রাজস্থানের জেলা পরিষদ নির্বাচনে অন্তত তিন দশকের মধ্যে কংগ্রেসের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারল বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, পঞ্চায়েত সমিতির ভোটেও গত তিন দশকে মাত্র দু’বার দুই দলের মধ্যে ব্যবধান এবারের চেয়ে বেশি ছিল। ২০০০ সালে ভোটের হারে বিজেপির চেয়ে ৫.৮৫ শতাংশ পয়েন্ট এগিয়ে ছিল কংগ্রেস। ২০১০ সালে ব্যবধান ছিল ৫.৭১ শতাংশ পয়েন্ট। এবার তা ৫.৩৭।
রাজস্থান রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয় ১৯৯৪ সালের জুলাইয়ে। কমিশনের হিসাব অনুযায়ী, তার পর থেকে মাত্র একবারই জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি, দুই স্তরেই কংগ্রেসের চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি। সেটা ২০১৫ সাল।
তার দু’বছর আগে, ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজের নেতৃত্বে রাজস্থানে বিপুল জয় পেয়েছিল বিজেপি। বিধানসভার ২০০টি আসনের মধ্যে ১৬৩টিই গিয়েছিল বিজেপির দখলে। কংগ্রেস পেয়েছিল মাত্র ২১টি। রাজ্যের বিধানসভা ভোটে আজও সেটাই কংগ্রেসের সবচেয়ে খারাপ ফল। পরের বছর মোদি-হাওয়ায় ভর করে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। সেই জয়ের রেশ ছিল ২০১৫ সালের পঞ্চায়েত ভোটেও। জেলা পরিষদে ভোটের হারে কংগ্রেসের চেয়ে ৩.৯৩ শতাংশ পয়েন্ট এগিয়ে ছিল বিজেপি। পঞ্চায়েত সমিতিতে বিজেপির ব্যবধান ছিল ২.৯৪ শতাংশ পয়েন্ট।
অবশ্য রাজ্য জুড়ে বেশি ভোট পেলেই কোনও দল সেই অনুপাতে জেলা প্রমুখ বা পঞ্চায়েত সমিতির প্রধানের পদ পাবে, এমন নিশ্চয়তা নেই। কোথায় কোন দল কতগুলি আসন জিতেছে, তার উপর অনেকটাই নির্ভর করে এই পদের হিসাব। যেমন, ২০২০–২১ সালে জেলা পরিষদ নির্বাচনে ভোটের হারে বিজেপির চেয়ে ০.১৭ শতাংশ পয়েন্ট এগিয়ে ছিল কংগ্রেস। অথচ সতীশ পুনিয়ার নেতৃত্বে বিজেপি সে বার ৩৩টি জেলার মধ্যে ১৭টিতে জেলা প্রমুখের পদ পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১৩টি। বাকি তিনটিতে জেলা প্রমুখ হয়েছিলেন নির্দল প্রার্থীরা।
শুক্রবারের ফল ঘোষণার পর রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা বলেন, দুই দলের প্রাপ্ত ভোটের হারে ব্যবধান ইতিমধ্যেই পাঁচ শতাংশ পয়েন্ট ছাড়িয়েছে। বিজেপিকে উদ্দেশ করে তিনি বলেন, “২০২৩ সালের বিধানসভা ভোটে আপনারা প্রায় আড়াই শতাংশ পয়েন্ট এগিয়ে ছিলেন। সেই তুলনায় আপনারা এখন প্রায় সাড়ে সাত শতাংশ পয়েন্ট পিছিয়েছেন। ডিসেম্বরের মধ্যে বাকি চার জেলার ভোটগণনা শেষ হলে দেখবেন, ভোটের হারে কংগ্রেস বিজেপির চেয়ে ন’ থেকে দশ শতাংশ পয়েন্ট এগিয়ে থাকবে।”
কতটা বদলেছে পরিস্থিতি, তা বোঝাতে দোতাসরা ফের ২০২৩ সালের ফলের কথা টানেন। তাঁর কথায়, সে বছর আড়াই শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়েছিল বিজেপি, “আর এখন আপনারা আট থেকে দশ শতাংশ পয়েন্ট পিছিয়ে পড়ছেন।”
রাজস্থানে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্বাচনের ইতিহাস অবশ্য আরও পুরনো। কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৬০ সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছিল রাজ্যের পঞ্চায়েত দপ্তর। পরের চারটি নির্বাচন হয় যথাক্রমে ১৯৬৫, ১৯৭৮, ১৯৮১ ও ১৯৮৮ সালে। সেগুলি পরিচালনার দায়িত্বে ছিল রাজ্যের নির্বাচন দপ্তর। বিজেপি প্রতিষ্ঠার বছর, ১৯৮০ সাল থেকেই দলটি রাজস্থানের রাজনীতিতে সক্রিয়। সে বছরই রাজ্য বিধানসভায় ৩২টি আসন জিতেছিল বিজেপি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।