আমেরিকাজুড়ে অন্তত ৩৮টি প্রশাসনিক এলাকার ভোটাররা মঙ্গলবার ডেটা সেন্টার নিষিদ্ধ করা অথবা সেগুলির ওপর বিধিনিষেধ আরোপের পক্ষে রায় দিয়েছেন। এই ফলাফল বিপুল কম্পিউটার পরিকাঠামোনির্ভর কেন্দ্রগুলির বিরুদ্ধে মানুষের ব্যাপক বিরাগের প্রতিফলন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের উচ্চাকাঙ্ক্ষী সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিরোধকে আরও জোরালো করেছে।

ডেটা সেন্টার নির্মাণে ধাক্কা এসেছে এমন কয়েকটি রাজ্যেও, যেখানে এই ধরনের প্রকল্পের রমরমা। সেখানে গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন এমন ডেমোক্র্যাট প্রার্থীরা, যাঁরা কম্পিউটার সার্ভারে ঠাসা এই বিশাল স্থাপনাগুলির দ্রুত বিস্তার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিভিন্ন এলাকায় ডেটা সেন্টারের ওপর সীমা আরোপের প্রস্তাব বিপুল জনসমর্থন পেয়েছে। ইলিনয়ের জোলিয়েট টাউনশিপে প্রায় ৮০ শতাংশ ভোটার ডেটা সেন্টার নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন। ওহাইওর হাবার্ডেও একই পথে হেঁটেছেন তিন-চতুর্থাংশের বেশি ভোটার। অথচ তার কাছেই গত মাসে এক জনসভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় দ্রুত এআই পরিকাঠামো গড়ে তোলার প্রতি তাঁর প্রশাসনের সমর্থনের কথা সগর্বে ঘোষণা করেছিলেন।

উইসকনসিনের জেনসভিলে ৬০ শতাংশের বেশি ভোটার জানিয়েছেন, জেনারেল মোটরসের একটি পরিত্যক্ত কারখানার জমিতে ভবিষ্যতে কোনও পরিবর্তন আনতে হলে স্থানীয় প্রশাসনকে ভোটারদের অনুমোদন নিতে হবে। চলতি বছরের গোড়ায় ওই জায়গায় প্রস্তাবিত একটি ডেটা সেন্টার নিয়ে প্রবল আপত্তি উঠেছিল।

শিল্পমহলের হিসাব অনুযায়ী, প্রযুক্তি সংস্থাগুলির নতুন ডেটা সেন্টারের এক-চতুর্থাংশই গড়ে তোলার পরিকল্পনা রয়েছে টেক্সাসে। সেই রাজ্যে ক্ষমতাসীন গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে ডেমোক্র্যাট জিনা হিনোহোসার জয় শিল্পমহল ও বিনিয়োগকারীদের নাড়িয়ে দিয়েছে। নতুন প্রকল্পে সাময়িক স্থগিতাদেশের পক্ষে তিনি। পাশাপাশি, ডেটা সেন্টারের বিপুল বিদ্যুৎ ব্যবহারের প্রভাব থেকে পরিবেশ ও বিদ্যুতের গ্রাহকদের রক্ষায় কঠোর সুরক্ষাবিধি চালু করারও পক্ষপাতী।

ডেটা সেন্টারের পক্ষে সায় দিয়েছে বলে আপাতত মনে হয়েছে মাত্র একটি জনপদকেই: নর্থ ডাকোটার হারউড। ৮০০ মানুষের এই শহরে তিন-চতুর্থাংশ ভোটার শিল্প স্থাপনের ওপর প্রস্তাবিত বিধিনিষেধ খারিজ করেছেন।

নির্বাচনের আগেই কয়েকজন বিনিয়োগ বিশ্লেষক সতর্ক করেছিলেন, হিনোহোসার জয় এই শিল্পের সামনে বড় বাধা তৈরি করবে। এর ফলে শত শত কোটি ডলারের ডেটা সেন্টার প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

বুধবার ভোরে এক্সে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক লিখেছেন, “এখন মহাকাশে ডেটা সেন্টার বসানোর ভাবনাটাই বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।” মঙ্গলবারের নির্বাচনে লড়া রক্ষণশীল প্রার্থীদের সমর্থনে তিনি ৪০ কোটি ডলারের বেশি ব্যয় করেছেন।

