পর্তুগাল জাতীয় দলের জার্সিকে আগেই বিদায় জানিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সবুজ মাঠকে আলবিদা জানানোর পালা যতই এগিয়ে আসছে, ততই ফুটবলের বাইরে বিভিন্ন ব্যবসায়ী ও সৃজনশীল কাজে নিজের মনোযোগ বাড়াচ্ছেন সিআরসেভেন। কিছু দিন আগে চলচ্চিত্র নির্মাণে হাত দেওয়ার পর, এ বার নিজের হোটেল ব্যবসাকে আরও বড় মাত্রায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ফুটবল মাঠে সাফল্যের পর এ বার বিশ্বজুড়ে হোটেল সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ফ্রান্সে পা রাখছেন রোনাল্ডো। খুব শীঘ্রই ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৬২৩ কোটি টাকা (প্রায় ৭০ মিলিয়ন ইউরো) খরচ করে একটি বিলাসবহুল হোটেল তৈরি করতে চলেছে তাঁর সংস্থা।
পেস্তানা গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব ও ষষ্ঠ হোটেল
হোটেল ব্যবসার জন্য বিখ্যাত পেস্তানা গ্রুপ (Pestana Group)-এর সঙ্গে ৫০-৫০ অংশীদারিত্বে ব্যবসা চালান রোনাল্ডো। ২০১৬ সালে নিজের শহর মাদেইরাতে প্রথম হোটেল খোলার পর লিসবন, মাদ্রিদ, নিউ ইয়র্ক এবং মারাক্কেশে একাধিক বিলাসবহুল হোটেল তৈরি করেছে ‘পেস্তানা সিআরসেভেন’ (Pestana CR7) ব্র্যান্ড। প্যারিসে তৈরি হতে চলা এই হোটেলটি হতে চলেছে রোনাল্ডোর সংস্থার ষষ্ঠ হোটেল। যদিও হোটেলের সমস্ত দৈনন্দিন ব্যবসায়িক কাজকর্ম পরিচালনার জন্য আলাদা পেশাদার দল রয়েছে, তবুও রোনাল্ডোর প্রতিটি হোটেলের থিম এবং অন্দরের সজ্জায় তাঁর বর্ণময় ফুটবল কেরিয়ারের নানা স্মৃতি ও ছোঁয়া জড়িয়ে থাকে। প্যারিসের হোটেলটিতেও সেই বিশেষ চমক থাকবে বলেই আশা অনুরাগীদের।
কেমন হবে প্যারিসের এই হোটেল?
সংস্থা সূত্রে খবর, আগামী বছরই প্যারিসের এই নতুন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। চারতারা এই বিলাসবহুল হোটেলটিতে পর্যটকদের জন্য মোট ২১০টি ঘর থাকবে। এ ছাড়া আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রুফটপ, অভিজাত বার এবং সুইমিং পুলের ব্যবস্থাও রাখা হচ্ছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর প্যারিসে এই হোটেলটি তৈরি হওয়ায় ফুটবলপ্রেমী এবং পর্যটকদের কাছে এটি অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।