শেনঝেনে এই প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে মুখোমুখি বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে কী স্থির হয় এবং তার প্রভাব কোথায় কতটা পড়তে পারে, সে দিকে নজর থাকবে গোটা বিশ্বের। ভারতেরও।

অনেকেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা মঞ্চের (অ্যাপেক) এই শীর্ষ সম্মেলনের সঙ্গে ১৯৪৫ সালের ফেব্রুয়ারির ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের তুলনা টানছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্তালিন এমন এক সমঝোতায় পৌঁছেছিলেন, যার ফলে যুদ্ধোত্তর ইউরোপে কার প্রভাব কোথায় থাকবে, তা কার্যত স্থির হয়ে গিয়েছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের মুখে। আর আজ রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ, দুটিরই মীমাংসা আপাতত সুদূরপরাহত।

শেনঝেনের আগে কোয়াড কী বার্তা দিল?

ত্রিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প কোয়াডের বাকি তিন সদস্যদেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসী আচরণ নিয়ে তিন দেশই দীর্ঘদিন ধরে সরব। বৈঠকেও সেই উদ্বেগের কথা তারা ট্রাম্পকে জানিয়েছে।

চার নেতার যৌথ বিবৃতিতে সেই উদ্বেগের ছাপ স্পষ্ট। তাঁরা বলেছেন, বলপ্রয়োগ বা চাপ সৃষ্টি করে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা-সহ এমন যে কোনও একতরফা বা অস্থিরতা সৃষ্টিকারী পদক্ষেপের তাঁরা ঘোর বিরোধী, যা উত্তেজনা বাড়ায় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে।

অর্থনৈতিক চাপ সৃষ্টি, খেয়ালখুশিমতো রফতানিতে বিধিনিষেধ আরোপ এবং জরুরি পণ্যের সরবরাহে বাধা দেওয়ার প্রশ্ন তুলেছে কোয়াড। পাশাপাশি জোর দিয়েছে সমুদ্র ও আকাশপথে অবাধ চলাচল, নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সঙ্কটেও সমুদ্রপথে পণ্য পরিবহণ সচল রাখার উপরে। প্রতিটি ক্ষেত্রেই চ্যালেঞ্জটা আসছে বেজিংয়ের কাছ থেকে।

চার নেতা আগামী বছর যৌথ নৌমহড়া করবেন বলেও একমত হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে তাঁরা আরও জোর দেবেন এবং একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করবেন। অর্থাৎ ট্রাম্প যখন শি ও পুতিনের সঙ্গে এক টেবিলে বসতে চলেছেন, তখনও কোয়াডের চার সদস্য একসঙ্গে চলার বার্তাই দিয়েছে।

দ্বিতীয় মেয়াদে চিনের প্রতি ট্রাম্পের মনোভাব নরম। তা সত্ত্বেও ভারত, জাপান ও অস্ট্রেলিয়া নিজেদের উদ্বেগ তাঁকে জানিয়েছে। প্রশ্ন হল, শি-র মুখোমুখি বসে ট্রাম্প কি সেই অবস্থানে অটল থাকতে পারবেন?

চিন অবশ্য গোড়া থেকেই কোয়াডকে প্রত্যাখ্যান করেছে। বেজিংয়ের ভাষায়, এই জোট সংঘাত উসকে দেয়। এক সময় কোয়াডকে ‘সমুদ্রের ফেনা’ বলেও কটাক্ষ করেছিল চিন।

তিন নেতার কার কী চাহিদা

টেবিলের ও পারে শি ও পুতিনকে পেলে দু’জনের সঙ্গেই বড় কোনও রফা সেরে ফেলার প্রলোভন থাকবে ট্রাম্পের। নিজের নিজের দেশে শি বা পুতিনকে কার্যত কোনও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না।

ট্রাম্প গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট। সদ্যসমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন তিনি। শি বা পুতিন নিজেদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় যে ভাবে কোনও প্রতিশ্রুতি দিয়ে তা কার্যকর করতে পারেন, ট্রাম্পের পক্ষে হয়তো তা তত সহজ হবে না।

শি চাইবেন দক্ষিণ চিন সাগর ও তাইওয়ানের প্রশ্নে তাঁর কথাই চলুক। পুতিন চাইবেন ইউক্রেনের প্রশ্নে নিজের শর্ত প্রতিষ্ঠা করতে। ইউক্রেনের যুদ্ধ ইতিমধ্যেই মেয়াদের বিচারে প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গিয়েছে। ইউরোপের দেশগুলির নজর তাই বেশি থাকবে পুতিনের দিকে। তাদের নিজেদের নিরাপত্তা এর সঙ্গে জড়িত। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি নজর রাখবে শি-র দিকে।

