পোপ ফ্রান্সিস তাঁর ডায়েরিতে শয়তানের মুখোমুখি হওয়ার কথা লিখে গিয়েছেন। লিখেছেন আরও একটি কথা। যাজকদের যৌন নির্যাতন কেলেঙ্কারি কতটা গুরুতর, তা যখন তিনি বুঝতে পারেন, তখন নাকি তিনি ‘নরকের দ্বার’ দেখেছিলেন। মঙ্গলবার প্রকাশিত ডায়েরির কিছু অংশে এই কথা উঠে এসেছে।
প্রয়াত আর্জেন্টিনীয় পোপের মনের গভীরতম ভাবনা, উপলব্ধি আর আশঙ্কা প্রকাশ্যে এসেছে ‘দ্য প্রাইভেট ডায়েরি অফ পোপ ফ্রান্সিস’ বইয়ে। বইটি সম্পাদনা করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর মানুয়েল ফার্নান্দেজ়। একাধিক ভাষায় বিশ্ব জুড়ে বইটি প্রকাশিত হচ্ছে।
ফ্রান্সিসের পূর্বনাম হোর্হে বের্গোলিও। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কালো প্লাস্টিকের মলাটের একটি ডায়েরিতে তিনি লিখতেন। বইয়ের অংশগুলি নেওয়া হয়েছে সেখান থেকেই।
সবচেয়ে চাঞ্চল্যকর অংশগুলির একটি লেখা ২০২১ সালের জানুয়ারিতে। সেখানে ফ্রান্সিস জানিয়েছেন, তাঁর একাধিক ‘আধ্যাত্মিক দর্শন’ হয়েছিল, তার মধ্যে শয়তানের দর্শনও ছিল।
“আমি স্পষ্ট শুনেছিলাম শয়তানের কণ্ঠস্বর,” লিখেছেন তিনি। প্রায় ১৫ বছর আগে তিনি বুয়েনস আইরেসের আর্চবিশপ ছিলেন। সেই সময় একবার ‘গাড়ি থেকে’ শয়তানকে দেখেছিলেন। আর একবার দেখেছিলেন প্রার্থনাসভা চলার সময়, গির্জার উপরতলার গায়কমঞ্চে। প্রকাশিত অংশে ফ্রান্সিস লিখেছেন, শয়তানের সেই ‘হুমকিভরা চোখ’ তিনি কখনও ভুলতে পারেননি।
পোপ হিসেবে বিদেশ সফরেও তিনি শয়তানের উপস্থিতি অনুভব করেছিলেন বলে জানিয়েছেন। তার একটি ২০১৮ সালের চিলে সফর। সেই সফরে বিমানের মধ্যে সাংবাদিক সম্মেলনে তিনি চিলের যাজকদের যৌন নির্যাতনের শিকারদের অভিযোগ নস্যাৎ করে দেন। তা নিয়ে তুমুল বিতর্ক হয়।
রোমে ফিরে ফ্রান্সিস ক্ষমা চান এবং তদন্তের নির্দেশ দেন। তিনি স্বীকার করেন, নির্যাতিতরাই ঠিক ছিলেন, চিলের চার্চের শীর্ষকর্তারা তাঁকে বিভ্রান্ত করেছিলেন। বিশ্ব জুড়ে যাজকদের ব্যাপক যৌন নির্যাতনের মোকাবিলা করতে ২০১৯ সালে তিনি ভ্যাটিকানে কার্ডিনালদের এক নজিরবিহীন শীর্ষ বৈঠকও ডাকেন।
সফরের পরে তিনি লেখেন, “চিলের পরিস্থিতি আর বিমানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পরে আমি বিধ্বস্ত। বুঝতে পারলাম সমস্যাটা কতটা গুরুতর... চিলে যা ঘটেছে, তা মেনে নেওয়া আমার পক্ষে কঠিন ছিল। ভাবিনি এতটা গুরুতর।”
কয়েক মাস পরে রোমে তিনি লেখেন, চিলের কেলেঙ্কারিতে তিনি দেখেছিলেন ‘নরকের প্রবেশদ্বার’, দেখেছিলেন ‘পূর্ণ শক্তিতে পৌত্তলিক প্রলোভন’।
ডায়েরিতে লেখা, “একটু উঁকি মেরে দেখেছিলাম, তাতেই আতঙ্কে কেঁপে উঠেছিলাম। অস্ত্রের মতো আঁকড়ে ধরেছিলাম জপমালা। এই সহায়তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই।”
ফার্নান্দেজ় ভ্যাটিকানের ধর্মতত্ত্ব বিষয়ক দফতরের (ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অফ দ্য ফেথ) প্রধান। তিনি জানিয়েছেন, ফ্রান্সিস নিজেই তাঁকে অনুরোধ করেছিলেন ব্যক্তিগত ডায়েরিটি বিশ্বের সামনে তুলে ধরতে। ফ্রান্সিস প্রয়াত হন ২০২৫ সালের এপ্রিলে। তার পরেই এই অংশগুলি প্রকাশিত হল।
