গত এক বছরে যিনি তাঁকে সবচেয়ে বেশি আক্রমণ করেছেন, সেই জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা বাঁকিপুরের বিধায়ক প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা হয়ে গেল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর। সাক্ষাৎটি ছিল অপ্রত্যাশিত। মুখে হাসি, করমর্দন, শুভেচ্ছা বিনিময়, তার পর সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা।
উপলক্ষ ছিল প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ আর কে সিন্হার শ্রাদ্ধের শেষ দিনের ‘ব্রহ্মভোজ’। দীর্ঘ অসুস্থতার পরে গত ৩০ অক্টোবর তাঁর মৃত্যু হয়। প্রশান্ত কিশোর অনুষ্ঠানে পৌঁছনোর পরে সেখানে আসেন মুখ্যমন্ত্রী। সিন্হার ছেলে তথা বিজেপির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিন্হাই কিশোরকে সঙ্গে নিয়ে চৌধুরীর কাছে যান।
দুই নেতা হাসিমুখে করমর্দন করেন, শুভেচ্ছা জানান একে অন্যকে। পরে মুখ্যমন্ত্রীর পাশেই বসেন কিশোর। দু’জনকে বেশ আন্তরিক ভাবে কথা বলতেও দেখা যায়।
প্রকাশ্যে এই প্রথম দুই নেতার সাক্ষাৎ হল। বিরোধী দলনেতা তেজস্বীপ্রসাদ যাদব নিয়মিত চৌধুরীকে আক্রমণ করলেও মুখ্যমন্ত্রীর বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং ১৯৯৫ সালের তারাপুর মামলা নিয়ে লাগাতার প্রশ্ন তুলে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থেকেছেন কিশোরই। চৌধুরী ধারাবাহিক ভাবে সেই সমালোচনার জবাব দিয়েছেন। তবে জানা যাচ্ছে, জন সুরাজ নেতার কটাক্ষ তাঁকে বিশেষ ভাবে বিঁধেছে। বিশেষত, বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য কিশোর তাঁকেই দায়ী করায়।
ঋতুরাজ সিন্হার পটনার বাড়িতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপির প্রবীণ নেতা মুরলীমনোহর জোশী-সহ অন্য নেতারাও। সম্রাট ও প্রশান্তের মধ্যে ঠিক কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে জন সুরাজের এক নেতা বলেন, “এটি সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়। তা ছাড়া, বিধায়ক হিসাবে প্রশান্ত কিশোর এই মাসের শেষ দিকে আসন্ন বিধানসভা অধিবেশনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।”
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিশোর বলেন, গণতন্ত্রে সামাজিক ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত।
তবে একই সঙ্গে তাঁর বক্তব্য, “সম্রাট চৌধুরীর বিরুদ্ধে আমাদের রাজনৈতিক বিরোধিতা চলবে। আমাদের দেখা হয়েছে বলেই সম্রাট চৌধুরী হঠাৎ সপ্তম শ্রেণিতে পড়াশোনা ছেড়ে দেওয়া একজন থেকে পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না। তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, আমি যদি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করে থাকি, তা শুধুমাত্র এই সাক্ষাতের কারণে উধাও হয়ে যাবে না।”
বিজেপির জাতীয় মুখপাত্র গুরুপ্রকাশ পাসওয়ান ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেন, “এটি ছিল আচমকা দেখা হয়ে যাওয়ার পরে সৌজন্য বিনিময়। এর কোনও রাজনৈতিক ব্যাখ্যা খোঁজা উচিত নয়। বিহারের রাজনীতিকেরা বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সৌজন্য বজায় রেখেছেন।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।