এনভিডিয়া নিয়ে মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লাটনিকের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন বাড়ছে। তাঁর পরিবারের বিনিয়োগ সংস্থা ক্যান্টর ফিৎজজেরাল্ডের হাতে তখন এনভিডিয়ার বিপুল অঙ্কের শেয়ার ছিল। বাণিজ্যসচিবের সিদ্ধান্তে সেই বিনিয়োগের কোনও প্রভাব পড়েছিল কি না, জানতে চেয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার আগে কয়েক দশক ধরে ক্যান্টর ফিৎজজেরাল্ডের নেতৃত্ব দিয়েছেন লাটনিক। মার্কিন কংগ্রেসের তিনটি গুরুত্বপূর্ণ কমিটি ও উপকমিটির ডেমোক্র্যাট সদস্যদের বক্তব্য, লাটনিক যখন এমন কয়েকটি সিদ্ধান্ত নিচ্ছিলেন যার উপরে এনভিডিয়ার ব্যবসা নির্ভর করছিল, তখন ক্যান্টরের হাতে ওই প্রযুক্তি সংস্থার কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের শেয়ার ছিল।
মেরিল্যান্ডের জেমি রাসকিন, নিউ ইয়র্কের গ্রেগরি মিকস এবং ক্যালিফোর্নিয়ার সিডনি ক্যামলাগার-ডোভ প্রশ্ন তুলেছেন, “মার্কিন জনগণের জানার অধিকার আছে, নিজের প্রাপ্তবয়স্ক সন্তানদের এবং ক্যান্টর ফিৎজজেরাল্ডের আর্থিক লাভের জন্য বাণিজ্যসচিব কি আমেরিকার জাতীয় নিরাপত্তার গুরুতর ক্ষতি করেছেন? এমন ক্ষতি, যা হয়তো আর মেরামত করা যাবে না?”
ক্যান্টর ফিৎজজেরাল্ডের দাবি, এনভিডিয়া সম্পর্কে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে তাদের “কোনও ভূমিকা ছিল না”।
মার্কিন প্রতিনিধি সভার বিচারবিষয়ক কমিটিতে রাসকিন জ্যেষ্ঠতম ডেমোক্র্যাট সদস্য। বিদেশবিষয়ক কমিটিতে একই দায়িত্বে রয়েছেন মিকস। দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত বিদেশবিষয়ক উপকমিটিতে জ্যেষ্ঠতম ডেমোক্র্যাট সদস্য ক্যামলাগার-ডোভ।
চিঠিতে কী জানতে চাওয়া হয়েছে
মঙ্গলবার ওই তিন আইনপ্রণেতা লাটনিকের ছেলে ব্র্যান্ডনকে চিঠি লিখে এনভিডিয়া সংক্রান্ত চিঠিপত্র ও অন্যান্য যোগাযোগের রেকর্ড-সহ বিভিন্ন নথি চেয়েছেন। ব্র্যান্ডন এখন ক্যান্টর ফিৎজজেরাল্ডের চেয়ারম্যান।
চিঠিতে তাঁরা লিখেছেন, “আমরা বুঝতে চাই, রফতানি নিয়ন্ত্রণ, বিধি প্রয়োগ কিংবা জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে বাণিজ্যসচিব লাটনিকের কোনও পদক্ষেপ বা সিদ্ধান্তে ক্যান্টর ফিৎজজেরাল্ডের শেয়ার মালিকানা অথবা ব্যবসায়িক স্বার্থ কোনও অনুচিত প্রভাব ফেলেছিল কি না।”
চিঠির সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে তাঁরা তাঁদের প্রশ্নটি আরও স্পষ্ট করেছেন। সন্দেহ ছিল, এনভিডিয়ার অত্যাধুনিক চিপ চিনে পাচার হচ্ছে। তা ঠেকানোর চেষ্টায় লাটনিক কি বাধা দিয়েছিলেন, যখন তাঁর পরিবারের সংস্থার হাতে এনভিডিয়ার কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের শেয়ার ছিল?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যসচিব পদে তাঁর নিয়োগ অনুমোদিত হওয়া পর্যন্ত হাওয়ার্ড লাটনিকই ক্যান্টর ফিৎজজেরাল্ডের নেতৃত্বে ছিলেন। সেই সময়ে সংস্থায় নিজের মালিকানার অংশ তিনি কয়েকটি ট্রাস্টে হস্তান্তর করেন। ওই ট্রাস্টগুলির সুবিধাভোগী তাঁর প্রাপ্তবয়স্ক সন্তানেরা।
ব্র্যান্ডনকে লেখা চিঠিতে আইনপ্রণেতারা জানিয়েছেন, তাঁর বাবার নিয়োগ অনুমোদনের সময়েই ক্যান্টরের হাতে এনভিডিয়ার বিপুল পরিমাণ শেয়ার জমা হয়েছিল। প্রকাশিত তথ্য উদ্ধৃত করে তাঁরা লিখেছেন, শেয়ারের সংখ্যা ছিল ৩৫ লক্ষের বেশি, দাম ১৩০ কোটি ডলারেরও বেশি।