মঙ্গলবারের ফলাফল আরও একবার দেখাল, ডেটা সেন্টারের বিরুদ্ধে আমেরিকানদের আপত্তি বাড়ছে, গভীর হচ্ছে এআই নিয়ে তাঁদের উদ্বেগও। এই ভোট এমন একটি সংঘাতের মঞ্চ তৈরি করল, যার এক দিকে রয়েছে ডেটা সেন্টারবিরোধীদের ক্রমশ বিস্তৃত জোট; অন্য দিকে প্রযুক্তি শিল্প ও ওয়াশিংটনে সেগুলির নির্মাণের সমর্থকেরা, যাঁদের মধ্যে রয়েছেন ট্রাম্পও।

গত মাসে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, প্রতি ১০ জন আমেরিকানের সাত জনই নিজের এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের বিরোধী। রিপাবলিকানদেরও সংখ্যাগরিষ্ঠ অংশ এর বিরুদ্ধে। সমালোচকদের অভিযোগ, এই কেন্দ্রগুলি শব্দদূষণ ঘটায়, প্রচুর জল ব্যবহার করে, গৃহস্থের বিদ্যুতের বিল বাড়ায় এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তাঁদের মতে, অর্থনীতি ও রাজনীতি নিয়ে আমেরিকানদের মধ্যে আগে থেকেই যে উদ্বেগ রয়েছে, ডেটা সেন্টার তাকে আরও উসকে দিচ্ছে।

বড় টেলিভিশন নেটওয়ার্কগুলির হয়ে করা একটি ভোটার সমীক্ষা বুধবার ভোরে জানায়, মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়া মানুষের ৫৬ শতাংশের কাছে এআই ও ডেটা সেন্টার ছিল ভোটের সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ অথবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে সমীক্ষায় থাকা পাঁচটি বিষয়ের মধ্যে এর প্রভাব ছিল সবচেয়ে কম—সরকারি দুর্নীতি, ইরানের যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির অনেক পিছনে।

আইনজীবী এবং ‘কনজার্ভ ওহাইও’ সংগঠনের সহপ্রতিষ্ঠাতা নিক ওয়েন্স বলেন, “ডেটা সেন্টারের নির্মাতারা যদি মানুষের বাড়ির পিছনে এই কেন্দ্রগুলি বসিয়ে তাঁদের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলতে চান, তা হলে তাঁদের আলোচনায় বসতে হবে এবং ঠিকঠাক নিয়ম মেনেই সেগুলি গড়তে হবে।”

ওহাইওজুড়ে বাসিন্দাদের সাহায্য করে স্থানীয় শাসনসনদ সংশোধনের জন্য ১০টি ভোটপ্রস্তাব তৈরি করেছিল এই সংগঠন। লক্ষ্য ছিল বড় মাপের ডেটা সেন্টার নিষিদ্ধ করা। ওয়েন্স জানান, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পাওয়া হিসাবে ১০টি প্রস্তাবই পাশ হয়েছে।

২০২৪ সালের রিপাবলিকান জাতীয় সম্মেলনে ট্রাম্পের প্রতিনিধি ছিলেন ওয়েন্স। সিনসিনাটির উপকণ্ঠে মাউন্ট ওরাবে তাঁর বাড়ির কাছে এক ডেটা সেন্টার নির্মাতা এক হাজার একর কৃষিজমি ও বনভূমি কেনার পর তিনি ‘কনজার্ভ ওহাইও’ গড়ে তোলেন।

তাঁর মতে, মঙ্গলবারের ফল বুঝিয়ে দিয়েছে, শুধু নির্দিষ্ট কয়েকটি এলাকার মানুষ নন, সামগ্রিকভাবে ওহাইও-ই ডেটা সেন্টার চাইছে না। আগামী বছর গোটা রাজ্যে বড় ডেটা সেন্টার নিষিদ্ধ করার প্রস্তাব ভোটে তোলার আশা করছে সংগঠনটি।

ডেটা সেন্টার ও এআই নিয়ে জনসাধারণের অস্বস্তি এ বছর প্রথমবার বিষয়টিকে নির্বাচনী প্রচারের অন্যতম বড় প্রশ্নে পরিণত করেছে, বিশেষত ডেমোক্র্যাটদের ক্ষেত্রে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নীতি-নির্বাহী ক্রিস লেহেনের মতো প্রভাবশালী ব্যক্তিদের পূর্বাভাস, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এআই হবে অন্যতম প্রধান বিষয়। ওপেনএআইয়ের সঙ্গে ওয়াশিংটন পোস্টের কনটেন্ট-সংক্রান্ত অংশীদারি রয়েছে।

ডেটা সেন্টার সম্প্রসারণের অন্যতম কেন্দ্র ওহাইওর ভোটাররা পরবর্তী গভর্নর হিসেবে বেছে নিয়েছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টনকে। তিনিও এই শিল্পে সাময়িক স্থগিতাদেশ এবং নতুন কঠোর বিধিনিষেধের পক্ষে। আর এক ডেমোক্র্যাট কিশা ল্যান্স বটমস জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন। জর্জিয়াতেও ডেটা সেন্টার প্রকল্পের রমরমা। নির্মাতা সংস্থাগুলিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টিকে প্রচারের অন্যতম প্রধান অঙ্গ করেছিলেন তিনি।

