পোর্তোর পুরনো মাঠ এস্তাদিও দাস আন্তাসে লিভারপুলের যে দলটা হাজির ছিল, তাদের মনে তখন অসাধারণ কিছু চোখের সামনে দেখার উত্তেজনা।
পর্তুগিজ লিগের মরসুমের শেষ সপ্তাহান্ত। ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে আসা একদল আন্তর্জাতিক স্কাউট পর্তুগালে ভিড় জমিয়েছেন স্পোর্টিং সিপি-র আক্রমণভাগের দুই প্রতিভাবান কিশোরকে দেখতে।
এক দিকে রিকার্দো কোয়ারেজমা। গতি আর কারিকুরির ঝড়, সেই গ্রীষ্মেই যাঁকে তুলে নেয় বার্সেলোনা।
কিন্তু লিভারপুলের ভাবনায় বেশি জায়গা জুড়ে ছিল অন্য উইংয়ের ছেলেটি। গায়ের জার্সিটা যেন মাপে বড়, দাঁতে ব্রেস, কপালে ব্রণ, আর পায়ে জাদু। নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বয়স ১৮। পোর্তোর ম্যানেজার জোসে মোরিনহো জানতে চেয়েছিলেন, ছেলেটা কি "মার্কো ফান বাস্তেনের ছেলে"?
সে দিন সন্ধ্যায় লিভারপুলের সহকারী ম্যানেজার ফিল টমসন পোর্তোয় নৈশভোজে বসেন ফুটবল এজেন্ট টোনি হেনরির সঙ্গে। আলোচনা একটাই, স্পোর্টিংকে বিক্রিতে রাজি করাতে কত লাগবে। হেনরি কাজ করতেন ওয়েন রুনির এজেন্ট পল স্ট্রেটফোর্ডের হয়ে, আর তাঁর দায়িত্ব ছিল রোনাল্ডোর জন্য একটা প্রিমিয়ার লিগ ক্লাব খুঁজে দেওয়া। পোর্তো ম্যাচটা ২-০ জিতলেও রোনাল্ডো যে তারকা হওয়ার মতো ঝলক দেখিয়েছিলেন, তাতেই লিভারপুল তাঁকে পেতে চাইল।
২০২০ সালে টমসন দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "টোনির কথাগুলো আমার হুবহু মনে আছে। পরিবেশ খুব হালকা, স্বচ্ছন্দ ছিল। ও বলল, 'দাম ৪০ লক্ষ পাউন্ড, চুক্তির চার বছরে কিস্তিতে দেওয়া যাবে, মানে বছরে ১০ লক্ষ।' শুনে বেশ যুক্তিসঙ্গত মনে হল। তার পর বেতনের কথা জিজ্ঞেস করলাম। টোনি জানাল, কর বাদ দিয়ে বছরে ১০ লক্ষ পাউন্ড।
"১৮ বছরের একটা ছেলের পক্ষে সেটা অনেক টাকা। কিন্তু টোনি বলল ওটা নিয়ে দর কষাকষি চলতে পারে। আমি ভাবলাম, 'বাপ রে, এরা তো ছেলেটাকে দরজা দিয়ে ঠেলে বার করে দিতে চাইছে।' আমরা আগ্রহী ছিলাম, ছেলেটা যে বিরাট প্রতিভা তা নিয়ে কোনও সন্দেহ ছিল না।"
লিভারপুলের ম্যানেজার জেরার্ড উলিয়ে নিজের চোখে রোনাল্ডোকে দেখতে চাইলেন। পর্তুগালের অনূর্ধ্ব-২০ দলের খেলা দেখতে তিনি গেলেন তুলোঁ টুর্নামেন্টে। লিভারপুলের ধারণা ছিল, বেতন নিয়ে একটা মাঝামাঝি রফা হলেই চুক্তির ভিত তৈরি।
টমসনের কথায়, "তার পর যা ঘটল, জীবনে ভুলব না। মঙ্গলবার দুপুরে ট্রেনিং গ্রাউন্ডে খেতে বসেছি, স্কাই স্পোর্টসের পর্দার হলুদ পট্টিতে ভেসে উঠল: 'ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১ কোটি ২২ লক্ষ পাউন্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করাল।' জেরার্ড আর আমার গলায় খাবার প্রায় আটকে যাওয়ার জোগাড়। মনে আছে জেরার্ড লাফিয়ে উঠে বলেছিল, 'এটা কী হয়ে গেল?'"