ফ্রান্সিসের মৃত্যুর পরে তাঁর উত্তরসূরি পোপ লিয়োর কাছে ফার্নান্দেজ় আশঙ্কা জানিয়েছিলেন, ডায়েরিটি হয়তো ‘কোনও গুদামঘরে বিস্মৃত হয়ে পড়ে থাকবে’। এর পরে তাঁকে কিছু অংশ প্রকাশের অনুমতি দেওয়া হয়। বইয়ে ফার্নান্দেজ় লিখেছেন, “তাঁর [ফ্রান্সিসের] হৃদয়ে যে আধ্যাত্মিক উদ্বেগ ছিল, তা অত্যন্ত স্পষ্ট। তা আমাদের মঙ্গল করতে পারে।”
বইটিতে গোটা ডায়েরি নেই। উদ্ধৃত অংশগুলির প্রেক্ষাপট ফার্নান্দেজ় নিজের মন্তব্যে ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, ফ্রান্সিস নিজের সবচেয়ে গোপন ভাবনাগুলি এক দুর্বোধ্য সাঙ্কেতিক ভাষায় লিখতেন। সেই অংশ বইয়ে রাখা হয়নি।
অন্য একটি অংশে ফ্রান্সিস লিখেছেন দু’বছরের এক আধ্যাত্মিক সঙ্কটের কথা। সঙ্কট শুরু হয় ২০২১ সালে। সেই সময় তিনি শয়তানের প্রলোভন অনুভব করছিলেন। ক্যাথলিক চার্চের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়েও হিমশিম খাচ্ছিলেন। একই সময়ে তাঁর স্বাস্থ্যেরও অবনতি হচ্ছিল। তিনি লিখেছেন, তাঁকে লড়তে হয়েছিল যাতে তিনি এমন মানুষ না হয়ে ওঠেন, যে ‘অন্যদের পুতুলের মতো ব্যবহার করে’।
২০২২ সালের ডিসেম্বরের একটি লেখায় তিনি বলেছেন, “সব কিছুর সঙ্গে মিশে গিয়েছিল প্রশাসনিক সমস্যা, সিদ্ধান্ত নেওয়ার চাপ, আধ্যাত্মিক শুষ্কতা আর গভীর বিষাদ।”
ডায়েরিতে আত্মসমালোচনাও করেছেন ফ্রান্সিস। মাঝেমধ্যে তাঁর মনে ‘তাচ্ছিল্য, ঈর্ষা, অহঙ্কার’ জেগে উঠত, তা নিয়ে নিজেকে দুষেছেন। একবার রাস্তায় এক মদ্যপ ব্যক্তি তাঁকে কিছু বলতে এসেছিলেন। ফ্রান্সিস তাঁকে উপেক্ষা করেছিলেন। তাঁর কথায়, “আমি শান্তিতে, নিরিবিলিতে হাঁটতে চেয়েছিলাম।” সেই ঘটনার জন্যও তিনি নিজেকে দোষ দিয়েছেন।
২০২২ সালের ৩০ ডিসেম্বরের লেখায় নিজেকে তিনি বর্ণনা করেছেন এ ভাবে: “উদ্ধত, আত্মম্ভরী, ঘোর সংশয়বাদী হোর্হে, যে নিজের কাছেই মিথ্যে বলে।”
২০১৭ সালের ১৫ জানুয়ারি তিনি স্বীকার করেছেন, “গত তিন-চার দিন ধরে আমি সত্যিই খুব রেগে আছি, মন ভাল নেই।”
বইয়ে কয়েক জন শীর্ষ আধিকারিক সম্পর্কে ফ্রান্সিসের মন্তব্যও তুলে ধরেছেন ফার্নান্দেজ়। তাঁদের একজন আমেরিকার কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট, যিনি ২০২৫ সালের মে মাসে পোপ লিয়ো হন।
ফার্নান্দেজ় জানিয়েছেন, প্রেভোস্ট সম্পর্কে ফ্রান্সিসের মত ছিল, তিনি “এক মহান যাজক, এক উদার ধর্মপ্রচারক, এক নিষ্কলঙ্ক মানুষ”।
ফ্রান্সিসের সবচেয়ে সরব দুই সমালোচক গিনির কার্ডিনাল রবার্ট সারা এবং জার্মানির কার্ডিনাল গেরহার্ড মুলার। তাঁদের সম্পর্কেও তিনি সহৃদয় কথা বলেছিলেন। ফার্নান্দেজ়ের কথায়, ফ্রান্সিস মনে করতেন সারার রয়েছে ‘এক পরিশীলিত আধ্যাত্মিক সংবেদনশীলতা’। আর মুলার সম্পর্কে বলেছিলেন, তিনি ‘আপাতদৃষ্টিতে আক্রমণাত্মক, কিন্তু ভাল মানুষ’।
আর নিজের পোপ হওয়া নিয়ে? ফ্রান্সিস পোপ হন ২০১৩ সালের মার্চে। তার চার মাসেরও বেশি পরে, সেই বছরের জুলাইয়ে, ডায়েরিতে তিনি লিখেছিলেন মাত্র একটি সাদামাটা লাইন: “১৩ মার্চ ওঁরা আমাকে পোপ নির্বাচিত করলেন।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।