৈতিক মর্যাদা কমিয়েছে।

ব্রিটিশ সরকারের সমালোচনা করে নাফতালি বেনেট বলেন, “ব্রিটেনের লেবার সরকারের বিদ্বেষ, পক্ষপাত আর একপেশে মনোভাব বিশেষ করে চোখে পড়ে যখন দেখা যায়, তারা প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। অথচ প্যালেস্টাইনি কর্তৃপক্ষ টাকা দিয়ে সন্ত্রাসবাদকে উৎসাহ জুগিয়ে চলেছে, শিক্ষাব্যবস্থার মাধ্যমে উসকানি ছড়াচ্ছে এবং স্বাক্ষরিত চুক্তি ভেঙে বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছে।”

ইজরায়েলের নির্বাচনে মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নই প্রাধান্য পেয়েছিল। তবে আন্তর্জাতিক মহলে ইজরায়েলের সুনাম যে দ্রুত ক্ষয়ে যাচ্ছে, তার পরিণাম সম্পর্কে আইজেনকটকে বেশি সচেতন বলে মনে হয়। সমালোচকদের কথায় যে ইজরায়েল কান দিচ্ছে, তা বোঝানোর প্রয়োজনও তিনি উপলব্ধি করেন বলে মনে হয়। প্রধানমন্ত্রী হলে আরব দলগুলির মতামতও তাঁকে অন্তত পরোক্ষে বিবেচনায় রাখতে হবে, এমনকি তারা সরকারে যোগ না দিলেও।

অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইজরায়েলি সংগঠন ‘পিস নাউ’ বলেছে, “নির্বাচনে হেরে যাওয়া কোনও সরকার ক্ষমতার শেষ ক’দিনকে কাজে লাগিয়ে এমন ধ্বংসাত্মক পদক্ষেপ করতে পারে না, যা ইজরায়েলের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক মহলে তার অবস্থানকে বিপন্ন করবে। ই১-এ নির্মাণ শুরু হলে দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা মুছে যেতে পারে। ইজরায়েলকে চরম কূটনৈতিক সংকটে পড়তে হতে পারে, তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও জারি হতে পারে। অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি।”