এক রাতের কিংবদন্তি, আর তার আড়ালের সত্যি
অনেক সময় মনে হতেই পারে, লিসবনের এক মধুর রাতেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য সব কিছু খাপে খাপে মিলে গিয়েছিল।
কাহিনির জনপ্রিয় সংস্করণটা তো সেটাই। স্পোর্টিংয়ের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ, রোনাল্ডোর চোখধাঁধানো খেলা, আর সেই চেনা গল্প: স্যর অ্যালেক্স ফার্গুসনের ফুটবলাররা মাথা ঘুরে, নাস্তানাবুদ হয়ে ম্যানেজারের কাছে কাতর আর্জি জানাচ্ছেন, যে ছেলেটা তাঁদের মাটিতে ফেলে দিয়েছে, তাকে কিনতেই হবে।
বাস্তবে চুক্তির সবচেয়ে কাছের মানুষেরা, বিশেষ করে রোনাল্ডো আর তাঁর এজেন্ট হোর্হে মেন্ডেস, এই ধারণায় মজাই পান যে সব কিছু নাকি প্রাক্-মরসুমের ওই একটা ম্যাচের উপর নির্ভর করেছিল।
২০০৭ সালে প্রকাশিত আত্মজীবনী 'মোমেন্টস'-এ রোনাল্ডো লিখেছিলেন, "আমি আগে থেকেই জানতাম ম্যাঞ্চেস্টারই আমার ভবিষ্যৎ। যত যা-ই লেখা হোক, ওই প্রীতি ম্যাচের পরে হঠাৎ ইউনাইটেডের আগ্রহ জন্মায়নি। শুধু ওই খেলার জন্যই নয়, যদিও আমি জানি খেলাটা ভাল হয়েছিল।"
আসলে কী ঘটেছিল তা জানতে ২০২০ সালে দ্য অ্যাথলেটিক কথা বলেছিল চুক্তির সঙ্গে সবচেয়ে বেশি জড়িত কয়েক জনের সঙ্গে: ইউনাইটেডের চিফ এগজ়িকিউটিভ পিটার কেনিয়ন, স্পোর্টিংয়ের ম্যানেজার লাশলো বোলোনি ও ডিরেক্টর কার্লোস ফ্রেইতাস, আর্সেনাল ও লিভারপুলের কর্তা-সহ আরও অনেকে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি স্পোর্টিং আর ইউনাইটেড। সেই উপলক্ষে ফিরে দেখা যাক রোনাল্ডোর ইউনাইটেডে যাওয়ার কাহিনি। তার মধ্যে আছে এই সব অধ্যায়: এই ট্রান্সফার থেকে স্ট্রেটফোর্ড আর মেন্ডেসের মধ্যে পাঁচ বছরের আইনি লড়াই শুরু হয়, রুনি আর রোনাল্ডোর এজেন্টদের সম্পর্কে চিড় ধরে। রোনাল্ডোকে স্কাউট করা শুরু করতে ইউনাইটেড দেরি করেছিল, পর্তুগালে তাদের কালেভদ্রে দেখা যেত, অথচ লিভারপুল আর আর্সেনাল প্রতি সপ্তাহে নজর রাখত। রোনাল্ডোকে ইউনাইটেডের কাছে হারিয়ে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে মেন্ডেসের কাছ থেকে আর কখনও কোনও ফুটবলার কেনেননি। ২০০২ সালে রোনাল্ডোকে কেনার প্রস্তাব পেয়ে সবাইকে টেক্কা দিতে পারত লিয়ঁ, কিন্তু অবিশ্বাস্য ভাবে তারা জানতই না ছেলেটা কে। আর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাস-সহ কার্যত ইউরোপের সব বড় ক্লাবের মতো টটেনহ্যাম হটস্পারেরও আছে নিজস্ব 'যদি এমন হত' গল্প, কারণ রোনাল্ডোর খবর তাদের কানেও পৌঁছেছিল।
তা হলে বাকি সবাইকে পিছনে ফেলে ইউনাইটেড এগিয়ে গেল কী ভাবে?
প্রথমত, ভাগ্যের একটা ভূমিকা ছিলই। কিশোর রোনাল্ডোকে ঘিরে কত ক্লাবের যে অল্পের জন্য ফসকানো, দুর্ভাগ্যের আর 'স্লাইডিং ডোরস'-গোছের মুহূর্তের গল্প আছে, তা ভাবলেই বোঝা যায়।
বিশেষ করে আর্সেনালের আক্ষেপ করার যথেষ্ট কারণ আছে। ২০০২ সালের ২৪ নভেম্বর, ইউনাইটেড তাঁকে পাওয়ার প্রায় ন'মাস আগে, রোনাল্ডো লন্ডনে উড়ে এসেছিলেন। ট্রান্সফারের সব বন্দোবস্ত হয়ে গিয়েছিল, প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা পর্যন্ত হয়ে যায়।
তবে এটাও সত্যি যে শেষ পর্যন্ত নিজেদের সবচেয়ে জোরালো জায়গায় রাখতে ইউনাইটেডের একটা সুচিন্তিত কৌশল ছিল।
স্পোর্টিংয়ের সঙ্গে গোপন আঁতাঁত
২০০২ সালের গ্রীষ্মে স্পোর্টিংয়ের সঙ্গে একটা অনানুষ্ঠানিক জোট বাঁধে ইউনাইটেড, যা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ফার্গুসনকে আপনা থেকেই এগিয়ে দেয়। ভাবনাটা ছিল কার্লোস কেইরোজের। স্পোর্টিংয়ের প্রাক্তন ম্যানেজার, পর্তুগিজ ফুটবলের নাড়িনক্ষত্র জানতেন, তখন ফার্গুসনের সহকারী হয়ে ম্যাঞ্চেস্টারে এসেছেন।
খাতায়-কলমে এই "কৌশলগত অংশীদারি"-র উদ্দেশ্য ছিল স্কাউটিং, ট্রেনিং আর খেলোয়াড় তৈরির ব্যাপারে দুই ক্লাবের পরামর্শ আদানপ্রদান। এর মানে এই নয় যে স্পোর্টিংয়ের সেরা তরুণদের যখন খুশি তুলে নেওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন ফার্গুসন। কিন্তু কাউকে পছন্দ হলে ইউনাইটেড যে সুবিধাজনক জায়গায় থাকবে, তা নিশ্চিত হয়েছিল। আর যখন স্পোর্টিংয়ের ইতিহাসের সেরা ফুটবলারটি অ্যাকাডেমি থেকে উঠে এলেন, তখন সেটা যে কতটা কাজে লাগল, তা বলাই বাহুল্য।
