২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ‘হলুদ রেখা’ পেরিয়ে হামাস-নিয়ন্ত্রিত মধ্য গাজায় স্থল অভিযান চালাল ইসরায়েলি সেনা। বুধবারের এই অভিযানে ঘরছাড়া কয়েক ডজন ফিলিস্তিনিকে তাঁদের আশ্রয়ের তাঁবু ছেড়ে পালাতে হয়।
গাজার উত্তর ও দক্ষিণকে যুক্ত করেছে যে প্রধান সড়ক, সেই সালাহ আল-দিন সড়ক ধরে এগোয় ইসরায়েলি ট্যাঙ্ক। তার আগের দিনই যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা মার্কিন মদতপুষ্ট ‘বোর্ড অব পিস’ অভিযোগ করেছিল, লড়াই বন্ধে ইসরায়েল ও হামাস যে অঙ্গীকার করেছিল, কোনও পক্ষই তা রাখেনি।
ইসরায়েলি সেনার এক মুখপাত্র জানান, মধ্য গাজায় হলুদ রেখার পশ্চিমে ‘হামাসের পরিকাঠামো’ লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সেনা। অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি সেনাবাহিনী। অভিযানটি হল এমন এক সময়ে, যখন ইসরায়েলের বিরোধী নেতা গাদি আইজেনকট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গড়ার চেষ্টা করছেন। ইসরায়েলকে নিরাপদে রাখার প্রতিশ্রুতি দিয়েই নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তুলেছেন নেতানিয়াহু।
গাজার নিরাপত্তা বিভাগের এক সূত্র সংবাদ সংস্থাকে জানায়, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি কামান থেকে প্রবল গোলাবর্ষণ হচ্ছিল। ওই সূত্রের কথায়, দুপুর থেকে মধ্য গাজায় গোলাগুলি ও বিমান হামলা চলছিল। তার মধ্যেই সেখানে ইসরায়েলি সামরিক যান দেখা যায়।
হামাস এই অভিযান ও ফিলিস্তিনিদের জোর করে আশ্রয় ছাড়ানোর নিন্দা করে বলেছে, এটি ‘যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন’। তাদের বক্তব্য, এর ফলে সংঘাত বিপজ্জনক মাত্রা নিচ্ছে। হামাসের বিবৃতির তাৎক্ষণিক জবাব দেয়নি ইসরায়েলি সেনা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা ট্যাঙ্কের গোলার শব্দ শুনেছেন। ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বক্তব্য, স্থল অভিযান যেখানে চলছিল, তার কাছেই ইসরায়েলি বিমান হামলায় এক জন নিহত হন।
চিকিৎসাকর্মীরা আরও জানান, বুধবার পৃথক দু’টি ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দু’জন নিহত হন। এক জন দেইর আল-বালাহতে, অন্য জন গাজা শহরে। ইসরায়েলি সেনা জানিয়েছে, দেইর আল-বালাহর কোনও ঘটনার কথা তাদের জানা নেই। গাজা শহরে তারা এক সশস্ত্র যোদ্ধার ওপর হামলা চালিয়েছে বলে জানায়।
হামাসের ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামাস ফের সংগঠিত হচ্ছে এবং নতুন করে অস্ত্র সংগ্রহ করছে। হামাসের পাল্টা অভিযোগ, মার্কিন মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, ইসরায়েল তা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা চলেছে। হামাসের হাতেও অস্ত্র রয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ছ’জন নিহত হন বলে জানিয়েছেন হাসপাতালের অধিকর্তা। নিহতদের মধ্যে ছিলেন এক শল্যচিকিৎসক ও এক প্রতিবন্ধী ব্যক্তি। আহত হন আরও ২৮ জন।
গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা তদারক করছে তাঁরই নেতৃত্বাধীন বোর্ড অব পিস। সংস্থাটির অভিযোগ, লড়াই বন্ধে দু’পক্ষই অঙ্গীকার পালনে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিনিরা চরম দুর্দশায় রয়েছেন। যুদ্ধবিরতিও ভেঙে পড়ার মুখে।
১৩ মাস আগে যুদ্ধবিরতি শুরুর পর এই নিয়ে দ্বিতীয় বার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রিপোর্ট দিল বোর্ড। সংবাদ সংস্থার হাতে আসা ওই রিপোর্টে বলা হয়েছে, চুক্তিতে যা স্থির হয়েছিল, তার সঙ্গে গাজার বাস্তব পরিস্থিতির ফারাকই চুক্তির পক্ষে সবচেয়ে বড় বিপদ। বোর্ডের সতর্কবার্তা, ‘যে যুদ্ধবিরতির কোনও ফলই চোখে পড়ে না, তা অনির্দিষ্টকাল টিকিয়ে রাখা যায় না।’
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনা জানিয়েছে, একই সময়ে তাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন। তার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, সেই থেকে গাজায় ৭৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।