জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া। তার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মীয় ও ঘনিষ্ঠদের মধ্যে ১২ জনকে চিঠি পাঠিয়ে তদন্ত-সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিলেন তিনি। বুধবার যাঁদের চিঠি পাঠিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাই জ্যারেড কুশনার, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ।
গার্সিয়া বলেছেন, “সমস্ত আমেরিকানের কাজে আসবে, এমন আইন তৈরির ভিত গড়ে দেবে এই তদন্তগুলি। এই তো সবে শুরু।”
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে নিরঙ্কুশ জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। জানুয়ারিতে কমিটির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে গার্সিয়া সাক্ষ্য দিতে বা নথি পেশ করতে বাধ্য করার জন্য সমন জারির ক্ষমতাও পাবেন। তাঁর তদন্ত কোন পথে এগোবে, এই চিঠিগুলিতেই প্রথম তার বিশদ আভাস মিলল। তদন্তের আওতায় আসবে ট্রাম্প পরিবারের আর্থিক লেনদেন, কর্পোরেট দুর্নীতির অভিযোগ, অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরে অনিয়মের অভিযোগ এবং যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টিনকে ঘিরে সরকারি নথিপত্র। গার্সিয়ার অভিযোগ, হোয়াইট হাউস এপস্টিন-সংক্রান্ত তথ্য ধামাচাপা দিয়েছে।
গার্সিয়া বলেছেন, “এই প্রশাসনে পদ কাজে লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে লড়ছেন তদারকি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা।”
এর জেরে হোয়াইট হাউসের সঙ্গে আইনি লড়াইয়ের পটভূমি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কাজকর্ম খতিয়ে দেখার পরিকল্পনা নিয়ে গার্সিয়া-সহ একাধিক প্রথম সারির ডেমোক্র্যাট নেতাকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস।
প্রশাসনের আধিকারিক, সহযোগী ও ঘনিষ্ঠদের কাছে যে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তথ্য চেয়েছেন, বুধবার তাঁদের পাল্টা জবাব দিল ট্রাম্প প্রশাসন। প্রতিনিধি পরিষদ ও সেনেটের প্রতিটি কমিটিতে সংখ্যালঘু দলের শীর্ষ সদস্যকে চিঠি পাঠিয়েছেন হোয়াইট হাউসের প্রধান আইন উপদেষ্টা উইল শার্ফ। তাঁর দাবি, তথ্য চেয়ে পাঠানো বেশ কয়েকটি চিঠির ভাষায় “এতটাই বিদ্বেষ বা ক্ষুদ্রতা ফুটে উঠেছে যে বোঝা যায়, এর উদ্দেশ্য বৈধ তদারকি নয়, অন্যকে হেনস্থা করা আর নিজেদের গুরুত্ব বাড়ানো।”
শার্ফের যুক্তি, সংখ্যালঘু দলের সদস্যদের এমন অনুরোধে সাড়া দিতে প্রশাসন বাধ্য নয়। জানুয়ারি পর্যন্ত কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যালঘুই থাকছেন। শার্ফের চিঠিটি প্রথম হাতে পায় সংবাদমাধ্যম পলিটিকো।
প্রয়াত এপস্টিনের নথিপত্র সরকার যে ভাবে সামলেছে, তার জন্য গার্সিয়া যাঁদের দায়ী করেন, তাঁদের বেশ কয়েকজনকে চিঠি পাঠিয়েছেন তিনি। তাঁদেরই একজন টড ব্ল্যাঞ্চ। এপ্রিলে প্যাম বন্ডিকে বরখাস্ত করার পরে অ্যাটর্নি জেনারেল হন ব্ল্যাঞ্চ। ২০২৫ সালের ‘এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ অনুযায়ী এপস্টিন-সংক্রান্ত সরকারি নথি প্রকাশ করার কথা। প্রকাশিত নথিতে কিছু তথ্য ঢেকে দেওয়ার ক্ষেত্রে যে ভুল হয়েছিল, তার দায় নিয়েছেন ব্ল্যাঞ্চ। তাঁকে লেখা চিঠিতে গার্সিয়া বলেছেন, কমিটির আগের একটি সমনে যা চাওয়া হয়েছিল, তা এখনও মেলেনি এবং বিচার দপ্তর ওই আইনের নির্দেশও পালন করেনি।
আর একটি চিঠি গিয়েছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে। এপস্টিনের অপরাধে সহযোগিতার দায়ে দণ্ডিত গিলেন ম্যাক্সওয়েল ব্ল্যাঞ্চকে বলেছিলেন, তিনি কখনও ট্রাম্পকে অনুচিত আচরণ করতে দেখেননি। তার এক সপ্তাহের মাথায় কেন ম্যাক্সওয়েলকে ফ্লরিডার কম নিরাপত্তার জেল থেকে টেক্সাসের এমন এক বন্দিশিবিরে সরানো হল, যেখানে বিধিনিষেধ আরও কম? গার্সিয়া এই প্রশ্ন তুলেছেন। ট্রাম্পের পক্ষে যায় এমন বক্তব্য দেওয়ার কয়েক দিনের মধ্যেই ম্যাক্সওয়েলকে সরানোর কথা উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন, তার পর থেকে ম্যাক্সওয়েল কী কী বিশেষ সুবিধা পেয়েছেন।
এপস্টিনকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া কী ভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে ২০২৫ সালে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যে বৈঠকগুলি হয়েছিল, সে বিষয়ে ভ্যান্স ও হোয়াইট হাউসের প্রাক্তন চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকেও চিঠি পাঠিয়েছেন গার্সিয়া। তাঁর প্রশ্ন, “এপস্টিনকে নিয়ে কী কৌশল নেওয়া হবে, তা নিয়ে সিচুয়েশন রুমে বৈঠক হচ্ছে কেন?”
