চিনের জাতীয় গোপনীয়তা সুরক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত প্রকাশনা সংস্থা গোল্ড ওয়াল প্রেস জানিয়েছে, দণ্ডিত ব্যক্তির পদবি ‘মা’। বিদেশে কর্মরত থাকাকালীন একটি বিদেশি গুপ্তচর সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করে এবং তাঁকে নিজেদের দলে টেনে নেয়। সেই সংস্থার নাম প্রকাশ করা হয়নি।

রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার তথ্য সাধারণত প্রকাশ করে না চিনের আদালত। তবে সাম্প্রতিক বছরগুলিতে দেশের প্রভাবশালী রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক ও গোল্ড ওয়াল প্রেস ক্রমশই এই ধরনের গ্রেফতারির খবর প্রচার করছে। চরবৃত্তি নিয়ে সতর্কবার্তা ছড়াতে সমাজমাধ্যম, চলচ্চিত্র, এমনকি কমিক্‌সও ব্যবহার করা হচ্ছে।

সোমবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোপনীয়তা’ ও ‘আনুগত্য’ সংক্রান্ত শর্ত-সহ একটি সহযোগিতা চুক্তিতে সই করেছিলেন মা। বিনিময়ে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পেতেন তিনি। সব মিলিয়ে রাষ্ট্রীয় গোপন তথ্য হিসাবে চিহ্নিত ৩৫টি নথি তিনি পাচার করেছেন এবং তার বিনিময়ে পেয়েছেন ১০ লক্ষ ইউয়ানেরও (প্রায় দেড় লক্ষ মার্কিন ডলার) বেশি।

বিবৃতি অনুযায়ী, কাইলিন নামে এক গুপ্তচর চিনা ভাষা শেখার আগ্রহের কথা বলে ‘প্রায়ই মায়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতেন, তাঁর সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার আশায়’। পরে কাইলিন তাঁর এক সহকর্মীর সঙ্গে মায়ের আলাপ করিয়ে দেন। সেই সহকর্মী হুমকি দেন, সহযোগিতা না করলে মা আগে যে-সব তথ্য ফাঁস করেছেন, তা চিনা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশে ফেরার পরেও ওই বিদেশি সংস্থার জন্য তথ্য জোগাড় চালিয়ে যান মা। সংস্থাটি তাঁকে একটি ল্যাপটপও দিয়েছিল। নিজের পদের সুযোগ নিয়ে দিনের বেলা গোপন নথি থেকে তথ্য সংগ্রহ করতেন তিনি, আর রাতে একটি চরবৃত্তির ওয়েবসাইটের মাধ্যমে তা বিদেশে পাঠিয়ে দিতেন।

সংশ্লিষ্ট দেশগুলির নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি। কবে বা কোথায় সাজা ঘোষণা হয়েছে, কিংবা ইতিমধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

ঘটনাটি এমন সময়ে সামনে এল, যখন চিনে তথ্যদাতা সংগ্রহের নিজস্ব প্রয়াস প্রকাশ্যেই প্রচার করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। একটি সংস্থার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি দেখা পাঁচটি ভিডিয়োই ম্যান্ডারিন ভাষায় তৈরি নিয়োগের বিজ্ঞাপন।

একটি সংস্থার মন্তব্য, ‘এই চাঞ্চল্যকর ঘটনা আরও একবার সতর্ক হওয়ার বার্তা দিল।’ সংস্থাটির সতর্কবার্তা, বিদেশি গুপ্তচর সংস্থাগুলি ‘অত্যন্ত ধূর্ত’। গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের দলে টানতে তারা আবেগের সম্পর্ক, আর্থিক স্বার্থ ও হুমকি, সবই কাজে লাগায়।

বিবৃতিতে আধিকারিকদের সজাগ থাকার পাশাপাশি কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য আরও দৃঢ় করা, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করা এবং বিদেশি নিয়োগের ফাঁদ থেকে সাবধান থাকার আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে চরবৃত্তি-বিরোধী আইনের পরিধি বাড়িয়েছিল বেজিং। তাতে চরবৃত্তির সংজ্ঞা বিস্তৃত করা হয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কর্তৃপক্ষের তদন্তের ক্ষমতাও বাড়ানো হয়। পরের বছর রাষ্ট্রীয় গোপনীয়তা আইন সংশোধন করে স্পর্শকাতর তথ্যের উপর জারি থাকা বিধিনিষেধ তথাকথিত ‘কাজের গোপনীয়তা’ পর্যন্ত প্রসারিত করা হয়।