ভারতে দু’বছর পরে খুচরো মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়েছে। একাধিক লক্ষণ বলছে, আরও কিছুদিন এই হার চড়া থাকবে।
অক্টোবরে দু’বছরের মধ্যে প্রথমবার সাধারণ মানুষের কেনা পণ্য ও পরিষেবার দাম আগের বছরের একই মাসের তুলনায় ৬ শতাংশের বেশি বেড়েছে। এই ৬ শতাংশ সংখ্যাটি গুরুত্বপূর্ণ একটিমাত্র কারণে: আইন অনুযায়ী মূল্যবৃদ্ধির হার যে সহনসীমার মধ্যে রাখার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্কের, এটি তার সর্বোচ্চ সীমা।
আইন বলছে, উপভোক্তা মূল্যসূচক বা সিপিআই দিয়ে মাপা গড় মূল্যবৃদ্ধির হার পরপর তিনটি ত্রৈমাসিকে ৬ শতাংশের ওপরে অথবা ২ শতাংশের নীচে থাকলে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের নির্ধারিত দায়িত্ব পালনে কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ব্যর্থ’ হয়েছে বলে গণ্য হবে।
তিনটি ত্রৈমাসিক অনেকটা সময়। কিন্তু ইতিমধ্যেই কেউ কেউ বিপদের ইঙ্গিত দিচ্ছেন। অ্যাক্সিস ব্যাঙ্কের অর্থনীতিবিদ তনয় দালালের মতে, মূল্যবৃদ্ধির হার “২০২৭ সালের জুন পর্যন্ত ৬ শতাংশের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে”।
কিন্তু কোন কোন কারণে মূল্যবৃদ্ধির চাপ এতটা তীব্র যে অর্থনীতিবিদেরা মনে করছেন, দাম দ্রুত বাড়তেই থাকবে? পাঁচটি দিক থেকে বিষয়টি ব্যাখ্যা করা যাক।
১. ‘বিমানে যাতায়াত করবেন না’
দীপাবলিতে বাড়ি ফেরার জন্য যাঁরা বিমানের টিকিট কাটার চেষ্টা করেছেন, তাঁরা বুঝেছেন ভাড়া কতটা বেড়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিমান জ্বালানি ইতিমধ্যেই অত্যন্ত দামি হয়ে উঠেছে। তার মধ্যেই অক্টোবরে বিমানযাত্রার খরচ এক ধাক্কায় অনেকটা বেড়েছে।
অক্টোবরে গড় বিমানভাড়া আগের বছরের একই মাসের তুলনায় বিপুল ৪৩ শতাংশ বেশি ছিল। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিপিআইয়ের আওতাভুক্ত ৩৫৮টি পণ্য ও পরিষেবার মধ্যে আগের মাসের তুলনায় দাম সবচেয়ে বেশি বেড়েছে বিমানভাড়ার—১৩.৩৬ শতাংশ।
বিমানযাত্রার খরচ এতটাই বেড়েছে যে বিষয়টি চলতি মাসে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। উৎসবের মরশুমের আগে বিমানভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার আর্জি জানিয়ে আবেদন করা হয়। কিন্তু আদালত জরুরি শুনানিতে রাজি হয়নি। বিচারপতি বিক্রম নাথের মন্তব্য ছিল, “বিমানে যাতায়াত করবেন না।”
২. চিপের দাম বাড়ার ধাক্কা
বৈদ্যুতিন ভোগ্যপণ্য তৈরিতে ব্যবহৃত মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ক্রমশ সংসারের খরচ বাড়ানোর একটি বড় কারণ হয়ে উঠছে। এই প্রবণতিকে বলা হচ্ছে ‘চিপফ্লেশন’।
অক্টোবরে পেন ড্রাইভের মূল্যবৃদ্ধির হার লাফিয়ে ২২ শতাংশে পৌঁছেছে। ফোন ও ল্যাপটপের ক্ষেত্রে তা ৯ শতাংশ এবং অন্যান্য প্রধান বৈদ্যুতিন যন্ত্রপাতির ক্ষেত্রে ৪ থেকে ৫ শতাংশ।
নীতিনির্ধারকদের উদ্বেগ বাড়ানোর মতো বিষয় হল, নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, বিশ্বজুড়ে চিপের ঘাটতি আরও কয়েক বছর কাটবে না।
৩. বাড়িতে খাবেন, না বাইরে?