মার্কিন সেনেটেও গুরুত্বপূর্ণ মিত্রদের হারিয়েছে এই শিল্প। এআই শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক কমিটিগুলি সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর ডারলাইন গ্রাহামকে সমর্থন করতে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছিল। বড় অঘটন ঘটিয়ে তাঁকে হারিয়েছেন তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী। ওহাইওর রিপাবলিকান সেনেটর জন হাস্টেডও হেরে গিয়েছেন। তিনি ছিলেন এই শিল্পের অন্যতম বড় সমর্থক। তাঁকে হারিয়েছেন প্রগতিশীল ডেমোক্র্যাট শেরড ব্রাউন, যিনি বড় প্রযুক্তি সংস্থাগুলিকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতিকে প্রচারের কেন্দ্রে রেখেছিলেন।

গবেষণা সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবালের হিসাবে, আগস্টের গোড়া পর্যন্ত আমেরিকাজুড়ে ১৪৫টির বেশি ডেটা সেন্টার প্রকল্প পিছিয়ে গিয়েছে অথবা বাতিল হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এর অধিকাংশেরই কারণ জনবিরোধিতা। কয়েকজন গবেষকের হিসাব অনুযায়ী, গত দু’বছরে রাজ্য অথবা স্থানীয় স্তরে ডেটা সেন্টারের ওপর স্থগিতাদেশ, নিষেধাজ্ঞা কিংবা বিধিনিষেধ আরোপের ঘটনা কয়েকশো।

তবে স্থানীয় ও রাজ্যস্তরের এই বিধিনিষেধ আমেরিকাজুড়ে উন্মত্ত গতিতে চলা এআই ডেটা সেন্টার নির্মাণকে সত্যিই উল্লেখযোগ্যভাবে শ্লথ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। শিল্পমহলের কয়েকজন কর্তার মতে, পরিকল্পনাধীন অথবা নির্মীয়মাণ প্রায় ৬০০টি বড় এআই ডেটা সেন্টারের একটি উল্লেখযোগ্য অংশ এমনিতেই চালু হওয়ার সম্ভাবনা কম—জনপ্রতিক্রিয়া যা-ই হোক না কেন।

কিন্তু বিনিয়োগ সংস্থা রেমন্ড জেমসের ওয়াশিংটনভিত্তিক নীতি-বিশ্লেষক এড মিলসের মতে, মঙ্গলবার ভোটে ডেটা সেন্টারগুলির এই পরাজয় আরও বেশি কংগ্রেস সদস্য এবং ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীকে এআই ও ডেটা সেন্টার নিয়ন্ত্রণের প্রশ্নটি সামনে তুলে ধরতে উৎসাহিত করবে।

মিলস বলেন, “তাঁরা যদি ধারাবাহিকভাবে দেখেন যে কোনও একটি বিষয়ে ভোটারদের বিপুল সমর্থন রয়েছে, তা হলে সেটাই তাঁদের অবস্থান হয়ে উঠবে।”

মঙ্গলবারের ভোটগণনার আগে এক সাক্ষাৎকারে মিলস বলেছিলেন, রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ডেটা সেন্টারের সমালোচক ডেমোক্র্যাটরা জিতলে আরও বেশি রাজনীতিক এই কেন্দ্রগুলির ওপর বিধিনিষেধ কিংবা নিষেধাজ্ঞার দিকে ঝুঁকতে পারেন।

ডেটা সেন্টারের বিরুদ্ধে বিরূপ মনোভাবের জেরে এআই সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের প্রচারের ভাষা ও কৌশল পাল্টাতে বাধ্য হয়েছে।

মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজন জানিয়েছে, তারা চুক্তির বিতর্কিত সেই শর্তগুলি বাদ দিচ্ছে, যেগুলির জন্য স্থানীয় প্রশাসনের কর্তাদের ডেটা সেন্টার প্রকল্পের প্রাথমিক পর্যায়ের তথ্য নিজেদের এলাকার বাসিন্দাদের কাছেই গোপন রাখতে হতো। সাংবাদিকদের কাছে প্রচার চালানোর সময় ওপেনএআই এখন ‘ডেটা সেন্টার’ কথাটির বদলে এআই ‘কম্পিউট ক্যাম্পাস’ শব্দবন্ধ ব্যবহার করছে। অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস ওয়াশিংটন পোস্টের মালিক।