ট্রাম্পের আমলে অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের কাজকর্ম নিয়ে গার্সিয়া চিঠি লিখেছেন দপ্তরের প্রাক্তন মন্ত্রী ক্রিস্টি নোম ও তাঁর তৎকালীন শীর্ষ উপদেষ্টা কোরি লেওয়ানডাউস্কিকে। গার্সিয়ার অভিযোগ, দু’জনেই নিজেদের ও ঘনিষ্ঠদের আর্থিক লাভের জন্য সরকারি পদ ব্যবহার করেছেন।
ওই দপ্তরের ইনস্পেক্টর জেনারেল ফৌজদারি তদন্তের জন্য বিষয়টি পাঠানোর পর বিচার দপ্তর ইতিমধ্যেই বরাত দেওয়ায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে। তদন্তের আওতায় রয়েছে লেওয়ানডাউস্কির ভূমিকাও। নোমের নির্দেশ ছিল, এক লক্ষ ডলারের বেশি অঙ্কের যে কোনও চুক্তি, অনুদান বা অর্থ বরাদ্দের প্রতিশ্রুতির জন্য তাঁর নিজের লিখিত অনুমোদন লাগবে। তদন্ত শুরুর অন্যতম কারণ ছিল ২২ কোটি ডলারের একটি বিজ্ঞাপনের বরাত। কোন প্রক্রিয়ায় ওই বরাত দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। লেওয়ানডাউস্কির বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তিনি অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে লেখা চিঠি দু’টির কেন্দ্রে রয়েছে ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যানশিয়াল। ক্রিপ্টোকারেন্সির এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ট্রাম্প পরিবারের সদস্যরা। ২০২৫ সালে ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, ট্রাম্পের শপথগ্রহণের কিছু আগে সংযুক্ত আরব আমিরশাহির সমর্থনপুষ্ট একটি সংস্থা ৫০ কোটি ডলারে ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যানশিয়ালের ৪৯ শতাংশ মালিকানা কিনেছিল। এই লেনদেন ঘিরেই স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।
হোয়াইট হাউসের বক্তব্য, প্রেসিডেন্টের সম্পত্তি একটি ট্রাস্টের হাতে। তাঁর সন্তানেরা সেই ট্রাস্ট পরিচালনা করেন এবং এতে স্বার্থের কোনও সংঘাত নেই। গার্সিয়ার অভিযোগ, এরিক ট্রাম্প এমন সব ব্যবস্থায় জড়িত, যেখানে অর্থের বিনিময়ে সুবিধা মেলে। আর ট্রাম্প জুনিয়রকে তিনি লিখেছেন, “আপনার জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের খরচও জুগিয়েছে বিদেশি স্বার্থগোষ্ঠী।”
তদন্তের মোকাবিলায় ট্রাম্প প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে। মধ্যবর্তী নির্বাচনে জয়ের পরে গার্সিয়া ট্রাম্প প্রশাসনের কর্তাদের বলেছিলেন, “আইনজীবী ঠিক করে রাখুন।” তার জবাবে ৯ নভেম্বর গার্সিয়াকে চিঠি লিখে শার্ফ হুঁশিয়ারি দেন, ডেমোক্র্যাটরা যে তদন্তের পরিকল্পনা করছেন, তা “সরাসরি ফৌজদারি অপরাধের” পর্যায়ে পড়তে পারে। পরে শার্ফ বলেছেন, এই সব অনুসন্ধান ঠেকাতে তাঁরা “সর্বশক্তি দিয়ে লড়বেন”। হোয়াইট হাউস তার আইন উপদেষ্টার দপ্তরে আরও ১৫ জন আইনজীবী নিয়োগ করেছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসে সাক্ষ্য দিতে সম্মত হওয়ার আগে হোয়াইট হাউসের অনুমোদন নিতে হবে।
গার্সিয়া জানিয়েছেন, ডেমোক্র্যাটরা পিছু হটবেন না। একটি চিঠিতে তিনি লিখেছেন, “নির্দেশ অমান্য করা বা তদন্তে বাধা দেওয়া তদারকি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বরদাস্ত করবেন না।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।