২০২০ সালে কেনিয়ন দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "আমরা স্পোর্টিংয়ের কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কারণ ওরা অনেক ভাল ফুটবলার তৈরি করত, গোটা পর্তুগিজ ফুটবলই করত। কার্লোস আমাদের সঙ্গে ছিল, তাই পর্তুগালের প্রতিভা সম্পর্কে আমাদের ভাল ধারণা ছিল। সব কিছুই ওই দিকে ইঙ্গিত করছিল। পরস্পরকে চেনার আর একসঙ্গে ব্যবসা করার একটা সুযোগ ছিল সেটা, কিন্তু ক্রিশ্চিয়ানোকে মাথায় রেখে নয়।"
হয়তো তা-ই। কিন্তু এর সূত্রেই স্পোর্টিংয়ের নতুন স্টেডিয়াম এস্তাদিও জোসে আলভালাদের উদ্বোধনী ম্যাচে খেলার আমন্ত্রণ পায় ইউনাইটেড। আর তত দিনে রোনাল্ডোর কথা আর গোপন নেই।
কেনিয়নের কথায়, "ভাবতে ভাল লাগত যে আমরা সবার চেয়ে এত এগিয়ে ছিলাম যে একমাত্র আমরাই ওকে চিনেছিলাম। কিন্তু ও তখনই ইউরোপের উঠতি প্রতিভা। আমরা জানতাম কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছি।"
গল্ফ রিসর্টে নৈশভোজ, ভদ্রলোকের চুক্তি
তারিখ ২০০৩ সালের ৬ অগস্ট। আগের সন্ধ্যায় কাসকাইসের কুইন্টা দা মারিনিয়া গল্ফ রিসর্টে স্পোর্টিংয়ের দুই ডিরেক্টর জোসে বেতেনকোর্ত আর মিগেল রিবেইরো তেলেসের সঙ্গে নৈশভোজে বসেছিলেন ফার্গুসন। খাওয়ার মাঝপথে এসে পৌঁছন মেন্ডেস। ছিলেন মেন্ডেসের ভাগ্নে ও ডান হাত লুইস কোরেইয়াও। গল্ফ কোর্সের দিকে মুখ করা একটা টেবিল ঘিরে সবাই বসলেন, ওয়াইনের গ্লাস ভরতে থাকল, আর কথা ঘুরে গেল রোনাল্ডোর দিকে।
মেন্ডেস তখন আজকের মতো 'সুপার এজেন্ট' নন, নেহাতই এক সাধারণ এজেন্ট। কিন্তু নাইটক্লাবের এই প্রাক্তন মালিক তখনই দুঁদে কারবারি।
রোনাল্ডিনহো সবে ইউনাইটেডকে ফিরিয়ে দিয়ে বার্সেলোনায় সই করেছেন। ডেভিড বেকহ্যাম চলে গিয়েছেন রিয়াল মাদ্রিদে, হুয়ান সেবাস্তিয়ান ভেরন চেলসির পথে। স্পোর্টিংয়ের ডিরেক্টরদের মেন্ডেস আগেই বুঝিয়ে রেখেছিলেন কী ভাবে চাল দিতে হবে। তিনি জানতেন ইউনাইটেড রোনাল্ডোকে চায়, খরচ করার মতো টাকাও তাদের আছে। কিন্তু তিনি জানতে চেয়েছিলেন, তাঁর মক্কেলকে নিয়ে ক্লাবের পরিকল্পনাটা কী।
নৈশভোজের পর ম্যানেজারের ঘরে দু'ঘণ্টা বৈঠক করেন ফার্গুসন আর মেন্ডেস, হয় এক ভদ্রলোকের চুক্তি। প্রস্তাব ছিল পাঁচ বছরের চুক্তি, যার মধ্যে একটা শর্ত অনুযায়ী এক বছর লোনে স্পোর্টিংয়েই থাকবেন রোনাল্ডো। ফার্গুসন বরাবরের মতোই অসম্ভব প্রভাবশালী। মেন্ডেসের চোখে চোখ রেখে তিনি সেই কথাটাই বললেন যা মেন্ডেস শুনতে চাইছিলেন: "আমরা ওর খেয়াল রাখব।"
পরের সন্ধ্যাটা কিংবদন্তি হয়ে গিয়েছে। তার সবচেয়ে ভাল ছবি সম্ভবত ২০১৩ সালের আত্মজীবনীতে ফার্গুসনের লেখা সেই বাক্য, যেখানে তিনি বলেছেন ইউনাইটেডের রক্ষণকে তছনছ করা রোনাল্ডোকে থামাতে গিয়ে জন ও'শের "মাথা যন্ত্রণায় ফেটে যাওয়ার জোগাড়"। সে দিনই আগে রোনাল্ডো জেনে গিয়েছিলেন যে ম্যাঞ্চেস্টারে যাওয়া পাকা। কিন্তু ময়ূরের মতো পেখম মেলার জন্য তিনি বেছে নিয়েছিলেন একেবারে সঠিক সন্ধ্যাটাই।
২০২০ সালের সাক্ষাৎকারে কেনিয়ন বলেছিলেন, "সে রাতে ক্রিশ্চিয়ানো আগুন ঝরাচ্ছিল। তাতে শুধু সবার উৎসাহ আরও বেড়ে গেল। ও কী জিনিস, সেটা বোঝা গেল। সব কিছুর গতি বেড়ে গেল।"
রোনাল্ডো এমন রোমাঞ্চকর খেলছিলেন যে বিরতিতেই কেনিয়নের ফোন বাজতে শুরু করে। ফার্গুসনের বার্তা ছিল ছোট আর স্পষ্ট: "এই ছেলেটাকে আমাদের সঙ্গে ফিরতে হবে।"
খেলা শেষ হতেই ফার্গুসন তাঁর কিটম্যান অ্যালবার্ট মর্গ্যানকে পাঠালেন ভিআইপি আসন থেকে ইউনাইটেডের চিফ এগজ়িকিউটিভকে খুঁজে আনতে।
কেনিয়নের ব্যাখ্যা, "আসল পরিকল্পনা ছিল ক্রিশ্চিয়ানোকে সই করিয়ে আরও এক মরসুম স্পোর্টিংয়ে রেখে দেওয়া। ভাবনাটা ছিল, স্পোর্টিংয়ে নিয়মিত প্রথম দলে খেলে ও তৈরি হবে, তার পরের বছর ম্যাঞ্চেস্টারে আসবে। কিন্তু তার পর… (হাসতে হাসতে) ও তো অসাধারণ খেলে দিল, তাই না?