স্থানীয় মানুষের সমর্থন আদায় করে ডেটা সেন্টার চালু করতে প্রযুক্তি সংস্থাগুলি এখন বাজেটে আরও বেশি অর্থ রাখছে বলে জানিয়েছেন আইন সংস্থা কুলির অংশীদার মোনা দাজানি। তিনি ডেটা সেন্টার-সংক্রান্ত চুক্তির দরকষাকষিতে যুক্ত থাকেন। কখনও প্রকল্প নির্মাতা সংস্থার হয়ে, কখনও আবার স্থানীয় জনগোষ্ঠীর হয়ে কাজ করেছেন।

এআই সংস্থাগুলির কয়েকজন শীর্ষকর্তা এবং ট্রাম্প প্রকাশ্যে ও ব্যক্তিগত আলোচনায় ক্ষোভ জানিয়েছেন যে ডেটা সেন্টারের বিরুদ্ধে প্রতিক্রিয়া মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, প্রকল্পগুলির ক্ষতিকর দিক নিয়ে ভুল ধারণা এই বিরোধিতাকে উসকে দিচ্ছে এবং এর ফলে আমেরিকার জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রাণশক্তি বিপন্ন হবে।

এই সপ্তাহে ২০২৮ সালের সম্ভাব্য কয়েকজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীকে একটি স্মারকলিপি পাঠিয়ে ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লেহেন। পলিটিকোতে প্রকাশিত সংস্করণ অনুযায়ী, ওপেনএআইয়ের এই কর্তা লিখেছেন, ডেটা সেন্টারের ওপর বিধিনিষেধের কারণে আমেরিকা যদি চিনের কাছে “এআইয়ে তার বর্তমান অগ্রগামিতা হারায়”, তা হলে ভোটাররা ওই বিধিনিষেধের সমর্থক রাজনীতিকদের তীব্র নিন্দা করবেন। ঠিক যেমন করেছিলেন সিকি শতাব্দী আগে ইরাক যুদ্ধের পক্ষে ভোট দেওয়া আইনপ্রণেতাদের ক্ষেত্রে।

এআইয়ের রমরমায় যাঁদের বিপুল অর্থ লগ্নি রয়েছে, শিল্পমহলের এমন কিছু কর্তা ও বিনিয়োগকারী মনে করেন, ডেটা সেন্টারের ওপর নিয়ন্ত্রণ কিংবা ভোটারদের চাপানো সাময়িক নিষেধাজ্ঞা আসলে চলার পথে ছোটখাটো বাধা মাত্র। তাঁদের দাবি, বিধিনিষেধ এবং অন্যান্য কারণে খরচ বাড়লেও প্রযুক্তি সংস্থাগুলি সেই বাড়তি ব্যয় বহন করে নেবে। অন্যদের বিশ্বাস, এআই শিল্পের তদবিরে প্রভাবিত হয়ে রাজনীতিকেরা শেষ পর্যন্ত এআই ও ডেটা সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে আসবেন।

মিলস অবশ্য এতটা নিশ্চিত নন। তাঁর মতে, ডেটা সেন্টার ও এআই এখন রাজনৈতিকভাবে এতটাই “বিষাক্ত” বিষয় হয়ে উঠতে পারে যে আগামী দু’বছরে কংগ্রেস থেকে সম্ভাব্য সব নিয়ন্ত্রণমূলক বিধান ট্রাম্পও ভেটো দিয়ে আটকাতে পারবেন না।

প্রযুক্তি ও ব্যাংকিং জগতের অবসরপ্রাপ্ত কর্তা প্রেসকট বালচ নিজের রাজ্য উইসকনসিনে ডেটা সেন্টারের বিরুদ্ধে আন্দোলন করেন। তাঁর মতে, এই প্রকল্পগুলি স্থানীয় জনজীবন আমূল বদলে দেয়, অথচ কর-রাজস্ব, কর্মসংস্থান এবং অন্যান্য সুবিধার যে প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করতে পারে না। এমন প্রকল্পের বিরুদ্ধে আমেরিকানরা নিজেদের ক্ষমতা দেখাচ্ছেন দেখে তিনি খুশি।

ইমেলে বালচ লিখেছেন, “দেশজুড়ে মানুষকে হতাশ করেছেন সেই সব স্থানীয় প্রশাসনিক কর্তা, যাঁরা মনে করেন বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির সঙ্গে এত বিশাল চুক্তি তাঁরা নির্বিঘ্নে সামলে নিতে পারবেন। তাঁদের নিজের ক্ষোভ বোঝানোর একটিই উপায় আছে: ভোটবাক্স।”