দলীয় সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে চললে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। শুক্রবার বাংলার মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের এই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতৃত্ব। ডিসেম্বরে দলের জনসংযোগ কর্মসূচি ‘সেবাদূত’-এর প্রস্তুতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়েছিল। দলীয় সূত্রের খবর, সেখানেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল স্বাভাবিকের চেয়ে কড়া ভাষায় জনপ্রতিনিধিদের সতর্ক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য পদাধিকারীরা, বিভিন্ন জোন ও জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা, জেলা সভাপতিরা, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং পাঁচ সাধারণ সম্পাদক। প্রথম বক্তা ছিলেন শমীক। শেষ বক্তব্য রাখেন বনসল। রাজ্য বিজেপির এক প্রবীণ পদাধিকারীর কথায়, শমীক প্রথমেই সুর বেঁধে দিয়েছিলেন। বনসল সেই কথাই বলেছেন আরও কড়া ভাষায়।

দলীয় সূত্রের খবর, শমীক মনে করিয়ে দেন, বিধায়ক, সাংসদ বা মন্ত্রী, কেউই দলীয় সংগঠনের ঊর্ধ্বে নন। কয়েকজন নবনির্বাচিত বিধায়কের জীবনযাত্রা এবং প্রকাশ্যে আড়ম্বর দেখানোর প্রবণতা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, কোনও কোনও বিধায়ক নিজের নির্বাচনী কেন্দ্র ও জেলায় স্থানীয় সংগঠনকে পাশ কাটিয়ে কাজ করছেন।

এ প্রসঙ্গে একটি ঘটনার কথাও তোলেন শমীক। অভিযোগ, দলেরই এক জেলা সভাপতিকে গ্রেপ্তার করতে পুলিশকে বলেছিলেন এক বিজেপি বিধায়ক। সূত্রের খবর, শমীক বিস্ময় প্রকাশ করে জানতে চান, এক জন বিধায়ক এমন কথা বলার সাহস পান কী করে?

মন্ত্রীদের একাংশ যখন-তখন সংবাদমাধ্যমে মন্তব্য করছেন, তা নিয়েও আপত্তি জানান রাজ্য সভাপতি। বৈঠকে উপস্থিত নেতাদের বক্তব্য অনুযায়ী, শমীক বলেন, সরকারের অবস্থান আনুষ্ঠানিক ভাবে জানাতে এক জন নির্দিষ্ট মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবেন। সুযোগ পেলেই মন্ত্রীরা যে কোনও বিষয়ে নিজের মতো মন্তব্য করুন, দল তা চায় না।

শেষ বক্তা বনসল ফের শৃঙ্খলার প্রসঙ্গ তোলেন। দলীয় সূত্র অনুযায়ী, তাঁর হুঁশিয়ারি, “এমন আচরণ করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া দলের আর কোনও উপায় থাকে।” কিছু বিধায়ক সাংগঠনিক বৈঠকে নিজে হাজির না হয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন। এই রেওয়াজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

‘সেবাদূত’ কর্মসূচিতে কী করবেন নেতারা

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘সেবাসেতু’ কর্মসূচি শুরু করেছিল বিজেপি। তার পরবর্তী পর্ব ‘সেবাদূত’ শুরু হওয়ার কথা ১ ডিসেম্বর। দলীয় সূত্রের খবর, কর্মসূচি শেষ হবে ২৫ ডিসেম্বর, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে।

‘সেবাসেতু’তে মূল জোর ছিল এলাকায় এলাকায় পরিষেবা শিবির করার উপর। এ বার দলের পদাধিকারীদের নিজেদের রাজ্য, জেলা বা কাজের এলাকার বাইরে গিয়ে সরাসরি মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে। কারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়েছেন, কেন তাঁরা সেই সুবিধা পাননি, তা খুঁজে দেখবেন নেতারা। তার পর সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা মেটানোর দায়িত্বও তাঁদের।

সফরে রাত কাটানোর ব্যাপারেও দল স্পষ্ট নির্দেশ দিয়েছে। দলীয় সূত্রের খবর, বিলাসবহুল হোটেলে ওঠা নিষেধ। নেতাদের থাকতে হবে স্থানীয় দলীয় কর্মীদের বাড়িতে।