উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার একটি মেলায় মাইক্রোফোন ছুড়ে ফেলার অভিযোগ ওঠার এক দিন পর, রবিবার কংগ্রেস বিধায়ক হরিশ সিংহ ধামি এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি করার অভিযোগ আনা হয়েছে।

ধারচুলার বিধায়ক-সহ ছয় জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২১(১), ১৩২, ১৯১(২), ৩২৪(৩) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে। এই ধারাগুলি সরকারি কর্মীকে আঘাত ও আক্রমণ করা, দাঙ্গা, সম্পত্তির ক্ষতিসাধন এবং শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের সঙ্গে সম্পর্কিত।

হরিশ ধামি ছাড়া এফআইআরে নাম রয়েছে রাম সিংহ রোকায়া, সৌরভ মার্তোলিয়া, নৃপ সিংহ, মনোহর টোলিয়া এবং বিক্রম দানুর।

পুলিশ জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জৌলজিবি মেলার উদ্বোধন করে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার পরে ঘটনাটি ঘটে। অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর বিধায়ক ও তাঁর সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন, আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালান।

পুলিশের আরও অভিযোগ, সেখানে উপস্থিত পুলিশকর্মীরা হস্তক্ষেপ করে তাঁদের শান্ত করার চেষ্টা করলে ওই দলের লোকজন পুলিশকর্মী এবং অন্যদের ধাক্কাধাক্কি করেন। এর ফলে সরকারি কাজে বাধা সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার পরেই এই সংঘাত শুরু হয়েছিল।

রবিবার বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী ধামি বিরোধীদের নিশানা করেন। তাঁর অভিযোগ, বিরোধীরা রাজনৈতিক জমির পাশাপাশি মানসিক ভারসাম্যও হারাচ্ছে।

তিনি বলেন, “আপনারা দেখতেই পাচ্ছেন… প্রতিটি স্তরে সীমা লঙ্ঘন করা হচ্ছে। এটাই প্রমাণ করে, ওরা বুঝে গিয়েছে যে আগামী দিনে মানুষ ওদের সম্পূর্ণ প্রত্যাখ্যান করতে চলেছে। ওরা রাজনৈতিক জমি হারিয়েছে। সেই কারণেই আতঙ্ক আর হতাশায় মানসিক ভারসাম্য হারাচ্ছে। এমন আচরণ করছে, যা একটা সাধারণ শিশুর কাছ থেকেও কেউ প্রত্যাশা করে না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “গণতন্ত্রে এ ধরনের আচরণের কোনও জায়গা নেই। মানুষ সব দেখছেন। ওদের যেখানে থাকার কথা, মানুষ অবশ্যই সেখানেই ফেরত পাঠাবেন।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

অন্য দিকে, শনিবার মেলার অনুষ্ঠানে সভাপতিত্বকারী হরিশ ধামির অভিযোগ ছিল, তাঁকে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। তিনি কথা বলতে গেলে তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। ঘটনার ভিডিয়োয় দেখা যায়, তিনি একটি মাইক্রোফোন ছুড়ে ফেলছেন এবং সাউন্ড সিস্টেমের কর্মীদের সঙ্গে বচসায় জড়াচ্ছেন। গোলমালের মধ্যে চেয়ার এবং মঞ্চের অন্য সরঞ্জামও ছুড়ে ফেলা হয়।

বিধায়ক তাঁর নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ এবং রাস্তাঘাটের অবস্থা-সহ বিভিন্ন সমস্যা তুলে ধরতে চেয়েছিলেন। পরে তিনি মুখ্যমন্ত্রীকে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানান।

হরিশ বলেন, “মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে চলে যাওয়ার পর আমি মাইক্রোফোন তুলে নিয়ে কথা বলতে শুরু করি। সরকার এবং মুখ্যমন্ত্রীর চাপে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। এটা কি ন্যায্য? ধারচুলার নির্বাচিত বিধায়ক হিসেবে আমার কি কথা বলার অধিকার ছিল না?”

তিনি আরও বলেন, “আমি ভয় পেতে বা মাথা নত করতে শিখিনি। আমি ভুল করলে তা স্বীকার করব এবং ক্ষমা চাইব। সেই কারণেই আমি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছি। সাহস থাকলে তিনি ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ধারচুলা থেকে লড়ুন।”

হরিশ ধামি জানান, দল অনুমতি দিলে মুখ্যমন্ত্রী যে আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, তিনি সেখানেই তাঁর বিরুদ্ধে লড়তে প্রস্তুত। মুখ্যমন্ত্রীর প্রচলিত রাজনৈতিক উপাধি ‘ধাকড় ধামি’—অর্থাৎ নির্ভীক ধামি—নিয়ে কটাক্ষ করে তিনি তাঁকে ‘ডরপোক ধামি’ বা ‘ভীতু ধামি’ বলেও অভিহিত করেন।