"তখন ব্যাপারটা দাঁড়াল এই যে, 'দেখো, অযথা সময় নষ্ট করে লাভ নেই, অন্য কোথাও ওর বেড়ে ওঠা দেখার দরকার নেই, ওকে নিয়ে নাও, ক্লাবের কাঠামোর মধ্যে নিয়ে এসো।' সেই মুহূর্তে স্যর অ্যালেক্সের নেতৃত্বে আমরা সবাই ঠিক করলাম, চুক্তিটা পাকা করে ওকে ম্যাঞ্চেস্টারে নিয়ে আসতে পারলে সেটাই হবে বিচক্ষণ কাজ।"
ড্রেসিংরুমের দৃশ্য, তার পর ম্যাঞ্চেস্টারে ফেরার বিমানে একের পর এক ফুটবলারের ফার্গুসনের কাছে গিয়ে রোনাল্ডোকে কেনার আর্জি জানানোর গল্প বহু বার বলা হয়েছে। সে কথায় পরে আসছি।
দুই এজেন্টের যুদ্ধ
যে গল্পটা তুলনায় কম জানা, তা হল স্ট্রেটফোর্ডের সঙ্গে বিবাদের জেরে মেন্ডেসের আদালতে যাওয়ার আশঙ্কা। ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডো আর রুনি সতীর্থ হলেও তাঁদের এজেন্টরা ছিলেন একে অপরের ঘোর শত্রু।
দুই এজেন্টের সম্পর্কের শুরু ২০০২ সালের মার্চে, যখন মেন্ডেসের সংস্থা গেস্টিফুটের সঙ্গে জোট বাঁধতে স্ট্রেটফোর্ডকে লিসবনে আমন্ত্রণ জানানো হয়। চূড়ান্ত লক্ষ্য ছিল পর্তুগিজ ফুটবলারদের প্রিমিয়ার লিগে পাঠানো আর ফি ভাগাভাগি করে নেওয়া।
স্পোর্টিংয়ের উগো ভিয়ানার নিউক্যাসল ইউনাইটেডে আর নুনো কাপুচোর রেঞ্জার্সে যাওয়ার চুক্তি থেকে ভাগ পেয়েছিল স্ট্রেটফোর্ডের নিজের সংস্থা ফর্মেশন। ব্রিটেনে প্রয়োজনীয় যোগাযোগ ছিল স্ট্রেটফোর্ডের, আর মেন্ডেসের হাতে ছিল ক্রমবর্ধমান পর্তুগিজ ফুটবলারের দল। দু'জনে মিলে যেন নিখুঁত জুটি।
কিন্তু রোনাল্ডোর চুক্তি ছিল সেই একাধিক বিবাদের একটা, যার জেরে শেষ পর্যন্ত সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। পোর্তোর জেলা আদালতে মামলার কাগজ জমা দেন স্ট্রেটফোর্ড, সাক্ষীদের তালিকায় ছিলেন ওয়েঙ্গারও। শুনানি শুরুর ঠিক আগে, প্রায় "আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে", মামলার নিষ্পত্তি হয়। আইনি কাগজে সই হয়, যাতে সংশ্লিষ্টদের বিস্তারিত নিয়ে মুখ খোলা নিষিদ্ধ।
ইউনাইটেডের ফুটবলারদের নিয়ে লিসবন থেকে ফেরার সময় অবশ্য এ সব নিয়ে ফার্গুসনের মাথা ঘামানোর কিছু ছিল না।
ম্যানেজার বসে ছিলেন তাঁর চিরাচরিত আসনে, সামনের সারিতে, আইলের ধারে। ফুটবলারদের আলোচনা তখনও রোনাল্ডোর স্টেপওভার ঘিরে, আর গুজব ঘিরে যে দু'এক দিনের মধ্যে সে-ও হয়তো ম্যাঞ্চেস্টারের পথে।
তবে একটা আসন ফাঁকা পড়ে ছিল।
স্যুটকেস হাতে কেনিয়ন তখন ফিরে চলেছেন কুইন্টা দা মারিনিয়ায়, স্পোর্টিং প্রেসিডেন্ট আন্তোনিও দিয়াস দা কুনিয়ার সঙ্গে দেখা করতে। কাজ তখনও বাকি।
"দল চলে গেল, আমি থেকে গেলাম, আর আমরা চুক্তিটা সেরে ফেললাম।"
ফসকে যাওয়া ক্লাবের লম্বা তালিকা
পাঁচটা ব্যালন ডি'অর জিতে যে ফুটবলার আজ সর্বকালের সেরাদের মধ্যে গণ্য হওয়ার দাবিদার, তাঁর ক্ষেত্রে কোন কোন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আগেই বাজিমাত করতে পারত, তার হিসেব রাখা সহজ নয়।
স্পোর্টিংয়ের প্রাক্তন ডিরেক্টর ফ্রেইতাস দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "সবার আগে এসেছিল আর্সেনাল। ডেভিড ডেন (আর্সেনালের ভাইস-চেয়ারম্যান) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু ইন্টার, ভ্যালেন্সিয়া, বার্সেলোনাও ছিল। সবাই ফুটবলারটিকে কিনতে স্পোর্টিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল।
"ওই সব ক্লাবের শীর্ষকর্তাদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছিলাম, খুব ভাল প্রস্তাব। জুভেন্তাসও ছিল। জুভেন্তাসের সঙ্গে আমাদের দর কষাকষি হয়েছিল, কিন্তু চুক্তিটা দানা বাঁধেনি। শর্তের একটা অংশ ছিল মার্সেলো সালাস স্পোর্টিংয়ে আসবে, কিন্তু সালাস পর্তুগালে আসতে চায়নি।"
চিলের স্ট্রাইকার সালাস ফুটবলার-আর-নগদ বিনিময়ের অংশ হওয়ার কথা গুরুত্ব দিয়ে ভেবেছিলেন। তুরিনের ক্রীড়া দৈনিক তুত্তোস্পোর্ত শিরোনাম পর্যন্ত করে ফেলেছিল, "জুভে: রোনাল্ডো তোমার।" কিন্তু সালাস শেষে ঠিক করেন দক্ষিণ আমেরিকায় ফিরবেন। কিছুতেই তাঁর মত বদলানো যায়নি, আর ২০০৩ সালের ১৭ জুলাই আর্জেন্টিনার রিভার প্লেটে তাঁর লোনে যাওয়া পাকা হয়। অর্থাৎ, ইউনাইটেড রোনাল্ডোর জন্য ঝাঁপানোর ঠিক তিন সপ্তাহ আগে।
