এখনও পর্যন্ত ঘোষিত ফল রাজস্থানের রাজনীতি নিয়ে একটি পুরনো ধারণাকেই জোরদার করেছে। গ্রামে কংগ্রেসের ভিত মজবুত, আর বিজেপির জোর তুলনায় শহরে বেশি।
ভোটের ফল কী বলছে
প্রথমত, এই ফলে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমতের স্পষ্ট আভাস রয়েছে। পঞ্চায়েত ভোটে কংগ্রেস তুলনায় ভাল করবে, এমনটা প্রত্যাশিতই ছিল। তবে এখনও পর্যন্ত দু’দলের মধ্যে ব্যবধান যা দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে, প্রতি পাঁচ বছরে সরকার বদলের যে রেওয়াজ রাজস্থানে চলে আসছে, ভোটাররা তা ধরে রাখতেই আগ্রহী। ১৯৯৮ সালে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। তার পর থেকে প্রতি বিধানসভা ভোটেই শাসক দলকে বিদায় দিয়েছেন রাজস্থানের মানুষ। পালা করে সরকার গড়েছে কংগ্রেস ও বিজেপি।
দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তাঁর কথাবার্তায় বোঝাতে চেয়েছেন, তিনি কড়া হাতে কাজ আদায় করতে জানেন। চেষ্টা তাঁর আন্তরিক হলেও কাজে সেই কথার প্রতিফলন কতটা ঘটছে, তা নিয়ে প্রশ্ন আছে। তাঁর সরকারের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ ওঠে, সরকার সিদ্ধান্তহীনতায় ভোগে, জরুরি নীতিগত সিদ্ধান্ত নিতেও দেরি করে। দলের একাংশ এর জন্য আমলাদের দায়ী করেন। মন্ত্রিসভার এক শীর্ষ সদস্য বলেছেন, আমলাদের বাগে আনতেই তাঁদের “প্রায় দেড় বছর” লেগেছে। এর একটা কারণ হয়তো এই যে, প্রশাসনের শীর্ষে থাকা অপেক্ষাকৃত অনভিজ্ঞ রাজনীতিকদের কী ভাবে সামলাতে হয়, পোড়খাওয়া আমলারা তা জানেন।
প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী হন শর্মা। তাঁকে বেছে নেওয়ার পিছনে রাজস্থান বিজেপির ক্ষমতার বিন্যাস বদলানোর একটি পরীক্ষা ছিল। রাজ্য সংগঠনে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে গিয়ে দলের প্রবীণ নেতা ও বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী নেতাদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়। আগে ক্ষমতার কেন্দ্র ছিল মুখ্যমন্ত্রীর দফতর। যেমন, বসুন্ধরা রাজের আমলে তাঁর হাত থেকে ক্ষমতা যেত বিভিন্ন অঞ্চলের নেতা ও তাঁর আস্থাভাজনদের হাতে। ভোটের আগে নিজের নিজের এলাকায় সমর্থন জড়ো করার অভিজ্ঞতা ও প্রতিপত্তি তাঁদের ছিল।
নতুন ব্যবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই রাজস্থানে বিজেপির মুখ। সাফল্যের খতিয়ান দিতে দল তুলে ধরে বিজেপি সরকারের নীতিগুলি। বার্তা স্পষ্ট—রাজ্যের যে কোনও নেতার চেয়ে দল বড়। কিন্তু এই পথে হাঁটতে গিয়ে বিজেপি রাজ্যের নানা প্রান্তে ছোটখাটো রাজনৈতিক শক্তিকে জমি ছেড়ে দিয়েছে, যাদের প্রভাব সীমিত রাখাই ছিল দলের কৌশল।
