ভারত ও পাকিস্তানের ম্যাচে ক্রিকেটারদের আচরণ নিয়ন্ত্রণে আইসিসি এবং দুই দেশের ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ করার আর্জি জানালেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে একাধিক বাদানুবাদ হয়েছে। গত রবিবার এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তার পরেই এই মন্তব্য করেন হরভজন।

এইচএসবিসি গল্ফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, “আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলিকে হস্তক্ষেপ করতে হবে। জেতার পরে পাকিস্তান ও ভারতের ক্রিকেটারেরা যে ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং যা ঘটেছে, তা ঠিক নয়। এটা লজ্জাজনক। পরের প্রজন্মের কাছে এটা খারাপ দৃষ্টান্ত তৈরি করছে।”

রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে একের পর এক উত্তপ্ত মুহূর্ত দেখা যায়। টসের সময় করমর্দন করেননি ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা এবং পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আব্দুল সামাদ। টসের ফল ঘোষণা নিয়েও কিছুক্ষণ বিভ্রান্তি তৈরি হয়। শেষ পর্যন্ত জানা যায়, টসে জিতেছে পাকিস্তান ‘এ’।

পাকিস্তান ‘এ’ দলের ইনিংসে উত্তেজনা মাঠে ছড়িয়ে পড়ে। পাক ওপেনার শামিল হুসেন ও মাজ় সাদাকতের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়ান ভারতের জোরে বোলার হর্ষিত রানা। আয়ুষ বাদোনির বলে হুসেনের ক্যাচ ধরার পরে তাঁকে আগ্রাসী ভঙ্গিতে বিদায় জানান হর্ষিত। এর পরে রোহেল নাজিরকে আউট করেও একই রকম আক্রমণাত্মক উল্লাস করেন তিনি।

ম্যাচের পরের দিকেও বাদানুবাদ থামেনি। হর্ষিত শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরার সময় তাঁর দিকে কিছু বলতে দেখা যায় পাক স্পিনার সুফিয়ান মুকিমকে। শেষে এক সতীর্থ এসে মুকিমকে সরিয়ে নিয়ে যান।

ম্যাচটি শেষ পর্যন্ত ৪৮ রানে জেতে পাকিস্তান। ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মার সংযত শতরান এবং কঠিন পিচে অভিষেক শর্মার ৭০ রানের ইনিংসও দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেনি। এর আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার হাসান নওয়াজের ঝোড়ো ৭৯ রানের সৌজন্যে ৩১৩ রানের চ্যালেঞ্জিং স্কোরে অলআউট হয় পাকিস্তান ‘এ’। বল হাতেও নজর কাড়েন নওয়াজ। তিনি ৩টি উইকেট নেন। আরও ৩টি উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গত দেন জোরে বোলার আলি রাজা।