রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মায়ানমার সরকারকে দায়ী করে বৃহস্পতিবার যদি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) রায় দেয়, তা হলে আমেরিকা ওই আদালতের বিচারকদের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। সেই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এ বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইও।
গণহত্যা সংঘটনের জন্য আইসিজে আজ পর্যন্ত কোনও রাষ্ট্রকে দায়ী সাব্যস্ত করেনি। আগের মামলাগুলিতেও একটি প্রশ্ন বিশেষ গুরুত্ব পেয়েছে। গণহত্যা সনদে বলা হয়েছে, কোনও জাতীয়, নৃগোষ্ঠীগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিক ভাবে ধ্বংস করার অভিপ্রায়ে’ নির্দিষ্ট কিছু কাজ করলে তা গণহত্যা। কিন্তু সেই অভিপ্রায় প্রমাণ করা যাবে কী ভাবে?
হামলা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের আইনজীবীরা বলছেন, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন প্রদেশে মায়ানমারের সেনাবাহিনী যে ভাবে একের পর এক হামলা চালিয়েছিল, তার মধ্যেই রোহিঙ্গাদের গোষ্ঠী হিসেবে ধ্বংস করার চেষ্টার স্পষ্ট পরিচয় মেলে। পালিয়ে যাওয়ার সময়েও মানুষকে হত্যা করেছিল সেনা।
গণহত্যা সনদের ব্যাখ্যার ভার স্বাধীন বিচারকদের হাতে। তবে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজেদের সম্পদ কী ভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে আদালতের বিচারকেরা ইতিমধ্যেই পরামর্শ নিয়েছেন। আশঙ্কা, আদালত গণহত্যা হয়েছে বলে রায় দিলে ওয়াশিংটন তার অর্থ করতে পারে, এই অপরাধ প্রমাণের জন্য আইনে যে মানদণ্ড রয়েছে, আদালত তা শিথিল করল। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ প্রভাবশালী গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্র্যাসিজের পূর্বাভাস, তেমন রায় হলে আমেরিকা আইসিজে-র উপর নিষেধাজ্ঞা চাপাবে।
আমেরিকা ও ইজরায়েলের উদ্বেগের কেন্দ্রে রয়েছে গাজা। কোনও সরকারের গণহত্যা ঘটানোর অভিপ্রায় কী ভাবে প্রমাণ করা যায়, মায়ানমার মামলার চূড়ান্ত রায়ে তা স্পষ্ট হয়ে যেতে পারে। সেই নজির তৈরি হলে পরবর্তী কালে গাজায় ইজরায়েল গণহত্যা করেছে, এমন রায় দেওয়ার সম্ভাবনাও বাড়বে বলে দুই দেশের আশঙ্কা।
মায়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিদ্রোহীদের সশস্ত্র অভ্যুত্থান দমন করতেই ওই অভিযান চালানো হয়েছিল।
আইসিজে-কে অনেক সময় রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত বলা হয়। তার কাজ এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের বিরোধের নিষ্পত্তি করা। অন্য দিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আইসিসি-র বিচারকদের উপর ইতিমধ্যেই কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। গোটা প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে ওয়াশিংটন। তাদের ভাষায় আইসিসি এক ‘বেলাগাম আদালত’। ওয়াশিংটনের আশঙ্কা, এই আদালত মার্কিন সেনাদের বিরুদ্ধেও বিচারের উদ্যোগ নিতে পারে।
মায়ানমারের বিরুদ্ধে মামলাটির বাদী হিসেবে গাম্বিয়ার অধিকার ছিল শুধু এই মামলার জন্য এক জন অস্থায়ী বিচারক নিয়োগ করার। গাম্বিয়া বেছে নেয় দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাইকে। অক্টোবরে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। গাম্বিয়া তাঁকে মনোনীত করলেও বিচারক হিসেবে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়াই তাঁর দায়িত্ব। আদালতে গাম্বিয়ার পক্ষে সওয়াল করার জন্য তাঁকে নিয়োগ করা হয়নি।
রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ পিল্লাই ও আইসিজে-র ১৫ জন বিচারককে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিশ্বায়নপন্থী এই ভুয়ো বিচারকদের আমাদের সেনাদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেব না।’
গত মাসে ওয়াল্টজ অভিযোগ করেন, ‘মায়ানমার নিয়ে আইসিজে-তে যে মামলা চলছে, তাতে অস্থায়ী বিচারক নাভি পিল্লাই পাল্লা এক দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন। তাঁর উদ্দেশ্য গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড শিথিল করা। তা হলে অসামরিক মানুষের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদেশের সেনারা আঙুল তুললেই ওই দুর্বল ও ভ্রান্ত মানদণ্ডকে তাঁদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।’
পিল্লাইকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারছি। এই মামলা আইসিজে কী ভাবে পরিচালনা করে, তার উপর আমরা কড়া নজর রাখব।’
গত শুক্রবার এক বক্তৃতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও বলেন, ‘বিশ্বের এই অভিজাতদের কাছে আন্তর্জাতিক আইন… সর্বজনীন নীতির দোহাই দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার।’ আইসিসি-কে তাঁর হুঁশিয়ারি, ‘যাঁদের হাতে তরোয়াল’, তাঁদের যেন আইন উদ্ধৃত করে শোনাতে না যায় আদালত।
আইসিজে-র যে সব পরামর্শমূলক মতামত ইজরায়েলের বিপক্ষে গিয়েছে, অতীতেও তার সমালোচনা করেছে ইজরায়েল। ২০২৪ সালে গাজায় আরও ত্রাণ ঢুকতে দেওয়ার এবং প্যালেস্তিনি শরণার্থীদের জন্য রাষ্ট্রপুঞ্জের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনরোয়ার সঙ্গে সহযোগিতা করার যে নির্দেশ দিয়েছিল আদালত, ইজরায়েল তা কার্যকর করতে অস্বীকার করে।
মায়ানমার মামলায় ব্রিটেন ও আরও পাঁচটি দেশ যৌথ ভাবে আদালতে ২৪ পাতার একটি লিখিত বক্তব্য জমা দিয়েছে। দেশগুলির অধিকাংশই ইউরোপের। তাদের যুক্তি, গণহত্যার অভিপ্রায় ছিল কি না বিচার করার সময় আদালতের উচিত নানা ‘তথ্য ও পরিস্থিতি’ খতিয়ে দেখা এবং সেগুলিকে ‘সমগ্র প্রেক্ষাপটে একসঙ্গে’ বিচার করা।
ওই দেশগুলি আরও বলেছে, হত্যাকাণ্ড ছাড়াও অন্যান্য কাজ গণহত্যার সংজ্ঞায় পড়তে পারে। শিশুদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, লিঙ্গভিত্তিক হিংসা হয়েছে কি না, মানুষকে জোর করে ঘরছাড়া করা হয়েছে কি না, এ সবও বিচার্য।
কিছু দিন আগে পর্যন্ত দ্য হেগের এই আদালত সম্পর্কে আমেরিকার মনোভাব ছিল তুলনায় নরম। অ্যান্টনি ব্লিঙ্কেন যখন মার্কিন বিদেশসচিব, তখন আমেরিকা নিজেই সিদ্ধান্তে পৌঁছেছিল যে মায়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ ন’বছরের মেয়াদে আইসিজে-র ১৫ জন বিচারককে নির্বাচিত করে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে তাঁর অভিযোগের জবাব দেওয়ার জন্য রুবিও এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। তার পরেই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা।
শুক্রবার আইসিসি আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে, আফগানিস্তানে সম্ভাব্য বেআইনি কার্যকলাপের জন্য মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মীদের বিচারের পরিকল্পনা থেকে তারা সরে আসবে। তদন্ত এমনিতেই কার্যত থমকে ছিল। প্রমাণ জোগাড় করা কঠিন হবে বলে সংশ্লিষ্টরা একমত হওয়ার পর তা আপাতত গুটিয়ে রাখা হল। এর একটি পরোক্ষ ফল হতে পারে, গোটা আইসিসি-র উপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা ছেড়ে দিতে আমেরিকা এ বার আরও আগ্রহী হবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।