প্রিমিয়ার লিগের ইতিহাসে এত তিক্ত দলবদল খুব কমই হয়েছে।

২০১১ সালের জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে লিভারপুল ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিতে চলে যান ফার্নান্দো তোরেস। দাম ছিল পাঁচ কোটি পাউন্ড (তখনকার হিসাবে প্রায় আট কোটি ডলার), যা ছিল সে সময়ের ব্রিটিশ রেকর্ড।

স্প্যানিশ স্ট্রাইকার নিজেই দলবদলের আবেদন জমা দিয়েছিলেন। রাতারাতি মার্সিসাইডের নায়ক থেকে তিনি হয়ে যান খলনায়ক। সমর্থকেরা তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন। প্রায় ষোলো বছর পরে তোরেস এখন সেই অধ্যায় নিয়ে নিজের কথা স্পষ্ট করে বলতে চান।

তিনি বলেন, ‘‘এটাই সবচেয়ে স্পর্শকাতর জায়গা। বুঝিয়ে বলা কঠিন। সংক্ষেপে বললে, লিভারপুলে সব কিছু বদলে গিয়েছিল।’’

আলাপ হচ্ছিল মাদ্রিদের উপকণ্ঠে এসি হোটেল লা ফিনকায়। লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার জন অল্ড্রিজের পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন তোরেস। সেই আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিল ‘দ্য অ্যাথলেটিক’।

২০০৭ সালের জুলাইয়ে ক্লাবের রেকর্ড ২ কোটি ২০ লক্ষ পাউন্ডে ছোটবেলার ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে লিভারপুলে যোগ দেন তোরেস। আতলেতিকোতেই এখন তিনি রিজ়ার্ভ দলের কোচ। লিভারপুলে তাঁর শুরুটা ছিল চোখধাঁধানো। রাফা বেনিতেজের প্রশিক্ষণে প্রথম মরসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩টি গোল করেন। অধিনায়ক স্টিভেন জেরার্ডের সঙ্গে তাঁর জুটি হয়ে ওঠে মারাত্মক। ২০০৮ সালের ব্যালন ডি’অরে তিনি তৃতীয় হন, লিওনেল মেসি এবং বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে।

তোরেসের কথায়, ‘‘প্রথম দিন থেকেই লিভারপুলে নিজেকে ঘরের ছেলে মনে হত, ভালবাসা পেতাম। ক্লাবটা গোটা বিশ্বে কত বড়, সেটা বুঝিনি যত দিন না প্রাক্-মরসুম সফরে এশিয়ায় গেলাম। সেখানে আমাদের অনুশীলন দেখতে পঞ্চাশ হাজার মানুষ এসেছিলেন।

‘‘লিভারপুল তখন ইস্তানবুলে (২০০৫ সালে) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর আমি যোগ দেওয়ার ঠিক আগে আথেন্সে আবার ফাইনালে উঠেছে। আমি যা চাইছিলাম, সবই সেখানে ছিল। সমর্থক আর ফুটবলারদের মধ্যে সেই টান, কপ, জাবি আলোনসো, পেপে রেনা, আলভারো আরবেলোয়ার মতো স্প্যানিশ সতীর্থ, আর বড় ট্রফি জেতার সুযোগ।

‘‘রাফা খুব কড়া, কিন্তু দুর্দান্ত ম্যানেজার ছিলেন। পিছনে স্টিভি জি থাকায় কাজটা সহজ হয়ে গিয়েছিল। আমি ফাঁকা জায়গায় দৌড়তাম, জানতাম ও নিখুঁত পাসটা বাড়াবে। কথা বলারও দরকার পড়ত না। প্রথম দিন থেকেই সেই বোঝাপড়া ছিল। আমার খেলা সেরা ফুটবলার ও-ই।

