আমেরিকার পশ্চিমে তখন সবে রেলপথের বিস্তার ঘটছে। চলন্ত ট্রেনে ডাকাতি করে ত্রাস ছড়াত দস্যুরা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১৪ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। মার্কিন বিচার দফতরের অভিযোগ, অন্তত ৩৬টি মালগাড়ি থেকে ২ কোটি ২০ লক্ষ ডলারেরও বেশি মূল্যের পণ্য লুট করেছে একটি চক্র। চোরাবাজারে বিক্রি হওয়া সেই পণ্যের মধ্যে ছিল কয়েক হাজার জোড়া নাইকির জুতো।

মার্কিন অ্যাটর্নির দফতরের প্রধান সহকারী বিল এসাইলির কথায়, “এত বড় মাপের চুরি, ভাবা যায় না।”

সরকারি কৌঁসুলিদের অভিযোগ, চক্রের পাণ্ডা ২১ বছরের নেথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। চক্রটির নাম ‘লোস ত্রেনেস’, স্প্যানিশে যার অর্থ ‘ট্রেনগুলি’। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত চলেছে এই কারবার। আদালতের নথিতে অ্যাঞ্জেল বা অন্য অভিযুক্তদের পক্ষে কোনও আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।

গ্র্যান্ড জুরির অভিযোগপত্র অনুযায়ী, প্রতিবার লুটের ছক ছিল প্রায় একই। অ্যাঞ্জেলের সঙ্গীরা গোপনে চলন্ত মালগাড়িতে উঠে পড়তেন। তাঁদের মধ্যে ছিলেন তাঁর বাবা ও দুই কাকা। কয়েক জন নজর রাখতেন। বাকিরা ট্রেনটিকে আচমকা থামতে বাধ্য করতেন। এতে গোটা মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঝুঁকি থাকত। ট্রেন থামলেই দলের অন্যরা এসে মালপত্র তুলে নিয়ে যেতেন। কৌঁসুলিদের দাবি, লুটের মাল লুকিয়ে রাখা হত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে।

আদালতের নথির সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি সেলফি জমা দেওয়া হয়েছে।

পরের লুট কয়েক মাস পরে। অভিযোগপত্রে উল্লিখিত এক ভিডিয়োয় দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে নাইকির পণ্যবাহী একটি চলন্ত মালগাড়ির কন্টেনারের তালা কাটছেন ২৭ বছরের ডন্টা হেজম্যান।

২০২৫ সালে লুটের ঘটনা বাড়তে থাকে। তত দিনে পুলিশ যে চক্রটির হদিস পেতে শুরু করেছে, তারও আভাস মিলছিল। ১৭ এপ্রিল চক্রের এক সহযোগী ২৩ বছরের কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেসকে মেসেজ করে জানান, চোরাই মাল নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগপত্রে ওই সহযোগীর নাম জানানো হয়নি।

তিনি লিখেছিলেন, “ওরা আমার কাছে জানতে চাইছে, জুতোগুলো আমি কার কাছ থেকে পেয়েছি আর বাকি জোড়াগুলো কার কাছে ছিল।” জবাবে মার্তিনেস তাঁকে সিগন্যাল অ্যাপে যোগাযোগ করতে বলেন। ওই অ্যাপে বার্তা এনক্রিপ্ট করা থাকে।

এর মাত্র বারো দিন পরে মিলওয়াকি টুল সংস্থার ১,১৭০টি সরঞ্জাম ও ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে চম্পট দেয় দলটি, অভিযোগ কৌঁসুলিদের।

২০২৫ সালের শরতে চক্রটির কাছ থেকে প্রচুর চোরাই পণ্য কিনেছিল একটি সংস্থা। সংস্থাটির নাম প্রকাশ করা হয়নি। মনে হচ্ছিল, পুলিশ সেখানে খোঁজখবর নিতে শুরু করেছে। আর এক সহযোগী মার্তিনেসকে হুঁশিয়ার করে লিখেছিলেন, “ওরা যদি মামলার গভীরে যায়, তা হলে তুমি শেষ।”

২০২৬ সালের ১৬ জানুয়ারি অ্যাঞ্জেল ও ২৫ বছরের ফ্রেডি মারকিনার বার্তা বিনিময়েও এক সঙ্গী পুলিশের হাতে পড়ার কথা ওঠে। একটি বার্তায় লেখা ছিল, “চোরাই মাল কেনা আর নেওয়ার জন্য এইমাত্র হোর্হেকে ধরেছে ওরা।”

ধরা পড়ার আশঙ্কা বাড়ছিল। তবু কৌঁসুলিদের অভিযোগ, সে বছরের গ্রীষ্মেও দলটি ফের মালগাড়ি লুট করে। জুলাইয়ে ২৪ বছরের অ্যাঞ্জেল সানচেস কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো একটি ছবি শেয়ার করেন। ছবিটি দেখে মনে হয়, লুটের ঘটনাগুলিকে রোমাঞ্চকর করে দেখানোই ছিল উদ্দেশ্য।

প্রতিবেদন অনুযায়ী, ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্যবাহী ট্রেন থেকে চুরির অপরাধে সর্বোচ্চ সাজা দশ বছরের কারাদণ্ড। সবচেয়ে কঠোর সাজার বিধান রয়েছে রেল পরিবহণ সংস্থার বিরুদ্ধে হিংসার অপরাধে। সেই অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ১৪ মাসের তদন্ত শেষে চলতি সপ্তাহে এই অভিযোগপত্র পেশ করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নেথান হকম্যান বলেন, “পণ্য সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। মালপত্র যাতে চোরাবাজারে চলে না যায়, যেখানে পৌঁছনোর কথা সেখানেই পৌঁছয়, তা আমরা নিশ্চিত করতে চাই।”