সংসারের বাজার করতে গিয়ে মানুষ সবার আগে যে মূল্যবৃদ্ধি টের পান, তা হল খাবারের দাম। অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। আর বাইরে খেতে চাইলে তার সঙ্গে যোগ হবে রেস্তরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাসের বাড়তি দামের ধাক্কাও।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ গৌরা সেনগুপ্ত বলেন, “খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। এর মধ্যে দুর্বল বর্ষা এবং উৎসবের মরশুম—দুইয়েরই প্রভাব দেখা যাচ্ছে।”
৪. বাড়ছে অন্তর্নিহিত মূল্যবৃদ্ধিও
খাদ্যপণ্য ও জ্বালানির দাম অস্থির হতে পারে। কোনও কারণে হঠাৎ জোগান বেড়ে গেলে এক মাস থেকে পরের মাসে এই দাম দ্রুত কমে যেতে পারে, আবার দ্রুত বাড়তেও পারে। সে কারণেই অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা অর্থনীতির ভিতরে মূল্যবৃদ্ধির চাপ বুঝতে খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে বাকি পণ্য ও পরিষেবার দাম কী ভাবে বদলাচ্ছে, সেটিও দেখেন। একেই বলা হয় ‘কোর ইনফ্লেশন’ বা অন্তর্নিহিত মূল্যবৃদ্ধি।
এর আরও পরিশোধিত মাপকাঠি, যাকে অর্থনীতিবিদেরা বলেন ‘কোর-কোর ইনফ্লেশন’, সেটিও বাড়ছে। এই হিসাবে খাদ্য ও জ্বালানির পাশাপাশি গয়নাও বাদ দেওয়া হয়।
সমস্যা হল, কোর মূল্যবৃদ্ধিও ঊর্ধ্বমুখী। রিজার্ভ ব্যাঙ্ক গত মাসে পূর্বাভাস দিয়েছিল, ২০২৬–২৭ অর্থবর্ষে কোর মূল্যবৃদ্ধির গড় হার হবে ৪.৪ শতাংশ। অক্টোবরে এই হার ইতিমধ্যেই ৪.৫ শতাংশে পৌঁছেছে। অর্থবর্ষের প্রথম সাত মাসে এর গড় দাঁড়িয়েছে ৩.৯ শতাংশ।
৫. শুধু হার বাড়ছে না, ছড়িয়ে পড়ছে মূল্যবৃদ্ধি
রিজার্ভ ব্যাঙ্কের উদ্বেগ শুধু মূল্যবৃদ্ধির হার বাড়া নিয়ে নয়। সিপিআইয়ের অন্তর্ভুক্ত আরও বেশি পণ্য ও পরিষেবায় এই চাপ ছড়িয়ে পড়াও উদ্বেগের কারণ।
অক্টোবরে ভোগ্যপণ্য ও পরিষেবার ঝুড়িতে থাকা ৩৫৮টি জিনিসের মধ্যে ৯৫টির মূল্যবৃদ্ধির হার ছিল ৬ শতাংশের বেশি। জানুয়ারিতে এই সংখ্যা ছিল মাত্র ৪০। অন্য মাপকাঠিগুলিও দেখাচ্ছে, মূল্যবৃদ্ধির চাপ আরও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে।
এএনজেডের অর্থনীতিবিদ ধীরজ নিম বলেন, “সাম্প্রতিক সিপিআই পরিসংখ্যান দেখাচ্ছে, মূল্যবৃদ্ধির চাপ জ্বালানি-সম্পর্কিত ক্ষেত্রগুলির বাইরেও ছড়িয়ে পড়ছে।”
তাঁর ব্যাখ্যা, “উৎপাদন ও সরবরাহের বিভিন্ন পর্যায়ে জমে থাকা তীব্র মূল্যচাপও সম্ভবত এখন আরও স্পষ্ট ভাবে ক্রেতাদের দেওয়া দামে এসে পড়ছে। এর প্রভাব সিপিআইয়ের সেই অংশগুলির বাইরেও পৌঁছচ্ছে, যেগুলি জ্বালানির দামের ওঠানামায় বেশি প্রভাবিত হয়। পাইকারি মূল্যসূচক বা ডব্লিউপিআই এবং উৎপাদক মূল্যসূচক বা পিপিআই—দুই ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির হার এখনও দুই অঙ্কে। সেই সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধিও মোটের ওপর শক্তি ধরে রেখেছে। ফলে উৎপাদন ও সরবরাহের বাড়তি খরচের আরও বেশি অংশ ক্রেতাদের ঘাড়ে এসে পড়ার সম্ভাবনা প্রবল।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।