কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার প্রশ্নে শনিবার রাতে তুরস্কের আনতালিয়ায় রাষ্ট্রপুঞ্জের জলবায়ু আলোচনা থমকে গেল। সৌদি আরব ও তার মিত্রদের আপত্তি কাটাতে কয়েকটি দেশ তখন ভাবছিল, বিষয়টি প্রকাশ্য অধিবেশনে তোলা যায় কি না। সে ক্ষেত্রে কোন দেশ কী কারণে আপত্তি করছে, তা সকলের সামনে জানাতে হবে।
দু’সপ্তাহের কপ৩১ জলবায়ু সম্মেলন শুক্রবার সন্ধ্যাতেই শেষ হওয়ার কথা ছিল। সমাধানসূত্র খুঁজতে সম্মেলনের দুই যৌথ আহ্বায়ক, অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন ও তুরস্কের মুরাত কুরুম, শনিবার দিনভর বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা গড়ায় রাত পর্যন্ত। তবু অগ্রগতি না হওয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধি ও জলবায়ু আন্দোলনের কর্মীদের মধ্যে হতাশা বাড়ছিল।
আলোচনা আটকে ছিল মূলত দু’টি প্রশ্নে। প্রায় ১৩০টি দেশ একজোট হয়ে দাবি জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ কথা স্পষ্ট ভাষায় রাখতে হবে। অন্য দিকে, জলবায়ু সঙ্কটের ক্রমবর্ধমান অভিঘাতের সঙ্গে খাপ খাইয়ে নিতে ধনী দেশগুলির কাছ থেকে অর্থ পাওয়ার অধিকার আরও জোরালো ভাবে স্বীকৃত হোক, চায় উন্নয়নশীল দেশগুলি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে কোনও স্পষ্ট ঘোষণায় সৌদি আরব ও আরও কয়েকটি তেলসমৃদ্ধ দেশ বরাবরই আপত্তি জানিয়ে এসেছে।
রবিবার ভোরে প্রকাশিত মূল চুক্তির তৃতীয় খসড়ায় জট ছাড়ানোর চেষ্টা হয়েছে তিন বছর আগে দুবাইয়ে গৃহীত একটি চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে। দুবাইয়ের সম্মেলনেই একমাত্র দেশগুলি একমত হয়েছিল যে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে সরে আসা দরকার।
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টুভালুর ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্যই উঁচুতে। সে দেশের জলবায়ুমন্ত্রী মাইনা তালিয়া বলেন, “জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখতেই হবে। এ ব্যাপারে আমরা আপস করব না। আমরা তো এই গোটা সঙ্কটের মূল কারণটার কথা বলছি। সেটাই যদি বাদ যায়, তা হলে এখানে আমরা সময় নষ্ট করছি।”
আফ্রিকার গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মহম্মদ আদো বলেন, “জলবায়ু মোকাবিলায় সরকারি অর্থের জোগান, পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আর জীবাশ্ম জ্বালানি—এই তিনটি বিষয়ে অগ্রগতির আশায় আমরা আনতালিয়ায় এসেছিলাম। অথচ এখন লড়তে হচ্ছে যাতে সরকারগুলি আগের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে না যায়। যে আর্থিক সহায়তা দেবে বলেছিল, তা না দেওয়ার কারণ খুঁজতেই ধনী দেশগুলি দু’সপ্তাহ কাটিয়ে দিল। মনে হচ্ছে, সম্মেলনটা ভেস্তে যাচ্ছে।”
কার্বন ডাই-অক্সাইড ধরে মজুত রাখার বিতর্কিত প্রযুক্তি বা সিসিএস নিয়েও তীব্র মতভেদ রয়েছে। বিরোধ রয়েছে আরও একটি প্রস্তাবে। তাতে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে ব্যবহৃত মোট শক্তির ৩৫ শতাংশের চাহিদা বিদ্যুৎ দিয়ে মেটাতে হবে। সৌদি আরব চায়, সম্মেলনের মূল সিদ্ধান্তে সিসিএস প্রযুক্তি ব্যবহারের পক্ষে জোরালো সুপারিশ থাকুক। অন্য কয়েকটি দেশের আপত্তি এখানেই। তাদের আশঙ্কা, এই প্রযুক্তিকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানি শিল্পের আয়ু বাড়ানো হবে।
তৃতীয় খসড়ায় সিসিএস ব্যবহারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, বিদ্যুতের ব্যবহার যত বাড়বে, তার যথাসম্ভব বেশি জোগান আসতে হবে পরিচ্ছন্ন শক্তির উৎস থেকে। স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় পূর্ণাঙ্গ অধিবেশনে খসড়াটি নিয়ে আলোচনার কথা ছিল।
আলোচনা এগোচ্ছে না কেন? জলবায়ু আন্দোলনের কর্মীরা দায়ী করেছেন জীবাশ্ম জ্বালানি শিল্পকে, তার উপর নির্ভরশীল দেশগুলিকে এবং দরিদ্র দেশগুলিকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ধনী দেশগুলির ব্যর্থতাকে। গ্লোবাল জাস্টিস নাউ সংগঠনের পরিচালক নিক ডিয়ারডেন বলেন, “জলবায়ু সঙ্কট থেকে যারা বিপুল মুনাফা করছে, সেই জীবাশ্ম জ্বালানির কারবারিরা আমাদের পণবন্দি করে রাখবে, এমনটা যেন এই শেষ বার হয়। এত দিনে একটা কথা একেবারে স্পষ্ট। বিশ্ব অর্থনীতি যাদের নিয়ন্ত্রণে, তারা যত দিন কয়লা, তেল আর গ্যাস থেকে মুনাফা করতে পারবে, তত দিন আমরা জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে পারব না।”