‘‘ঘরের মাঠে প্রথম ম্যাচেই চেলসির বিরুদ্ধে গোল করি। অ্যানফিল্ডে দ্বিতীয় ম্যাচে ডার্বি কাউন্টির বিরুদ্ধে জোড়া গোল। ম্যাচের আগে যখন সার বেঁধে দাঁড়িয়েছি আর কপ গাইছে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’, পাশে দাঁড়ানো পেপেকে বলেছিলাম, ‘মনে হচ্ছে এই মাঠে প্রতিটা ম্যাচে গোল করব’।’’

লিভারপুলের হয়ে লিগে ৫০ গোলে পৌঁছতে তোরেসের লেগেছিল মাত্র ৭২টি ম্যাচ। মহম্মদ সালাহের (৬৯ ম্যাচ) আগে কেউ এত দ্রুত ওই মাইলফলক ছুঁতে পারেননি। কিন্তু ট্রফি অধরাই থেকে যায়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে যন্ত্রণাদায়ক হার, ২০০৮-০৯ মরসুমে খেতাবের দৌড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে পিছিয়ে পড়া।

তার পরে টম হিকস আর জর্জ জিলেটের ক্ষতিকর মালিকানায় আর্থিক সঙ্কট বাড়তে থাকে, বদলে যায় পরিস্থিতি। ২০০৯-১০ মরসুমে সপ্তম স্থানে শেষ করার পরে বেনিতেজ বিদায় নেন। দেউলিয়া হওয়ার বিপজ্জনক কিনারায় পৌঁছে গিয়েছিল ক্লাব। শেষে ২০১০ সালের অক্টোবরে ক্লাব কিনে নেয় ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (তখন যার নাম ছিল নিউ ইংল্যান্ড স্পোর্টস ভেঞ্চার্স)।

২০১১ সালের জানুয়ারির গোড়ায় যখন ম্যানেজার রয় হজসনকে ছাঁটাই করা হয়, লিভারপুল তখন প্রিমিয়ার লিগে ১২ নম্বরে, অবনমন অঞ্চলের মাত্র চার পয়েন্ট উপরে। তোরেসের মোহভঙ্গ ক্রমশ বাড়ছিল। স্পেনের হয়ে ইউরো এবং বিশ্বকাপ জিতে ফেলেছেন, অথচ ক্লাব ফুটবলে কোনও বড় খেতাব নেই।

তিনি বলেন, ‘‘ওরা আমাদের সেরা ফুটবলারদের বিক্রি করতে শুরু করল। জাবি (২০০৯ সালে) রিয়াল মাদ্রিদে চলে গেল, জাভিয়ের মাসচেরানো (২০১০ সালে) বার্সেলোনায়। রাফাও চলে গিয়েছিলেন। মনে হচ্ছিল, ‘এখানে কী হচ্ছে?’ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে আমরা খুব কাছাকাছি পৌঁছেছিলাম। মাত্র এক ধাপ বাকি ছিল, দলে দু’জন ভাল ফুটবলার যোগ করলেই হত। তার বদলে যারা আসছিল, তারা সেরা মানের ছিল না।

‘‘তার আগের গ্রীষ্মে (ম্যানেজিং ডিরেক্টর) ক্রিশ্চিয়ান পার্সলোর সঙ্গে কথা বলেছিলাম। স্বচ্ছ থাকতে চেয়েছিলাম। বুঝিয়ে বলেছিলাম, আমি লিভারপুলে এসেছি ট্রফি জিততে। উনি বলেছিলেন, ক্লাব বিক্রির প্রক্রিয়া চলছে, আর কোনও ফুটবলার বিক্রি করা যাবে না।

‘‘মালিকানা বদলের পরে কথা বলি (এফএসজি-র প্রধান মালিক) জন হেনরির সঙ্গে। নতুন পথে চলার পরিকল্পনা ছিল, তরুণ ফুটবলার কিনে তাঁদের তৈরি করা। এমন কিছু গড়ে তোলা, যাতে দশ বছর লাগবে। প্রায় ২৭ বছর বয়সে আমার হাতে অত সময় ছিল না।

