লাহোরে একটি আন্তর্জাতিক পাঞ্জাবি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার কয়েক দিনের মধ্যেই শুক্রবার ভারত সরকার জানিয়ে দিল, পাকিস্তান সম্পর্কে নয়াদিল্লির একটি জাতীয় নীতি রয়েছে এবং সকলের কাছে সেই নীতি মেনে চলা প্রত্যাশিত।
আগামী ২৭ নভেম্বরের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মানকে আমন্ত্রণ জানিয়েছে পাঞ্জাবি ভাষা ও সংস্কৃতির প্রসারে সক্রিয় সংগঠন ‘পাঞ্জাবি প্রচার’। ২৫ অক্টোবরের আমন্ত্রণপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পাকিস্তানের পাঞ্জাবি কবি বাবা নজমিও। চিঠিতে জানানো হয়েছে, চতুর্থ আন্তর্জাতিক পাঞ্জাবি সম্মেলনের উদ্বোধন হবে ২৭ নভেম্বর সকাল ১১টায়, লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ, আর্ট অ্যান্ড কালচারে (পিলাক)।
এই আমন্ত্রণ সম্পর্কে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বিদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটি জাতীয় নীতি রয়েছে এবং আমরা আশা করি, সকলেই তা মেনে চলবেন। বিশিষ্ট পদাধিকারীদের বিদেশ সফরের জন্য রাজনৈতিক ছাড়পত্র দেওয়ার বিষয়ে এই মন্ত্রক তার সামগ্রিক নীতি অনুযায়ী মূল্যায়ন করে এবং সেই অনুসারেই আবেদন বিবেচনা করা হয়।”
এরপর অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে ভারতের জাতীয় নীতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তান সম্পর্কে আমাদের অবস্থান কী, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা সকলের কাছেই যথেষ্ট স্পষ্ট হওয়া উচিত।”
এর আগে মানের একাধিক বিদেশ সফরে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে সতর্কভাবে এগোচ্ছে পাঞ্জাব সরকার। সফরের ব্যবস্থা করার আগে পাকিস্তানের তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষা করছে তারা।
বিষয়টি প্রথম ওঠে ২৩ অক্টোবর পাঞ্জাব বিধানসভায়। সেখানে মান জানান, তিনি ওই সম্মেলনে যোগ দিতে চান। পাশাপাশি কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিব ও নানকানা সাহিব-সহ ঐতিহাসিক গুরুদ্বারগুলি দর্শন করার ইচ্ছেও প্রকাশ করেন।
তবে অতীতে ছাড়পত্র না পাওয়ার প্রসঙ্গ তুলে মান বলেন, “ওরা আমাকে ফ্রান্স বা জাপানেই যেতে দেয় না। পাকিস্তানে যেতে দেবে কী করে?”
কর্তারপুর করিডর আবার খুলে দেওয়া হলে পাঞ্জাব বিধানসভার বিভিন্ন দলের সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলও তাঁর সঙ্গে যেতে পারে বলে প্রস্তাব দেন মান।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।