নেপালের জনকপুর ধাম ও অযোধ্যার মধ্যে নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এই উদ্যোগে দুই দেশের মধ্যে সীমান্তপারের রেল যোগাযোগ আরও মজবুত হবে, ধর্মীয় পর্যটন বাড়বে এবং ভারত ও নেপালের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় রেল জানিয়েছে, নতুন পরিষেবাটি রামায়ণ-ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত দুই গন্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ রেল সংযোগ গড়ে তুলবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জনকপুর ধাম সীতার জন্মস্থান এবং অযোধ্যা রামের জন্মস্থান হিসেবে পূজিত।

রেলের বক্তব্য, “এই উদ্যোগের ফলে দুই দেশের যাত্রীরা গুরুত্বপূর্ণ এই ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে আরও সহজে পৌঁছতে পারবেন। একই সঙ্গে দুই দেশের অভিন্ন সভ্যতার ঐতিহ্যও আরও সুদৃঢ় হবে।”

অযোধ্যা–জনকপুর এক্সপ্রেস প্রায় ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রাপথে ট্রেনটি বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরের মধ্য দিয়ে যাবে। অযোধ্যা ও জনকপুরের মধ্যে মোট ১০টি স্টেশনে থামবে ট্রেনটি—জয়নগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম।

নতুন ট্রেনটি সপ্তাহে এক দিন চলবে। জনকপুর ধাম থেকে ছাড়বে শনিবার এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সোমবার।

এই পরিষেবা চালু হলে তীর্থযাত্রী, পর্যটক এবং অন্য যাত্রীদের সীমান্ত পেরিয়ে যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। রেল এক বিবৃতিতে জানিয়েছে, “এটি জনকপুর ও অযোধ্যার মধ্যে তীর্থযাত্রা সহজ করবে, রামায়ণের সঙ্গে যুক্ত পর্যটন পরিক্রমাকে উৎসাহ দেবে এবং পড়াশোনা, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে যাতায়াতকারী মানুষের চলাচলের সুযোগ বাড়াবে।”

নতুন রেল সংযোগের সুফল যাত্রাপথের স্থানীয় অর্থনীতিতেও পৌঁছবে বলে আশা করা হচ্ছে। পর্যটন ব্যবসায়ী, হোটেল ও আতিথেয়তা পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসায়ী এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পীদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।

রেলের বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারত ও নেপালের মধ্যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বন্ধন রয়েছে। ধর্মীয় ঐতিহ্য এবং সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সম্পর্ক এই অংশীদারির অবিচ্ছেদ্য অঙ্গ। রেল যোগাযোগের মাধ্যমে মানুষকে আরও কাছাকাছি এনে নতুন এই ট্রেন পরিষেবা দ্বিপাক্ষিক সহযোগিতায় আরও একটি মাত্রা যোগ করবে।”