রাজ্যে রাজনৈতিক ওজন আছে এমন নেতার অভাব প্রশাসনকে দিয়ে মেটানোর চেষ্টা করেছে বিজেপি। তাতে দলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, ফলও মিলেছে সীমিত। সাম্প্রতিক উদাহরণ সেপ্টেম্বরের পুরভোট। প্রাপ্ত ভোটের হারে কংগ্রেসের চেয়ে বিজেপি এগিয়ে ছিল মাত্র ০.৯১ শতাংশ পয়েন্ট। অথচ শেষ পর্যন্ত কংগ্রেসের তুলনায় অনেক বেশি পুরবোর্ড গড়েছে বিজেপি। এর একটা কারণ, জয়ী নির্দলদের শাসক দলকে সমর্থন করার পুরনো রেওয়াজ। পাশাপাশি অভিযোগ উঠেছে, যে সব জয়ী প্রার্থী বিজেপিকে সমর্থন করেননি, তাঁদের উপরে প্রশাসন চাপ সৃষ্টি করেছিল।
সেবার বেশির ভাগ পুরবোর্ড দখল করে ভোটের ফলের দুর্বলতা অনেকটাই আড়াল করতে পেরেছিল বিজেপি। জনমনেও ধারণা হয়েছিল, দলের জয় বেশ বড় মাপের। অথচ দু’দলের ভোটের সামান্য ফারাকেই দুর্বলতাটা ধরা পড়ছিল। বোর্ডের হিসাব দেখে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে ছবি দেখতে চেয়েছিল, ঠিক সেই ছবিই পাওয়া গেল। মাটির কাছাকাছি ছবিটা যে তেমনই ছিল, তার নিশ্চয়তা ছিল না।
পঞ্চায়েত ভোটের ফল আরও ইঙ্গিত দিচ্ছে, কেবল প্রধানমন্ত্রীর ভাবমূর্তির উপরে নির্ভর করে এবং সকলকে এক ছাতার নীচে রাখা দল হিসেবে নিজেদের তুলে ধরে বিজেপি হয়তো আর আগের মতো ফল পাবে না। কংগ্রেস অবশ্য দাবি করতে পারে, সময়ের সঙ্গে মোদীর আকর্ষণ কমেছে। এ দিকে শর্মার নিজেরও একটি সমস্যা আছে। কংগ্রেসের কটাক্ষে তিনি ‘পরচি সিএম’—দিল্লি থেকে পাঠানো চিরকুটে যাঁর নাম উঠেছিল বলেই তিনি মুখ্যমন্ত্রী। নিজের জোরে সিদ্ধান্ত নিতে পারেন এমন নেতা হিসেবে পরিচিতি গড়তে শর্মার চেষ্টার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধারণাই।
গ্রাম ও শহরের ফারাক
রাজস্থানের গ্রামাঞ্চলে সাধারণত কংগ্রেস শক্তিশালী, আর বিজেপির প্রভাব তুলনায় শহরে বেশি—পঞ্চায়েত ভোটের এখনও পর্যন্ত ঘোষিত ফল সেই ধারণাকেই আরও জোরালো করল।
চূড়ান্ত ফল এখনও আসেনি। তবে কংগ্রেসের পক্ষে ভোটের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বিজেপিকে ঘর গোছানোর তাগিদ দিচ্ছে। সময় অবশ্য দলের হাতে যথেষ্ট। সরকারের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের সিদ্ধান্তে অটল থেকে শর্মার পাশে আরও জোর দিয়ে দাঁড়াতে পারে। আবার বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে পারে।
কংগ্রেসের সামনে বড় প্রশ্ন হল, ২০২৮ সালের বিধানসভা ভোট পর্যন্ত তারা দলকে একজোট রাখতে এবং নিজেদের কোন্দল সামলাতে পারবে কি না।
আপাতত দু’দলেরই কাজ পঞ্চায়েতের বিভিন্ন স্তরে বোর্ড গঠন। এই ফল ঘোষণার পরে ৩৭টি জেলায় ২৫ নভেম্বর জেলা প্রমুখ এবং ২৬ নভেম্বর উপ-জেলা প্রমুখ নির্বাচন হবে। তার পর ২৭ নভেম্বর পঞ্চায়েত সমিতির প্রধান এবং ২৮ নভেম্বর উপপ্রধান নির্বাচনের ভোট হবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।