‘‘(স্পোর্টিং ডিরেক্টর) দামিয়েন কোমোলির সঙ্গেও কথা হয়েছিল। আমার মনে হয়েছিল, আমি চলে গেলে ওঁর তেমন কিছু যায় আসে না। উনি বলেছিলেন, ‘বিকল্প পেলে তুমি যেতে পারো’। বলেননি, ‘চলো নতুন প্রকল্প গড়ি, তোমাকে থাকতে হবে, আমরা এঁকে আর ওঁকে আনছি’।’’

ক্লাবের কিংবদন্তি কেনি ডালগ্লিশকে প্রথমে অন্তর্বর্তী ম্যানেজার করে আনায় কিছুটা জরুরি ইতিবাচক হাওয়া বয়েছিল ঠিকই, কিন্তু তোরেস তত দিনে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যে দিন তাঁর চেলসি-যাত্রা চূড়ান্ত হল, সেই দিনই আয়াখ্স থেকে এলেন লুইস সুয়ারেস, আর নিউক্যাসল ইউনাইটেড থেকে সাড়ে তিন কোটি পাউন্ডে অ্যান্ডি ক্যারলকে কিনে নিজেদের দলবদলের রেকর্ড ভাঙল লিভারপুল।

সাড়ে তিন মরসুমে লিভারপুলের হয়ে ১৪২ ম্যাচে ৮১ গোল করা তোরেস স্মৃতিচারণ করলেন, ‘‘লুইসের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কারণ চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আমরা দু’জনেই একই অফিসে বসে ছিলাম।

‘‘তখনকার লুইস কিন্তু আজকের লুইস ছিল না। পরে ও বিশ্বের সেরা স্ট্রাইকার হয়ে ওঠে, সেটা একটা চমক। কোমোলি আমাকে বলেছিলেন, ‘না, লুইস তোমার বিকল্প নয়। ও উইঙ্গার। আমাদের এখনও একজন গোলস্কোরার খুঁজতে হবে’। তখন কেউ বোঝেনি যে সেই গোলস্কোরার আসলে লুইসই।’’

চেলসিতে যোগ দেওয়ার পরে যে প্রতিক্রিয়া হয়েছিল, তাতে আঘাত পেয়েছিলেন তোরেস। তাঁর কথায়, ‘‘মানুষের কাছে এটা কতটা কঠিন হবে, বুঝতে পারিনি। চলে যাওয়ার সময় যে কষ্ট দেখেছিলাম, তা আমাকে শেষ করে দিচ্ছিল। আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমার কাছে আসল প্রতিদ্বন্দ্বিতা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে। লিভারপুলে থাকার সময় সেটাই অনুভব করতাম। ইউনাইটেডে কখনওই যেতাম না। সেটা রিয়াল মাদ্রিদ আর আতলেতিকোর মতো ব্যাপার।

‘‘ইংল্যান্ডেই থাকতে চেয়েছিলাম, কারণ প্রিমিয়ার লিগ আর এখানকার ফুটবলের ধরন ভালবাসতাম। লিভারপুলে প্রথম মরসুমের পরে বার্সেলোনায় যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু শুনতেই চাইনি, কারণ খুশি ছিলাম। ২০১০ সালে বার্সা আবার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আমার বদলে ডেভিড ভিয়া সেখানে যায়।

‘‘চেলসি আর ম্যাঞ্চেস্টার সিটি আমাকে চেয়েছিল। মনে হয়েছিল, চেলসির যে দুর্দান্ত দল, তাতে ট্রফি জেতার সবচেয়ে ভাল সুযোগ ওরাই দেবে। ফুটবলে কখনও কখনও নিজের পথে হাঁটতে হয়, নিজের পক্ষে কোনটা ভাল সেটা ভাবতে হয়। কিন্তু তখন বোঝা যায় না যে, যাঁরা তোমাকে সব দিয়েছেন, তাঁদের মন ভেঙে দিচ্ছ। লিভারপুলের সমর্থকদের কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ ছিলাম, বুঝিনি। ভাবতাম আমি আর পাঁচজনের মতো একজন ফুটবলার মাত্র।