ট্রাম্পের কৌশলগত হিসাব হল, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার দুই যুদ্ধ থামাতেই শি এবং পুতিনের সাহায্য তাঁর দরকার। শি-র কাছে আবার বর্তমান পরিস্থিতি এক সুবর্ণ সুযোগ। যে যুদ্ধ সামলাতে আমেরিকার সামরিক শক্তি, অর্থ ও কূটনৈতিক সামর্থ্যে টান পড়ছে, সেই যুদ্ধ থামাতে তিনি কেন আগ্রহী হবেন?

চমকের বাইরে কী মিলবে?

বিশ্বের বহু মানুষের চোখে ‘বিগ থ্রি’ বা ‘গ্রুপ অব থ্রি’-র এই বৈঠক হয়তো আরও একটি আড়ম্বরপূর্ণ প্রদর্শনী হয়ে থাকবে। হইচই হবে, ছবি হবে, হাতে পাওয়ার মতো ফল মিলবে সামান্যই। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বহুচর্চিত বৈঠকে এই ধরনটি দেখা গিয়েছে। শি ও পুতিনের সঙ্গে তাঁর আগের দ্বিপাক্ষিক বৈঠকগুলিতেও এমন হয়েছে।

তবে গত বছর অক্টোবরে শি-র সঙ্গে দেখা করে ট্রাম্প গোটা বিশ্বের জন্য কিছুটা সময় আদায় করতে পেরেছিলেন। বিরল মৃত্তিকা মৌল দিয়ে তৈরি চুম্বকের সরবরাহ নিয়ে সঙ্কটটা তিনি অন্তত কিছু দিনের জন্য পিছিয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে ধাক্কা সামলেও সরবরাহ সচল রাখার ব্যবস্থা কতটা জরুরি।

কোভিড অতিমারির সময়েই বিশ্ব টের পেয়েছিল, কত কিছুর জন্য তাকে চিনের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। পণ্য সরবরাহের উপর দখল থাকায় বেজিং অন্য দেশগুলির উপর কতখানি চাপ সৃষ্টি করতে পারে, তা-ও তখন স্পষ্ট হয়েছিল। ওয়াশিংটন কিছুটা সময় আদায় করে দেওয়ায় দেশগুলি নিজেদের সরবরাহব্যবস্থা গড়ে তোলার এবং চিনের বাইরে বিকল্প উৎস খোঁজার বাড়তি সুযোগ পেয়েছিল। সেই বিচারে বৈঠকটি আমেরিকা ও বাকি বিশ্বের পক্ষে গুরুত্বপূর্ণ সাফল্য ছিল।

চিনেরও প্রাপ্তি ছিল। আমেরিকা ও চিনকে নিয়ে ‘গ্রুপ অব টু’-র কথা বলে ট্রাম্প বিশ্বশক্তি হিসেবে চিনের মর্যাদায় সিলমোহর দিয়েছিলেন। শি-র নেতৃত্বে বেজিংয়ের লক্ষ্য বিশ্বের এক নম্বর শক্তি হয়ে ওঠা।

নয়াদিল্লির কাছে বড় প্রশ্নটা এখানেই। আরও আগ্রাসী হয়েও যদি কোনও মাশুল দিতে না হয়, তা হলে বেজিংয়ের সাহস বাড়বে। তার প্রভাব সরাসরি পড়তে পারে ভারতের উপর। শি-র সঙ্গে ট্রাম্পের ক্ষমতার এই দরকষাকষি ভারতের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ চিনের সঙ্গে তার স্থলসীমান্ত রয়েছে। গত সপ্তাহান্তে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথায়, সেই সীমান্ত এখন ‘আগের চেয়ে বেশি সক্রিয়’। ফলে সীমান্তে আগের তুলনায় অনেক বেশি সেনা একটানা মোতায়েন রাখতে হচ্ছে ভারতকে।

নয়াদিল্লি চাইবে, এই ‘জি-থ্রি’ পর্ব ক্ষণস্থায়ী হোক। ভারতের মনে আছে ২০২০ সালের কথা। সে বার মাত্র দশ দিনের মধ্যে চিন সীমান্তে মোতায়েন সেনার সংখ্যা অনেকটা বাড়াতে হয়েছিল। শেনঝেনের বৈঠক যেন ভারতকে আবার সেই পরিস্থিতির মুখে না ঠেলে দেয়।