ভ্যালেন্সিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী পাকো রোইগের সঙ্গে মেন্ডেসের সমঝোতা হয়েছিল, নির্বাচিত হলে তিনি রোনাল্ডো আর কোয়ারেজমাকে, কিংবা শুধু রোনাল্ডোকে কিনবেন। রাফা বেনিতেসের কোচিংয়ে ভ্যালেন্সিয়া পরের মরসুমেই লা লিগা আর উয়েফা কাপ (ইউরোপা লিগের পূর্বসূরি) জিতে দ্বিমুকুট পায়। কিন্তু স্প্যানিশ ক্লাবটির আর্থিক সঙ্কটের কারণে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
পার্মা প্রায় ৭০ লক্ষ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল, তবে তারা চেয়েছিল রোনাল্ডো এক বছর লোনে স্পোর্টিংয়েই থাকুন। পরে ম্যাঞ্চেস্টার সিটির ফুটবল ডিরেক্টর হওয়া চিকি বেগিরিস্তাইন বার্সেলোনার হয়ে রোনাল্ডোকে দেখতে স্পোর্টিং-ইউনাইটেড ম্যাচে হাজির ছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আর রিয়াল মাদ্রিদ তো থাকবেই। ছ'সপ্তাহ আগে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে মাদ্রিদের ফাঁকা ম্যানেজারের পদে বসেছিলেন কেইরোজ। মাদ্রিদকে তাঁর প্রথম নির্দেশ ছিল, যত টাকাই লাগুক, রোনাল্ডোকে ছিনিয়ে আনতে হবে।
রোনাল্ডোকে পেশাদার ফুটবলে অভিষেক করানো ম্যানেজার বোলোনিও সম্ভাব্য ক্রেতাদের আর একটা তালিকা গড়গড় করে বলে দিতে পারেন।
বোলোনি দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "আমি নিজে তিনটে ক্লাবের সঙ্গে কথা বলেছিলাম। প্রথম ফোন করেছিলেন (ফরাসি ক্লাব) অসেরের (ম্যানেজার) গি রু। আমি বললাম, হ্যাঁ, রোনাল্ডো সত্যিই অসাধারণ। রোনাল্ডো তরুণ, আর গি তরুণদের নিয়ে কাজ করতে ভালবাসত। ও দাম জানতে চাইল। আমি বললাম, 'গি, ওর জন্য তোমাকে কয়েক মিলিয়ন জোগাড় করতে হবে।' ও বলল, 'ঠিক আছে, এটা আমার জন্য নয়।' আলোচনা সেখানেই শেষ।"
এর পর বোলোনি লিয়ঁর কাছে প্রস্তাব দেন স্ট্রাইকার টোনি ভেরেলকে লোনে নেওয়ার, যার সঙ্গে থাকবে রোনাল্ডোকে কেনার প্রথম অধিকারের শর্ত।
বোলোনির কথায়, "সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছিল লিয়ঁর সঙ্গে। স্পোর্টিংয়ের তখন টাকা ছিল না। আমার প্রেসিডেন্ট বললেন, 'ওদের বলো, ভেরেলকে বিনা পয়সায় দিলে আমরা যখন তরুণদের বেচব, ওরা অগ্রাধিকার পাবে।'
"লিয়ঁ জিজ্ঞেস করল, 'এই তরুণরা কারা?' বললাম, আমার কাছে অনেক তরুণ আছে, তবে সেরা দু'জন রোনাল্ডো আর কোয়ারেজমা। এক সপ্তাহ, দু'সপ্তাহ অপেক্ষা করলাম। কেউ ফোন করল না। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে আসছিল, তাই আমি আবার ফোন করলাম। ওরা জানাল, এই ছেলেদের নাম তিনি কখনও শোনেননি, তাই প্রস্তাবটা মানতে পারছেন না।"
ম্যানেজারের অফিসে ওয়েঙ্গারের সঙ্গেও দেখা করেছিলেন বোলোনি।
"আর একজন স্ট্রাইকার খুঁজতে আমি ইংল্যান্ডে আর্সেনালে গিয়েছিলাম," বোলোনি বলেন। "লিগ জেতার জোরালো জায়গায় যখন আমরা, ঠিক তখনই আমার স্ট্রাইকারের পা ভাঙে। তার বদলি খুঁজছিলাম, আর্সেনালের রিজ়ার্ভ দলে নজর দিচ্ছিলাম। যা-ই হোক, আর্সেন আমাকে রোনাল্ডোর কথা জিজ্ঞেস করল, আর আমি গি রুকে যা বলেছিলাম, ওকেও তা-ই বললাম।
"মনে আছে, ও (ওয়েঙ্গার) ফাইল রাখার আলমারির কাছে গিয়ে রোনাল্ডোকে নিয়ে বিশাল একটা নথি বার করে আনল। ওর সম্পর্কে সব জানত। রোনাল্ডোকে পুরোপুরি চিনত। ওর কাছে এত তথ্য দেখে আমি অবাক হয়েছিলাম।"
নিয়মিত স্কাউট পাঠাত অন্যরা, ইউনাইটেড নয়
স্পোর্টিংয়ের ম্যানেজারের অতটা অবাক হওয়ার কথা নয়। নতুন এমিরেটস স্টেডিয়াম তৈরিতে বাজেটের বড় অংশ চলে যাওয়ায় আর্সেনালের হাতে খরচ করার মতো টাকা বিশেষ ছিল না। ওয়েঙ্গারের বিখ্যাত উক্তি ছিল, "আমরা সুপারস্টার কিনি না, তৈরি করি।" একটা ব্যাপারে সবাই একমত হবেন: রোনাল্ডোর জন্য আর কোনও ক্লাব আর্সেনালের মতো জোর লাগায়নি।
সম্পর্ক রক্ষার স্বার্থে নাম গোপন রাখার শর্তে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এক সূত্র দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রোনাল্ডোকে স্কাউটই করছিল না। ওর কথা হয়তো জানত, কিন্তু প্রতি সপ্তাহে হাজির থাকত না। অন্যদের মতো নয়।"