ক্যান্টর ফিৎজজেরাল্ডের এক মুখপাত্র বলেছেন, চিঠির দাবিগুলি “ভুল”। তাঁর কথায়, “নিজের খাতায় এনভিডিয়ায় ক্যান্টরের উল্লেখযোগ্য কোনও বিনিয়োগ নেই। আমাদের হাতে এনভিডিয়ার যে শেয়ার রয়েছে, তার প্রধান কারণ গ্রাহকদের জন্য করা ইকুইটি সোয়াপ চুক্তি।”
সংস্থার ব্যাখ্যা, ওই চুক্তিগুলিতে শেয়ারের দাম ওঠানামার ঝুঁকি সামলাতেই শেয়ার রাখা হয়েছিল। মুখপাত্র বলেন, “২০২৫ সালের গোড়া থেকে আমাদের হাতে শেয়ারের পরিমাণ কমেছে, কারণ গ্রাহকেরা তাঁদের সোয়াপ চুক্তি বন্ধ করেছেন বা তার পরিমাণ কমিয়েছেন। সেই অনুপাতে ঝুঁকি সামলাতে রাখা শেয়ারও কমেছে। ক্যান্টর নিজের বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এমনটা নয়। এই কাজ সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। মার্কিন রফতানি নিয়ন্ত্রণ কিংবা বাণিজ্যিক বিধিনিষেধের তালিকায় কোন সংস্থাকে রাখা হবে, সেই সিদ্ধান্তেও ক্যান্টরের কোনও ভূমিকা নেই।”
মুখপাত্র আরও বলেন, “আমরা নিশ্চিত, সমস্ত তথ্য খতিয়ে দেখলে স্পষ্ট হবে যে আমরা নৈতিকতা বজায় রেখে এবং প্রযোজ্য সমস্ত নিয়মকানুন মেনেই ব্যবসা করেছি।”
আইনপ্রণেতারা তাঁদের চিঠিতে আরও উল্লেখ করেছেন, জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টারগুলির ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম শিথিল করার জন্য হাওয়ার্ড লাটনিক চাপ দিয়েছিলেন। ওই কেন্দ্রগুলির কয়েকটি ক্যান্টর ফিৎজজেরাল্ডের গ্রাহক।
মার্কিন বাণিজ্য দফতরের এক মুখপাত্র বলেছেন, আমেরিকার স্বার্থ বিবেচনা করেই লাটনিক নীতিগত সিদ্ধান্ত নেন। দফতরের কাজকর্ম নিয়ে তিনি ছেলেদের সঙ্গে আলোচনা করেন না। তাঁর ছেলেরাও ক্যান্টর ফিৎজজেরাল্ডের ব্যবসা নিয়ে বাবার সঙ্গে আলোচনা করেন না বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
মঙ্গলবারের চিঠিতে আইনপ্রণেতারা ক্যান্টরের কাছে দু’টি বিষয়ে লিখিত নিশ্চয়তা চেয়েছেন। এক, প্রাসঙ্গিক নথি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা হয়েছে। দুই, চিঠির জবাব দিতে কাজে লাগতে পারে এমন যাবতীয় নথি রেখে দেওয়ার নির্দেশ সংশ্লিষ্ট প্রত্যেক কর্মীকে দেওয়া হয়েছে। এই নিশ্চয়তা জানানোর সময়সীমা ১ ডিসেম্বর, আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় বিকেল পাঁচটা।
গত সপ্তাহে এনভিডিয়া থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এই চিঠি পাঠানো হল। পদত্যাগের আগে তাঁর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়েছিল। জানা গিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। অ্যালিস চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
গত সপ্তাহেই মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট বলেছিলেন, এনভিডিয়ার নির্দিষ্ট কয়েকটি চিপ চিনে রফতানির উপরে আমেরিকা যে বিধিনিষেধ আরোপ করেনি, তার দায় লাটনিকের বাণিজ্য দফতরের।
আগামী মাসে জেনসেন হুয়াং ও হাওয়ার্ড লাটনিক দু’জনেরই মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার কথা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।