‘‘চেলসির হয়ে প্রথম বার অ্যানফিল্ডে খেলতে ফেরাটা ছিল ভীষণ কঠিন। আমি জঘন্য খেলেছিলাম (২০১২ সালের মে মাসে চেলসি ৪-১ হেরেছিল)। জীবনে প্রথম বার মনে হয়েছিল, ঘরে আছি, অথচ ঘরে নেই।’’

চেলসির হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জেতেন তোরেস। তার পরে এসি মিলানে কিছু দিন কাটিয়ে আবেগঘন প্রত্যাবর্তন আতলেতিকোয়। বয়স এখন ৪২, তিন সন্তানের বাবা। দৃষ্টিভঙ্গিও বদলেছে।

তিনি বলেন, ‘‘(লিভারপুল ছাড়ার) সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ নেই, কারণ সেই সময় আমার কাছে যেটা ঠিক মনে হয়েছিল, সেটাই করেছিলাম। কিন্তু আক্ষেপ আছে যে নতুন মালিকদের সঙ্গে ঠিকমতো কথা বলে, একে অপরকে ভাল করে চেনার সময়টুকু পাইনি। লিভারপুল সমর্থকদের মনে আঘাত দেওয়ার জন্যও আমি অনুতপ্ত।

‘‘তখন আমার কাছে সবটাই ছিল ট্রফি জেতা। কিন্তু বয়স বাড়লে বোঝা যায়, সেটা আসল কথা নয়। মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেটাই বেশি জরুরি। ভাল থাকা, আর সত্যিই কোনও কিছুর অংশ হয়ে ওঠার অনুভূতি, সেটাই বেশি জরুরি।

‘‘আমার জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি (২০১৮ সালে) আতলেতিকোর হয়ে ইউরোপা লিগ। সবচেয়ে মর্যাদার খেতাব নয়, কিন্তু অবশেষে ঘরের ক্লাবের হয়ে জিতেছিলাম।

‘‘ব্যাপারটা ট্রফির নয়, তুমি কী উত্তরাধিকার রেখে যাচ্ছ সেটাই আসল। শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করা। মানুষ আমার সঙ্গে কেমন ব্যবহার করেন, তা যখন আমার ছেলেমেয়েরা দেখে, তখন বুঝি কাজগুলো ঠিক ভাবে করা কতটা জরুরি। মানুষ তোমাকে কী ভাবে মনে রাখবে, সেটাই কথা।’’

বছরের পর বছর গড়িয়েছে, মার্সিসাইডে তোরেসের প্রতি বিদ্বেষ ফিকে হয়েছে, লিভারপুলের সঙ্গে তাঁর বন্ধন আবার জোড়া লেগেছে। দু’বছর আগে অ্যানফিল্ডে আয়াখ্স লেজেন্ডসের বিরুদ্ধে ক্লাবের কিংবদন্তি দলের হয়ে খেলেছিলেন। কোচিংয়ের সূচি অনুমতি দিলে মার্চে ইন্টারের বিরুদ্ধে পরের দাতব্য ম্যাচেও ফিরতে চান।

তিনি যোগ করেন, ‘‘যাঁরা এখনও আমাকে ক্ষমা করেননি, তাঁদের বুঝি। তবে নিজের দিকটা বুঝিয়ে বলার সুযোগ পাওয়ায় কেউ কেউ খানিকটা মত বদলেছেন।

‘‘মনে আছে, (২০১৫ সালে) স্টিভির টেস্টিমোনিয়াল ম্যাচে অ্যানফিল্ডে যাওয়ার সুযোগ এসেছিল। ভীষণ নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম। স্টিভিকে বলেছিলাম, ‘না, আমি যাব না। আজ তোমার দিন, আমি সবার নজর কেড়ে নিতে চাই না’। কিন্তু ও বলল, ‘চিন্তা কোরো না, এসো, আমরা ব্যাপারটা মিটিয়ে নেব’।