কথাটা সত্যি। স্পোর্টিংয়ের প্রতিটি ঘরের মাঠের ম্যাচের আগে লিসবন বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল দিয়ে স্কাউটদের সারি বেরোত, আর বেশির ভাগ সময়েই তাঁদের মধ্যে ইউনাইটেডের কেউ থাকতেন না।
কে আসছেন, তা জেনে রাখাকে নিজের কাজ বানিয়ে ফেলেছিলেন মেন্ডেস। মাঝে মাঝে সংশ্লিষ্ট স্কাউটদের ফোন করে জানিয়ে দিতেন, তিনি নিজে তাঁদের যাতায়াতের ব্যবস্থা করেছেন।
যথারীতি বিমানবন্দরে গাড়ি অপেক্ষা করত। চুক্তি সম্পর্কে ঘনিষ্ঠ ভাবে জানেন এমন একজনের কথায়, "প্রত্যেক স্কাউটের কাছে চমক ছিল এটাই যে গাড়িতে উঠে তিনি দেখতেন সঙ্গে আরও দুটো ক্লাবের প্রতিনিধি বসে। এটা শুধু হোর্হে করে না। এটা চেনা কৌশল, যত বেশি তত ভাল, সবাইকে প্রতিযোগিতার কথা জানিয়ে দেওয়া।"
আর্সেনালের তৎকালীন ইউরোপীয় স্কাউট ডেমিয়েন কোমোলি রোনাল্ডোকে চিনতেন তাঁর ১৫ বছর বয়স থেকে। ক্লাবের চিফ স্কাউট স্টিভ রাউলি কিশোরটিকে নিয়ে নথি তৈরি করছিলেন। আর্সেনালের আর এক প্রধান প্রতিভা-সন্ধানী ফ্রান্সিস কাগিগাও স্পোর্টিংয়ের ম্যাচে নিয়মিত হাজির থাকতেন।
লিভারপুলও থাকত। টমসন পর্তুগালের অনূর্ধ্ব-২০ দলেও রোনাল্ডোকে খেলতে দেখেছিলেন। কোয়ারেজমাও প্রায়ই সেই দলে থাকতেন। ২০২০ সালে টমসন স্মৃতিচারণ করেছিলেন, "দু'জনের মধ্যে লাখখানেক স্টেপওভার।"
ফার্গুসনের এক সহকারী জিম রায়ান রোনাল্ডোকে দেখে এসে অনুকূল রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু কেইরোজ আসার পরেও স্পোর্টিংয়ের ম্যাচে ইউনাইটেডকে কালেভদ্রে দেখা যেত। আর এক নির্ভরযোগ্য সূত্রের কথায়, "আরও কয়েক বছর পর পর্যন্ত ওদের নির্দিষ্ট কোনও পর্তুগিজ স্কাউট ছিল না।"
টটেনহ্যামের অবশ্য ছিল, এবং তিনিও লিসবনে নিয়মিত আসতেন। স্পার্সের তৎকালীন ম্যানেজার ডেভিড প্লিট এজেন্ট ব্যারি সিল্কম্যানের কাছ থেকে আগেই ফোন পেয়েছিলেন, এই "দুর্দান্ত, দুর্দান্ত ফুটবলার"-কে তাঁকে দেখতেই হবে।
স্পার্সের প্রাক্তন ফুটবলার রনি রোজেনথালও পুরনো ক্লাবের উপকার করতে চেয়েছিলেন।
রোজেনথাল বলেন, "আমি নিয়মিত পর্তুগালে যেতাম, স্পোর্টিংয়ের পুরনো মাঠে অনেক ম্যাচ দেখেছি। রোনাল্ডোকে প্রথম দেখি ২০০২ সালের অক্টোবরে। আমি ক্লাবগুলোকে জানাতে শুরু করি, আর প্রথম ফোনটা করেছিলাম স্পার্সকে। এটাই সত্যি, আমি ওদের জানিয়েছিলাম যে একজন ফুটবলার আছে, যাকে নিয়ে ওদের খুব আগ্রহী হওয়া উচিত।"
হাইবারিতে প্রায় পাকা, তার পর সব ওলটপালট
স্পার্স অবশ্য আর এগোয়নি। পরের মাসে রোনাল্ডো যখন লন্ডনে এলেন, তখন আলোচনা আর্সেনালে যাওয়া নিয়ে।
রোনাল্ডোর সঙ্গে ছিলেন তাঁর মা ডোলোরেস আর মেন্ডেস। ক্যান্টিনে ওয়েঙ্গারের সঙ্গে খাওয়াদাওয়া হল। রোনাল্ডোকে ট্রেনিং গ্রাউন্ড ঘুরিয়ে দেখানো হল, থিয়েরি অঁরি-সহ অন্য ফুটবলারদের সঙ্গে আলাপ করানো হল। ৮০ লক্ষ পাউন্ডের ফি-তে সম্মতি হয়ে গিয়েছিল। ওয়েঙ্গার রোনাল্ডোকে নিজের অফিসে নিয়ে গিয়ে জানালেন, তাঁর অনুরোধ মতো তিনি ২৮ নম্বর জার্সি পরতে পারবেন। আর্সেনালের এক সূত্রের কথায়, "চূড়ান্ত না হয়েও যতটা পাকা হওয়া সম্ভব, ঠিক ততটাই পাকা হয়ে গিয়েছিল।"
তার পর সব ভেস্তে গেল।
একটা বয়ান হল, মেন্ডেস একটা ফোন করতে উঠে যান, ফিরে এসে ওয়েঙ্গারকে জানান যে তিনি এইমাত্র ফার্গুসনের সঙ্গে কথা বলেছেন, আর ইউনাইটেড ১ কোটি ১০ লক্ষ পাউন্ড পর্যন্ত দিতে প্রস্তুত। কিন্তু এর সমর্থন কখনও মেলেনি।
যেটা পরিষ্কার, তা হল এই ডিগবাজির চালক ছিলেন মেন্ডেস। ভিতরের খবর জানেন এমন একজনের মতে, "এটা ছিল এজেন্টের নিজের ক্ষমতা কাজে লাগানোর আদর্শ উদাহরণ। খাঁটি মেন্ডেস। হোর্হের সঙ্গে কাজ করলে সব সময় দেখা যেত আপনি একটা নিলাম-যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যেটা ও-ই উস্কে দিত, আর শেষ পর্যন্ত লাভটা ওরই হত।"
ওয়েঙ্গার মেন্ডেসকে কখনও ক্ষমা করেননি, অন্তত ভোলেননি তো বটেই। দু'জনে কখনও একই অনুষ্ঠানে থাকলে ম্যানেজার নিজের মনোভাব লুকোনোর চেষ্টাটুকুও বিশেষ করতেন না। সৌজন্য ছিল নামমাত্র। দু'জনেরই এক পরিচিতের কথায়, "সব সময় খুব শীতল। করমর্দন, ব্যস, আর কিছু নয়।"
