বুনো বিড়ালের কথা উঠলে প্রথমেই মনে পড়ে সিংহ, বাঘ কিংবা চিতাবাঘের কথা। অথচ বিড়াল পরিবারের ছোট ও মাঝারি আকারের সদস্যদের শিকারের কৌশলও কম চমকপ্রদ নয়। কেউ রাতের অন্ধকারে ঘাসের মধ্যে নিঃশব্দে এগিয়ে যায় পাখির দিকে। কেউ আবার মরুভূমির বালির নীচে ইঁদুরের সামান্য নড়াচড়াও টের পায়। বন, তৃণভূমি, মরুভূমি থেকে জলাভূমি—বিভিন্ন পরিবেশে এমনই পাঁচ দক্ষ শিকারির হদিস রইল।
১. কালোপেয়ে বিড়াল
<text color="secondary" size="sm">আফ্রিকার নিশাচর শিকারি</text>
আফ্রিকার দক্ষিণাঞ্চলের এই বিড়াল পৃথিবীর ক্ষুদ্রতম বুনো বিড়ালদের অন্যতম। শিকারে বেরোয় মূলত রাতের অন্ধকারে। কম আলোতেও এর চোখ অত্যন্ত কার্যকর, কানও ভীষণ তীক্ষ্ণ। তৃণভূমির লম্বা ঘাসের মধ্যে দিয়ে প্রায় নিঃশব্দে শিকারের কাছে পৌঁছে যায়। ইঁদুরজাতীয় প্রাণী, ছোট পাখি ও পোকামাকড়ই এর প্রধান খাবার।
২. মরচে-ছোপ বিড়াল
<text color="secondary" size="sm">ভারত ও শ্রীলঙ্কার ক্ষুদে শিকারি</text>
পৃথিবীর সবচেয়ে ছোট বুনো বিড়ালদের মধ্যে অন্যতম এই মরচে-ছোপ বিড়াল বা ‘রাস্টি-স্পটেড ক্যাট’। মূলত ভারত ও শ্রীলঙ্কায় এর দেখা মেলে। ছোটখাটো চেহারার সুবিধা হল, ঘন ঝোপঝাড়ের ফাঁক দিয়েও দ্রুত চলাফেরা করতে পারে। সচরাচর মানুষের চোখে পড়ে না। প্রধানত রাতেই শিকারের খোঁজে বেরোয়। নিঃশব্দে এগিয়ে গিয়ে সুযোগ বুঝে মুহূর্তে ধরে ফেলে ইঁদুর, পাখি, পোকামাকড় কিংবা ছোট সরীসৃপ।
৩. বালির বিড়াল
<text color="secondary" size="sm">মরুভূমির বালির নীচেও নজর</text>
উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার কয়েকটি মরুভূমি বালির বিড়াল বা ‘স্যান্ড ক্যাট’-এর ঠিকানা। এর থাবার তলায় পুরু লোম থাকায় তপ্ত বালির উপর দিয়েও অনায়াসে হাঁটতে পারে। বড় বড় কান দু’টি এতটাই সজাগ যে বালির নীচে শিকার নড়াচড়া করলেও তার শব্দ টের পায়। ইঁদুর, ছোট পাখি, পোকামাকড় ও সরীসৃপ ধরে খায়। এমনকি বিষধর সাপও এর শিকার হতে পারে। মরুভূমির রুক্ষ পরিবেশে অল্প জলে টিকে থাকার ক্ষমতাও একে বিশেষ সুবিধা দেয়।
৪. মেছোবাঘ
<text color="secondary" size="sm">জলেই যার শিকারের রাজত্ব</text>
বাংলার পরিচিত মেছোবাঘ মাঝারি আকারের এক বুনো বিড়াল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাভূমি, জলা এবং ম্যানগ্রোভ অরণ্যে এর বাস। জলে নামতে যেমন স্বচ্ছন্দ, তেমনই দক্ষ সাঁতারু। পায়ের আঙুলের ফাঁকে আংশিক পর্দা থাকায় জলে চলাফেরা ও শিকার ধরতে সুবিধা হয়। নাম থেকেই বোঝা যায়, মাছ এর খাবারের বড় অংশ। তবে মাছেই সীমাবদ্ধ নয়—ব্যাঙ, কাঁকড়া-চিংড়ির মতো খোলসওয়ালা প্রাণী, পাখি ও ইঁদুরও ধরে খায়।
৫. বনবিড়াল
<text color="secondary" size="sm">ঝোপের আড়ালে ওত পেতে থাকে</text>
নাম বনবিড়াল, ইংরেজিতে ‘জঙ্গল ক্যাট’। তবে এই মাঝারি আকারের বিড়ালটির দেখা শুধু বনেই মেলে না। ঘাসজমি, জলাভূমি, ঝোপঝাড় ও চাষের জমিতেও এর বিচরণ। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা অঞ্চলে বাস করে। লম্বা পা, তীক্ষ্ণ দৃষ্টি ও ক্ষিপ্রতা শিকারের সময় এর প্রধান সম্বল। ইঁদুর, পাখি, সরীসৃপ, ব্যাঙ ও পোকামাকড় ধরে খায়। শিকারের দিকে নজর রেখে পা টিপে টিপে এগোয়। নাগালের মধ্যে এলেই আচমকা লাফিয়ে পড়ে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।