‘‘মানুষ যে ভাবে আমাকে গ্রহণ করেছিলেন, তা অসাধারণ। কী যে স্বস্তি পেয়েছিলাম! এখনও ক্লাবটাকে, শহরটাকে ভালবাসি। আমার ছেলে লিয়ো তো স্কাউজ়ার। বছরে অন্তত এক বার ওকে নিয়ে অ্যানফিল্ডে যাওয়ার চেষ্টা করি। চাই, ও স্টেডিয়ামটাকে অনুভব করুক, বুঝুক সেখানে থাকার মানে কী। মানুষের এই ক্ষমা আমার কাছে অনেক বড় ব্যাপার। মনে হয় কাঁধ থেকে তিনশো কিলোর বোঝা নেমে গিয়েছে।’’

কোচ হিসেবে তোরেস

‘‘খুব উপভোগ করছি। অ্যাকাডেমিতে এটা আমার ষষ্ঠ মরসুম। তিন বছর অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ছিলাম, দ্বিতীয় দলের সঙ্গে এটা তৃতীয় বছর। আসল লক্ষ্য মূল দলের জন্য ফুটবলার তৈরি করা। আমরা খুব গর্বিত, কারণ গত মরসুমে আমাদের তিন জন মূল দলে জায়গা করে নিয়েছে।

‘‘কখন যে সুযোগ আসবে, কেউ জানে না। তৈরি না থাকলে সুযোগ হাতছাড়া হয়ে যায়।

‘‘ফুটবলার হওয়ার ৯০ শতাংশই মানসিকতা। তরুণদের সঙ্গে কাজ করতে ভালবাসি। আমিও ছিলাম সেই দলে, যারা বলত কোনও দিন কোচিং করব না। কিন্তু অবসরের পরে লাইসেন্সের পাঠ নিলাম, আর ভাল লেগে গেল। আবার প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছি।

‘‘খেলোয়াড় হিসেবে গোল করে মানুষকে খুশি করা যায়, তাঁরা তোমার পরিশ্রমের স্বীকৃতি দেন। সেই অনুভূতি আর কখনও পাব বলে মনে হয় না। তবে এটাই তার সবচেয়ে কাছাকাছি।’’

কেন এমএলএস-এ যাননি

‘‘২০১৫ সালে মিলানে থাকার সময় এলএ গ্যালাক্সি থেকে প্রস্তাব পেয়েছিলাম। আমেরিকা যাওয়া প্রায় ঠিক, তখনই আতলেতিকো ফোন করল, আর সব বদলে গেল। আমার বদলে স্টিভি জি গ্যালাক্সিতে গেল।

‘‘আমার ঘনিষ্ঠ মহলে কেউই মনে করেনি আতলেতিকোয় ফেরা ভাল সিদ্ধান্ত। ওরা বলেছিল, ‘অতীতে ওদের জন্য যা করেছ, সেটা ঝুঁকিতে ফেলো না’। বয়স আর চোটের কারণে আমার কেরিয়ার তখন নামতির দিকে বলে মনে হচ্ছিল। কিন্তু আমি ভেবেছিলাম, পৃথিবীতে এটাই একমাত্র জায়গা যেখানে নিশ্চিত ভাবে সফল হব। জানতাম, আমার মধ্যে আবেগ থাকবে, পূরণ করার মতো একটা স্বপ্ন থাকবে। না হলে কেরিয়ারের শেষটা খুব খারাপ হত।

‘‘২০১৮ সালে আবার আমেরিকা যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তার বদলে জাপানে (সাগান তোসুতে খেলতে) যাওয়ার সিদ্ধান্ত নিই।’’

তোরেসের স্বপ্নের পাঁচজনের দল

‘‘যাঁদের সঙ্গে খেলেছি তাঁদের মধ্যে থেকে বাছলে গোলে থাকবে ইয়ান অবলাক। ওকে ভীষণ কম মূল্যায়ন করা হয়, ও লা লিগার ইতিহাসে সেরা গোলরক্ষক। রক্ষণে কার্লেস পুয়োল, কী নেতা, কী চরিত্র! ওর সঙ্গে খেলতে দারুণ লাগত। মাঝমাঠে স্টিভি জি আর আন্দ্রেস ইনিয়েস্তা, আর আক্রমণে ডেভিড ভিয়া।’’