ফার্গুসন আবার মেন্ডেসের ঘনিষ্ঠ হয়ে ওঠেন, আর পরের বছরগুলোয় সেই একই যোগাযোগ কাজে লাগিয়ে সই করান নানি, আন্দেরসন আর দাভিদ দে হেয়াকে। ইউনাইটেড ছেড়ে চেলসির চিফ এগজ়িকিউটিভ হওয়ার পর কেনিয়নও মেন্ডেসের একাধিক মক্কেলের জন্য দরজা খুলে দেন, যাঁদের মধ্যে অন্যতম মোরিনহো।
আর্সেনাল, ঠিক উল্টো দিকে, রয়ে গেল সেই আক্ষেপ নিয়ে যাকে ওয়েঙ্গার একবার বলেছিলেন "আমার সবচেয়ে বড় আফসোস"।
২০১৪ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে দিয়েগো কোস্তাকে আনার চেষ্টায় তারা মেন্ডেসের সঙ্গে কথা বলেছিল ঠিকই, কিন্তু এ বারও ফল তাদের পক্ষে যায়নি। তা ছাড়া, অভিজাত ক্লাবগুলোর মধ্যে আর্সেনাল ছিল হাতে গোনা সেই কয়েকটার একটা, যারা সাধারণত মেন্ডেসের ফুটবলারদের থেকে দূরে থাকত।
কাকতালীয়? ওয়েঙ্গারের এক ঘনিষ্ঠের জবাব, "সম্ভবত নয়।"
"আমরা ওর জন্য ভাল ছিলাম, ও আমাদের জন্য"
২০২০ সালে কেনিয়নের কথা শুনলে মনে পড়ে যেত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সুসময়ের কথা, যখন আজকের ক্লাবকে জর্জরিত করা সমস্যাগুলোর মুখোমুখি তাদের কদাচিৎ হতে হত।
কেনিয়ন বলেছিলেন, "বাস্তবটা হল, এবং এটা ঔদ্ধত্য নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানোকে অনেক কিছু দিতে পেরেছিল। ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য দুর্দান্ত ছিল, আর আমরাও ওর জন্য দুর্দান্ত ছিলাম।
"মনে রাখতে হবে, ১৮ বছর বয়সে ও সম্পূর্ণ তৈরি ছিল না। সম্ভাবনা ছিল ষোলো আনা, কিন্তু আমরা কথা বলছিলাম বিশ্বের অন্যতম বড় দলে ওর যোগ দেওয়া নিয়ে।
"হোর্হের সঙ্গে আমাদের আলোচনার, আর অ্যালেক্সের সঙ্গে ক্রিশ্চিয়ানোর সরাসরি কথাবার্তার একটা বড় অংশ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসে বিশ্বমানের ফুটবলার হয়ে ওঠা নিয়ে। পল স্কোলস, ডেভিড বেকহ্যাম, রায়ান গিগস, নেভিল ভাইদের নিয়ে তরুণ ফুটবলার তৈরির ব্যাপারে আমাদের ভাল ইতিহাস ছিল। ইউরোপের বড় দলগুলোর চেয়ে আমরা এ কাজ ভাল করেছিলাম। তাই আমাদের সব সময় মনে হত, অন্যদের চেয়ে ওকে আমাদের দেওয়ার বেশি কিছু আছে।"
এমনকি পরাক্রমী রিয়াল মাদ্রিদের চেয়েও? কেনিয়নের নির্লিপ্ত জবাব, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ও যত তাড়াতাড়ি খেলেছে, রিয়াল মাদ্রিদের দলে তত তাড়াতাড়ি খেলত না।"
এই কাহিনির জনপ্রিয় সংস্করণ হল, রোনাল্ডো ফার্গুসনের ফুটবলারদের নাকানিচোবানি খাওয়ানোর আগে পর্যন্ত ইউনাইটেড তাঁর কথা জানতই না, আর সব কিছু ঘটেছিল তার পর থেকে। এটা সত্যের বিকৃতি, কারণ ট্রান্সফারে সম্মতি হয়ে গিয়েছিল আগের রাতেই। (এক গুরুত্বপূর্ণ সূত্রের ভাষায়, "বাস্তবে ফেরা যাক।") তবে এটা অবশ্যই সত্যি যে ইউনাইটেডের ফুটবলাররা খুব দ্রুত বুঝে গিয়েছিলেন, এ এক ভবিষ্যৎ সুপারস্টার।
পরে ইএ স্পোর্টস আর কোপা৯০-র এক অনুষ্ঠানে রিও ফার্দিনান্দ বলেছিলেন, "স্কোলসি, বাটি আর আমি সবাই বলছিলাম, 'একে কিনতেই হবে।' মনে রাখবেন, আমরা সবে রোনাল্ডিনহোকে হাতছাড়া করেছি, একজন বড় ফুটবলার দরকার ছিল। জন ও'শে এমন ভাবে বসে ছিল যেন ওর অক্সিজেন লাগবে।"
রিজ়ার্ভ বেঞ্চে রুড ফান নিস্টেলরয়, ড্যারেন ফ্লেচার, ফিল নেভিল, রায়ান গিগস আর ক্লাব অধিনায়ক রয় কিনের সঙ্গে বসে ছিলেন ড্যানি পিউ।
২০২০ সালে পিউ দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "মিনিট পনেরো পরে বেঞ্চের দিকে তাকালে দেখা যেত সবাই হাঁ করে আছে। সব ছেলে ওকে নিয়ে উচ্ছ্বসিত। কেউ ম্যানেজারকে গিয়ে বলেছিল, 'এই ফুটবলারকে কিনতে হবে', এমনটা আমার মনে পড়ে না। তবে যেটা মনে আছে, ম্যাচের পর টিম বাস ছাড়তে দেরি হয়েছিল, কারণ ম্যানেজার আর চিফ এগজ়িকিউটিভ চুক্তিটা তাড়াতাড়ি সারতে থেকে গিয়েছিলেন।"
ফার্দিনান্দের কথায়, "বাসে আমাদের কাছে খবর পাঠানো হল যে ম্যানেজার আর চিফ এগজ়িকিউটিভ চুক্তি পাকা করার চেষ্টা করছেন। তাই দেরি হওয়া নিয়ে আমরা খুব একটা বিরক্ত হইনি।"
ফার্গুসনের প্রতিশ্রুতি
