স্বাস্থ্য সংস্থাগুলির মতে, সংক্রমণ বাড়ার পিছনে রয়েছে পরিকাঠামোর ধ্বংস, গাদাগাদি আশ্রয়শিবির আর নিকাশির জল মিশে পানীয় জলের দূষণ। শীতের বন্যা এবং মানবিক ত্রাণের উপর নিষেধাজ্ঞা সেই সঙ্কটকে আরও গভীর করেছে। যুদ্ধের আগে গাজ়ার পানীয় জলের বড় অংশ আসত লবণমুক্তকরণ কেন্দ্র এবং ইজ়রায়েল-নিয়ন্ত্রিত তিনটি পাইপলাইন থেকে। যুদ্ধের শুরুতেই সেগুলি বন্ধ হয়ে যায়। এখনও সেগুলি পুরোপুরি চালু হয়নি, খুলেছে আংশিক ভাবে।

সাংবাদিক বৈঠকে ঘোনেইম জানান, অক্টোবরে গোটা ভূখণ্ডে ২৭২ জনের মেনিনজাইটিস ধরা পড়েছে। স্বাভাবিক সময়ে মাসে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হন, এ বার সংখ্যাটা তার আট গুণেরও বেশি। চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত মেনিনজাইটিসে মৃত্যু হয়েছে ১৫ জন প্যালেস্টাইনির।

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “রক্ষণাবেক্ষণের যন্ত্রাংশ, জীবাণুনাশক সামগ্রী ও জ্বালানি ঢুকতে না দেওয়ায় এই মহামারি ছড়িয়েছে। এর পূর্ণ ও প্রত্যক্ষ দায় আমরা [ইজ়রায়েলি] দখলদার শক্তির উপরেই চাপাচ্ছি।”

রাষ্ট্রপুঞ্জের মানবিক বিষয়ক সংস্থা ওচা আগেই জানিয়েছিল, ২৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে গাজ়ায় মেনিনজাইটিসের ৪১৩টি সন্দেহজনক ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে ২৯৪টি ভাইরাসঘটিত, ১১৯টি ব্যাক্টেরিয়াঘটিত। প্রায় ৬৮ শতাংশ ঘটনাই গাজ়া সিটির।

ওচা-র ব্যাখ্যা অনুযায়ী, সংক্রমণ বাড়ার সম্ভাব্য কারণ গাদাগাদি তাঁবু আর স্কুল, আশ্রয় ও স্বাস্থ্যবিধি-ব্যবস্থার ক্রমাবনতি এবং অনিরাপদ জলের সংস্পর্শ।

গাজ়ার জলসঙ্কট ভয়াবহ। যুদ্ধের আগে এই ভূখণ্ডের ৮০ শতাংশ জল আসত একটি ভূগর্ভস্থ জলস্তর থেকে। সমুদ্রের নোনা জল আর বর্জ্য জল মিশে সেটি এখন এতটাই দূষিত যে পান করা যায় না।

বহু মানুষের সামনে তাই এক নির্মম বাছাই। এক কাপ জল বেশি খাবেন, নাকি সেটুকু বাঁচিয়ে রাখবেন হাত ধুয়ে রোগ ঠেকানোর জন্য? এই ভূখণ্ডে অসুস্থতার প্রধান কারণগুলির অন্যতম তীব্র ডায়রিয়া। সোক-পিট থেকে প্রতি দিন প্রায় ১৫ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য চুঁইয়ে ভূগর্ভস্থ জলে মিশছে। এই সমস্যা সবচেয়ে বেশি আল-মাওয়াসির অস্থায়ী শিবিরগুলিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সেপ্টেম্বরে জানিয়েছিল, জলের নমুনায় জীবাণু-দূষণের হার জানুয়ারিতে ছিল ৬ শতাংশেরও কম। অগস্টে তা বেড়ে প্রায় ২০ শতাংশে পৌঁছেছে।

রোগের প্রাদুর্ভাব আর পানীয় জল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব তো আছেই। তার সঙ্গে প্যালেস্টাইনিদের এখনও সইতে হচ্ছে ইজ়রায়েলি সেনার হামলা আর যুদ্ধবিরতি লঙ্ঘন। গত কয়েক দিনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইজ়রায়েল।

গত বুধবার ইজ়রায়েলি সেনা হামাস-নিয়ন্ত্রিত মধ্য গাজ়ায় ঢুকে পড়ে। গত বছরের অক্টোবরে নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তার পর এই প্রথম ‘হলুদ রেখা’ পেরিয়ে স্থল অভিযান চালাল তারা। তার জেরে কয়েক ডজন ঘরছাড়া প্যালেস্টাইনি তাঁবু ছেড়ে পালাতে বাধ্য হন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজ়ায় চার জন নিহত ও সাত জন আহত হয়েছেন। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মৃতের সংখ্যা দাঁড়াল ১,৬৭৯।

গাজ়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি।