সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ঘিরে বিতর্কে ফের প্রকাশ্যে এসেছে মহা বিকাশ আঘাড়ির পুরনো মতবিরোধ। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও কী করে বাল ঠাকরের হিন্দুত্বের উত্তরাধিকার দাবি করেন উদ্ধব ঠাকরে? সোনিয়ার বই একনাথ শিন্ডেকে সেই প্রশ্ন তোলার নতুন সুযোগ দিয়েছে।

ছবিতে সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর কিছু বক্তব্যে আপত্তি জানিয়ে পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন একনাথ শিন্ডের শিবসেনার সমর্থকেরা।

সোনিয়া গান্ধী লিখেছেন, “কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশ শাসকদের হাতে মার খাচ্ছিলেন, কারাবরণ করছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের প্রথম সারির মতাদর্শকারেরা তাঁদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমাভিক্ষার আবেদন লিখছিলেন। আর সংগঠনের সদস্যেরা ব্রিটিশ কর্তৃপক্ষের চর হিসেবে কাজ করছিলেন।”

ওই একই অংশে সোনিয়া লিখেছেন, হিন্দুরাষ্ট্র গড়ার পথে কংগ্রেস ও তার মূল্যবোধকেই ‘প্রধান বাধা’ বলে মনে করত আরএসএস। তাদের কল্পিত রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ হতেন দ্বিতীয় শ্রেণির নাগরিক। সোনিয়া আরও লিখেছেন, হিটলার এবং সংখ্যালঘুদের প্রতি তাঁর নীতির প্রশংসা করেছিলেন আরএসএসের প্রধান মতাদর্শকারেরা।

বইয়ের ৪৪৩ নম্বর পাতায় সোনিয়া দেখিয়েছেন, সাভারকরের হিন্দুত্বের ধারণার সঙ্গে সংবিধানে বর্ণিত ভারতের ধারণার ফারাক কোথায়। তিনি লিখেছেন, “এর বিপরীত এক ধারণা তুলে ধরেছিলেন গান্ধীজির সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর। ‘হিন্দুত্ব’ নামে পরিচিত মতাদর্শটির প্রবর্তক সাভারকরের চোখে ভারত মূলত এমন এক জাতি, যেখানে হিন্দুদেরই সর্বোচ্চ স্থান। এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী আরএসএস, বিজেপি এবং দেশজুড়ে তাদের অসংখ্য সহযোগী সংগঠন, যারা একত্রে ‘সঙ্ঘ পরিবার’ বা ‘আরএসএসের পরিবার’ নামে পরিচিত।”

সোনিয়ার মতে, এই মতাদর্শ নাগরিকের সাংবিধানিক অধিকারকে হিন্দু সভ্যতার মর্মবোধের পরিপন্থী বলে খারিজ করে। এই মতাদর্শকে তিনি রক্ষণশীল ও পিতৃতান্ত্রিক বলে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্য, এই চিন্তায় সমাজে উঁচু-নীচু ভেদাভেদ স্বীকৃতি পায়, ক্ষমতা ও সম্পদ কেন্দ্রীভূত করার পক্ষে সওয়াল করা হয়। বিজেপির বর্তমান নেতৃত্বের মধ্যেই তিনি এই মতাদর্শের প্রতিফলন দেখেন।

সাভারকরের সঙ্গে আরএসএসের সম্পর্কের প্রশ্নে একটি ঐতিহাসিক পার্থক্য মনে রাখা জরুরি। সাভারকর ছিলেন হিন্দু মহাসভার প্রথম সারির নেতা। ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি তার সভাপতিও ছিলেন। হিন্দু মহাসভা ও আরএসএস ছিল দুটি পৃথক সংগঠন। তবে হিন্দুত্ব সম্পর্কে সাভারকরের চিন্তাধারা হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল।

মহারাষ্ট্রের রাজনীতিতে সাভারকরকে ঘিরে এত টানাপোড়েন কেন?

শিবসেনা ও বিজেপির কাছে সাভারকর বহু দিন ধরেই হিন্দুত্বের রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। উদ্ধব ঠাকরেকে কোণঠাসা করতেও বারবার তাঁর নাম উঠেছে। বিশেষ করে ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর, যখন বিজেপির সঙ্গে জোট ভেঙে কংগ্রেস ও তৎকালীন অবিভক্ত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে সরকার গড়েন উদ্ধব।

মারাঠিভাষীদের চাকরির সুযোগের দাবিকে সামনে রেখে ১৯৬৬ সালে শিবসেনার জন্ম। আশির দশকে দলটির রাজনীতিতে হিন্দুত্ব ক্রমে মুখ্য হয়ে ওঠে। ১৯৮৯ সালে বিজেপির সঙ্গে জোট সেই পরিবর্তনকে পাকাপোক্ত করে। বাল ঠাকরের বাবা প্রবোধনকর ঠাকরে ছিলেন সাভারকরের সমালোচক। কিন্তু হিন্দুত্বের চিন্তাবিদ হিসেবে সাভারকরকে বাল ঠাকরে গভীর শ্রদ্ধা করতেন।

অন্য দিকে, সাভারকরের রাজনৈতিক মতাদর্শের ধারাবাহিক বিরোধিতা করে এসেছে কংগ্রেস। ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি সংসদের সেন্ট্রাল হলে সাভারকরের প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। কংগ্রেস ও বাম দলগুলি অনুষ্ঠান বয়কট করে। সোনিয়া তখন কংগ্রেস সভানেত্রী ও বিরোধী দলনেত্রী। অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কালামকে চিঠিও লিখেছিলেন।

পরের বছর, ২০০৪ সালের অগস্টে, পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের কাছে ‘স্বাতন্ত্র্য জ্যোতি’ স্মারক থেকে সাভারকরের কবিতা-খোদাই করা একটি ফলক সরানোর নির্দেশ দেন তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী মণিশঙ্কর আইয়ার। তাঁর বিরুদ্ধে শিবসেনার ‘জোড়ে মারা’ বা ‘জুতো মারো’ আন্দোলনে নেতৃত্ব দেন বাল ঠাকরে। সে বছর মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে এই প্রতিবাদ বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল।

মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) গঠনের আগেই সাভারকর সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন উদ্ধব। ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান। এমনকী এ-ও বলেন, দেশভাগের সময়ে সাভারকর প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তানের জন্মই হত না।

মহা বিকাশ আঘাড়ির সরকার গঠনের কিছু দিনের মধ্যেই সাভারকরকে নিয়ে কংগ্রেস ও শিবসেনার মতবিরোধ প্রকাশ্যে আসে। ২০২০ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশে কংগ্রেসের সেবাদলের এক শিবিরে বিলি করা পুস্তিকায় সাভারকর ও নাথুরাম গডসের সম্পর্ক নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল। তীব্র আপত্তি জানিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “বীর সাভারকর মহান মানুষ ছিলেন, মহানই থাকবেন।” পরের মাসে মহারাষ্ট্র কংগ্রেসের মারাঠি পত্রিকা ‘শিদোরি’-তে সাভারকরের রাজনৈতিক ভূমিকা ও মতাদর্শের সমালোচনা করে একাধিক প্রবন্ধ বেরোয়। রাজ্যে তিন দল তখনও একসঙ্গে সরকার চালাচ্ছে, অথচ সাভারকর প্রশ্নে তাদের মতের ফারাক প্রকাশ্য।

২০২২ সালের জুনে শিবসেনা ভাঙার সময় এই মতবিরোধই সামনে চলে আসে। উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়ে শিন্ডে অভিযোগ করেন, কংগ্রেস ও অবিভক্ত এনসিপির সঙ্গে হাত মিলিয়ে বাল ঠাকরের হিন্দুত্বের রাজনীতির সঙ্গে আপস করেছেন উদ্ধব। কেন তাঁরা দল ভাঙলেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিদ্রোহীরা যে যুক্তিগুলি দিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে জোট ছিল তার অন্যতম।

২০২২ সালের নভেম্বরে ভারত জোড়ো যাত্রায় সাভারকরের ক্ষমাভিক্ষার আবেদনগুলি নিয়ে রাহুল গান্ধী সরব হলে বিরোধ ফের মাথাচাড়া দেয়। ২০২৩ সালের মার্চে লোকসভার সদস্যপদ হারানোর পর রাহুল বলেন, “আমার পদবি সাভারকর নয়। আমি গান্ধী। আমি ক্ষমা চাইব না।”

উদ্ধব পাল্টা বলেন, সাভারকর তাঁর ‘আদর্শ’। সাভারকরের অপমান তিনি সহ্য করবেন না। বিরোধী জোটে বিভেদ সৃষ্টি করতে পারে, এমন মন্তব্য করা থেকে বিরত থাকতেও রাহুলকে সতর্ক করেন তিনি।

মতবিরোধ এমন জায়গায় পৌঁছেছিল যে মধ্যস্থতায় নামতে হয় তৎকালীন এনসিপি প্রধান শরদ পওয়ারকে। ২০২৩ সালের মার্চের ওই বিতর্কের পর তিনি কংগ্রেস নেতৃত্বকে সাভারকর প্রসঙ্গ আর না তোলার পরামর্শ দেন। পরে রাহুল উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতকে আশ্বাস দেন, এমন মন্তব্য করা থেকে তিনি বিরত থাকবেন।

বর্তমানে এনসিপি (শরদচন্দ্র পওয়ার) গোষ্ঠীর প্রধান পওয়ার এ বিষয়ে বরাবরই কংগ্রেসের চেয়ে বেশি সতর্ক। মহারাষ্ট্রের একাংশের ভোটারের কাছে সাভারকরকে ঘিরে যে আবেগ রয়েছে, তা তিনি স্বীকার করেন। ২০২১ সালে নাসিকে এবং ২০২৩ সালে নাগপুরে দুটি পৃথক অনুষ্ঠানে পওয়ার সাভারকরের সাহিত্যকীর্তি, কবিতা ও বিজ্ঞানমনস্কতার কথা বলেছিলেন। একই সঙ্গে স্পষ্ট করেছিলেন, সাভারকর বা হিন্দু মহাসভার মতাদর্শ তিনি সমর্থন করেন না।

সোনিয়ার বইয়ে ফের অস্বস্তিতে উদ্ধব

বৃহস্পতিবার শিন্ডের শিবসেনার মুখপাত্র আনন্দ পরাঞ্জপে প্রকাশ্যে জানতে চান, সোনিয়া গান্ধীর স্মৃতিকথার এই বক্তব্যের নিন্দা করবেন কি উদ্ধব? তাঁর অভিযোগ, বাল ঠাকরের হিন্দুত্ব বিসর্জন দিয়েছেন উদ্ধব। পরাঞ্জপে তাঁকে মনে করিয়ে দেন, ২০০৪ সালে মণিশঙ্কর আইয়ারের বিরুদ্ধে সেই প্রতিবাদে উদ্ধব নিজেও যোগ দিয়েছিলেন।

বিজেপি ও শিন্ডের শিবসেনাকে উদ্ধবের দল বরাবরই পাল্টা বলে এসেছে, সাভারকরের প্রতি যাদের সমর্থন “ভোটের রাজনীতিতেই সীমাবদ্ধ”, তাদের কাছ থেকে হিন্দুত্বের পাঠ নেওয়ার প্রয়োজন নেই। এ বার সঞ্জয় রাউত জানিয়েছেন, সোনিয়ার স্মৃতিকথা তিনি এখনও পুরোটা পড়েননি। তাঁর পাল্টা প্রশ্ন, সাভারকর সম্পর্কে বিজেপি নেতা নীতেশ রানের মন্তব্য নিয়ে একই রকম কাটাছেঁড়া হচ্ছে না কেন?

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লোন্ধে সোনিয়ার পাশে দাঁড়িয়ে বলেছেন, বইয়ের সংশ্লিষ্ট অংশ তথ্যভিত্তিক। তাঁর যুক্তি, সাভারকর যে ক্ষমাভিক্ষার আবেদন লিখেছিলেন, তাঁর নাতিও তা স্বীকার করেছেন। এরই মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে, সঞ্জয় রাউতের উপস্থিতিতে উদ্ধবের হাতে সোনিয়ার বইয়ের একটি কপি তুলে দিচ্ছেন লোন্ধে। সেই ছবি দেখিয়েও উদ্ধবের অবস্থান জানতে চেয়েছে শিন্ডের শিবসেনা।

বৃহস্পতিবার সাভারকরের ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে তিনি আলোচনা করছেন। বইয়ের ওই বক্তব্যগুলির কোনও তথ্যগত ভিত্তি নেই বলে দেখা গেলে সোনিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন। তবে সাত্যকি স্পষ্ট করেছেন, তিনিও এখনও পুরো বইটি পড়েননি। এই মুহূর্তে বইটি নিষিদ্ধ করার দাবিও তিনি তুলছেন না।

শিন্ডের নিশানায় তাই শেষ পর্যন্ত উদ্ধবই। যে সাভারকরকে নিজের ‘আদর্শ’ বলে রাহুল গান্ধীকে সতর্ক করেছিলেন উদ্ধব, সেই সাভারকর সম্পর্কেই এ বার লিখেছেন সোনিয়া। তাঁর কথার প্রতিবাদ করলে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ ফের প্রকাশ্যে আসবে। আর চুপ থাকলে সেই নীরবতাকেই বাল ঠাকরের হিন্দুত্বের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন তোলার কাজে লাগাবেন শিন্ডে।