গিয়েম বালাগের লেখা রোনাল্ডোর জীবনীতে বর্ণনা আছে, কোচদের একটা ঘর দখল করে নিয়েছিলেন ফার্গুসন। সেই প্রথম রোনাল্ডোর সঙ্গে তাঁর কথা, দোভাষীর কাজ চালাচ্ছিলেন মেন্ডেস। ফার্গুসন রোনাল্ডোর বয়স ভুল ভেবেছিলেন (তাঁর ধারণা ছিল ১৭), সেটুকু বাদ দিলে কথাবার্তা ভালই হয়েছিল।
কেনিয়ন দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, "আর একটা দিক হল ওকে টেনে আনতে অ্যালেক্সের ভূমিকা।
"অ্যালেক্স সাধারণত যা কখনও করত না, তা হল খেলার সময়ের প্রতিশ্রুতি দেওয়া। ওর মূলমন্ত্র ছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সম্মান অর্জন করে নিতে হয়। এ বার কিন্তু ও বলেছিল, 'তুমি খেলার সুযোগ পাবে, প্রথম দলের ম্যাচ খেলবে। কতগুলো, সেটা বলব না, কারণ সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু এসে সাইডলাইনে বসে থাকবে না। এটা তোমার ম্যাঞ্চেস্টারে এসে দলে যোগ দেওয়ার ব্যাপার।' সেটাই ছিল মূল চাবিকাঠি।"
এই ফি-র সুবাদে রোনাল্ডো হয়ে গেলেন ইংলিশ ফুটবলের সবচেয়ে দামি কিশোর। দু'দিন পরে তাঁকে ম্যাঞ্চেস্টারে উড়িয়ে আনতে ব্যক্তিগত জেটের ব্যবস্থা হল, বছরে বেতন ১৫ লক্ষ পাউন্ডেরও বেশি। পর্তুগিজ শীর্ষ লিগে মাত্র এক মরসুম, ২৫টা ম্যাচ আর তিনটে গোল যাঁর বায়োডেটায়, তাঁর পক্ষে মন্দ নয়।
ফ্রেইতাসের কথায়, "আমরা কখনওই পুরোপুরি খুশি হতে পারতাম না, কারণ এমন একজন ফুটবলারকে বেচছিলাম যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সেটা আমরা জানতাম। দর কষাকষিতে আমাদের অবস্থান দুর্বল ছিল। ফুটবলার নিজেই চলে গিয়ে কেরিয়ারের পরের অধ্যায় শুরু করতে চাইছিল। চুক্তির শেষ বছরে পা রাখা একজন ফুটবলারের জন্য সেই সময়ে দামটা ছিল বেশি। কিন্তু অমন সম্ভাবনাময় ফুটবলারকে বেচে কেউ আহ্লাদিত হয় না।"
লিভারপুলের আক্ষেপ, আর শেষ কথা
ইউনাইটেডের কয়েকটা প্রতিদ্বন্দ্বী ক্লাবের চেয়ে স্পোর্টিং অবশ্য অনেক বেশি খুশি ছিল। লিভারপুলের কথাই ধরা যাক।
টমসন বলেন, "বছরের পর বছর লোকে বলেছে আমরা ভুল করেছিলাম। ব্যাপারটা কিন্তু তা নয়। যা-ই ঘটে থাকুক, আর আমি আন্দাজ করার চেষ্টাও করব না, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফি ৮২ লক্ষ পাউন্ড বেড়ে গেল। আমাদের কাছে প্রস্তাব ছিল, '৪০ লক্ষ পাউন্ড দাও, ওকে নিয়ে যাও।'
"আমি টোনি হেনরিকে ফোন করে বললাম, 'এটা কী হল?' টোনির প্রথম কথা, 'জানি তুমি কী বলবে।' ও জানাল, বিমান থেকে নেমেই একটা ফোন পেয়েছিল, বলা হয়েছিল, 'তুমি আর এই চুক্তিতে নেই।' আর সব কিছু বদলে গেল। এই হল ব্যাপার, একেবারে খোদ মুখ থেকে শোনা।"
রোনাল্ডোকে নিয়ে দর কষাকষিতে জড়িত অন্যদের দাবি, এই বয়ান দিয়ে লিভারপুল হয়তো মুখরক্ষার চেষ্টা করছে। অন্য সবাই যা দিচ্ছিল, তার তুলনায় টমসনের বলা ফি নিঃসন্দেহে কম মনে হয়।
এক ভিতরের লোকের কথায়, "অতটা এগিয়ে যাওয়ার পর ওকে সই করানোর দায় লিভারপুলেরই। লিভারপুলের করার জন্য সব তৈরি ছিল। ওরা যথেষ্ট দ্রুত পা বাড়ায়নি।"
হয়তো ব্যাপারটা জটিল হয়ে গিয়েছিল লিডস ইউনাইটেড থেকে সদ্য হ্যারি কিউয়েলকে কেনার কারণে। লিভারপুল দুই কিশোর অ্যান্টনি লে তালেক আর ফ্লোরঁ সিনামা-পোঙ্গোলকেও সই করিয়েছিল, রোনাল্ডো যা চাইছিলেন বলে শোনা যায় তার চেয়ে অনেক কম বেতনে। টমসনের কথায়, ১৮ বছরের একটা ছেলেকে তাঁরা কত দেওয়ার কথা ভাবছেন তা ফুটবলাররা জানতে পারলে "নৈরাজ্য" শুরু হয়ে যেত।
নিশ্চিত ভাবে শুধু এটুকুই বলা যায় যে, আর্সেনালের এক সূত্র অনিচ্ছাসত্ত্বেও যেমন স্বীকার করেছেন, ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর প্রথম দফায় ইউনাইটেড "টাকার পুরো দাম উসুল করে নিয়েছিল"। ছ'বছর পরে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি-তে তাঁকে রিয়াল মাদ্রিদের কাছে বেচে দেয় তারা। তখন চুক্তির একটা বাই-ব্যাক শর্ত অনুযায়ী ইউনাইটেড স্পোর্টিংকে জিজ্ঞেস করতে বাধ্য ছিল, তারা আগে কিনে নিতে চায় কি না।
বলা বাহুল্য, পর্তুগিজ ক্লাবটির হাতে ৮ কোটি পাউন্ড বাড়তি পড়ে ছিল না।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।