‘ফিল দ্য ফান্ড’ অভিযানের আন্তর্জাতিক আহ্বায়ক হরজিৎ সিংহ বলেন, “উন্নয়নশীল দেশগুলি যখন একের পর এক বিপর্যয় আর ঋণের চাপে ডুবছে, তখন তাদের গোটা অর্থনীতি বদলে ফেলতে বলবেন কী করে? আনতালিয়ায় শেষ পর্যন্ত যে চুক্তিই হোক, এই কপ কেন ব্যর্থ হল, তা বিশ্বের জানা দরকার। সমাধানের পথ ছিল। অভাব ছিল টাকার আর এই সঙ্কট যারা ডেকে এনেছে, তাদের সদিচ্ছার।”
শুক্রবারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সম্মেলন কবে শেষ হবে, তা স্পষ্ট ছিল না। বহু প্রতিনিধি দেশে ফেরার উড়ানের দিনক্ষণ বদলাচ্ছিলেন। অনেক প্রতিনিধি চলে গেলে আর একটি সমস্যা দেখা দিতে পারে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের কাঠামোগত চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলির এই সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের জন্য যতগুলি দেশের উপস্থিতি প্রয়োজন, সেই কোরাম আর পূর্ণ না-ও হতে পারে।
২০২৩ সালে দুবাইয়ের কপ২৮ সম্মেলনে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কী ভাবে কার্যকর করা হবে, তা নিয়ে সৌদি আরব ও তার মিত্রদের বাধায় আর অগ্রগতি হয়নি। গত বছরের কপ৩০-এ আয়োজক দেশ ব্রাজিল এই বাধা এড়াতে প্রতিশ্রুতি দিয়েছিল, বিশ্ব জুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কী ভাবে ধাপে ধাপে বন্ধ করা যায়, তার একটি রূপরেখা তৈরি করবে তারা।
এ বার আনতালিয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা ছিল। বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়ায় সেই অংশ বাদ পড়ে। তৃতীয় খসড়ায় প্রসঙ্গটি ফিরেছে পরোক্ষে। সেখানে দুবাইয়ে গৃহীত গোটা ‘সংযুক্ত আরব আমিরশাহি ঐকমত্য’-এর কথা স্মরণ করা হয়েছে।
তার আগে শনিবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, আফ্রিকার বহু দেশ, বিশ্বের স্বল্পোন্নত দেশগুলি এবং জলবায়ু সঙ্কটে সবচেয়ে বিপন্ন ছোট দ্বীপরাষ্ট্রগুলির প্রতিনিধিরা একসঙ্গে মিছিল করে সম্মেলনের সভাপতিমণ্ডলীর দফতরে যান। তাঁদের দাবি ছিল, খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথাটি ফিরিয়ে আনতে হবে।
এই প্রথম কোনও কপ সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব ভাগ করে নিয়েছে দুই দেশ। গত বছর অস্ট্রেলিয়া ও তুরস্ক উভয়েই এই সম্মেলনের আয়োজক হতে চেয়েছিল। তখনই আপসের এই ব্যবস্থা হয়। ব্রাজিলের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা অবজারভাতোরিও দু ক্লিমার ক্লাউদিও অ্যাঞ্জেলো মনে করেন, সমস্যার একটি কারণ এই যৌথ সভাপতিত্ব। তাঁর কথায়, “জলবায়ু কূটনীতিতে বিশেষ অভিজ্ঞতা নেই, এমন দু’টি দেশের মধ্যে সভাপতিত্ব ভাগ হলে নেতৃত্ব কতটা দুর্বল হয়ে পড়তে পারে, তা এখানে দেখা যাচ্ছে। ভূরাজনীতির চাপে আগে থেকেই বিপন্ন এই প্রক্রিয়ার তাতে আরও ক্ষতি হয়।”
সংবাদ সংস্থা জানতে পেরেছে, শনিবার রাতে প্রকাশ্য অধিবেশন ডাকার জন্য চাপ দেওয়ার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছিল। তেমন বৈঠক হলে অধিকাংশ দেশ যে জোরালো সিদ্ধান্ত চায়, তার বিরোধিতা সৌদি আরব ও তার মিত্রদের প্রকাশ্যেই জানাতে হবে।
এতে ঝুঁকিও আছে। গোটা আলোচনাই ভেস্তে যেতে পারে। তবে বহু কপ সম্মেলনের অভিজ্ঞতাসম্পন্ন বিল হেয়ারের ধারণা ভিন্ন। গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যানালিটিক্সের এই প্রধান নির্বাহী বলেন, “এখানে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশ যদি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা স্পষ্ট করে বলার মতো জোরালো বয়ান চায়, আর সৌদি আরব যদি একা হয়ে পড়ে, তা হলে আমার মনে হয়, বিশ্বের এই ঐকমত্যের বিরুদ্ধে সৌদি আরব সম্ভবত দাঁড়াবে না।”
খবর, চিন ও ভারত প্রায় ১৩০টি দেশের ওই ‘প্রগতিশীল জোটে’ নেই। তবে কোনও সমঝোতায় পৌঁছনো গেলে তারাও বাধা দেবে বলে মনে হয় না।
ব্রিটেনের জ্বালানিমন্ত্রী মিয়াটা ফানবুলে বলেন, “জট কাটিয়ে এমন একটা চুক্তিতে পৌঁছতে আমরা অন্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছি, যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। আলোচনা কঠিন। তবু কথাবার্তায় কাজ হচ্ছে। এখনও চুক্তিতে পৌঁছনো সম্ভব।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।