কলকাতা:
বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ১৩ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে মাদক খাইয়ে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগুইআটিতে। শুধু তাই নয়, নির্যাতনের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা নাবালিকার পরিবারকে পাঠিয়ে লাগাতার ব্ল্যাকমেল ও মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় মঙ্গলবার নির্যাতিতার পরিবার বাগুইআটি থানার দ্বারস্থ হওয়ায় ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর, শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বাগুইআটির বাড়ি থেকে এক বান্ধবীর সঙ্গে দেখা করার নাম করে বেরিয়েছিল ওই স্কুলছাত্রী। সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও রাত সাড়ে আটটা নাগাদ মায়ের ফোনে মেয়ে জানায় যে সে ব্যারাকপুরে রয়েছে এবং ফিরতে রাত হবে। এরপর রাত ১১টার পর মেয়ের ফোন সুইচড অফ পাওয়া যায়। এর কিছু সময় পর একটি অচেনা নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে জানান যে রাস্তায় কাঁদতে দেখে তিনি মেয়েটিকে নিজের কাছে রেখেছেন এবং মোবাইল ব্যবহার করতে দিচ্ছেন। পরবর্তীতে রাত ১২টা ৬ মিনিটে মায়েকে একটি মেসেজ করে মেয়ে জানায় যে সে চরম বিপদে রয়েছে এবং তার বান্ধবী তাকে ‘ঋক’ নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে গেছে। এরপর দেবজিৎ সরকার নামের এক ব্যক্তি ফোন করে দাবি করেন যে মেয়ে নিরাপদে রয়েছে এবং গাড়ি করে বাড়ি ফিরে আসছে।
কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও রাতে আর ঘরে ফেরেনি ওই নাবালিকা। অবশেষে রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে সে। পরিবারের দাবি, মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়া কিশোরী জানায় যে তাকে বিরাটি থেকে প্রথমে ব্যান্ডেলের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে তাকে অচেতন করার পর একাধিক ব্যক্তি তার ওপর শারীরিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে তাকে জোর করে গর্ভনিরোধক বড়িও খাওয়ানো হয় বলে অভিযোগ।
পরবর্তীতে অভিযুক্তেরা ওই নির্যাতনের ভিডিয়ো ক্লিপ নাবালিকার মায়ের ফোনে পাঠিয়ে টাকা দাবি করে এবং পুলিশকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেয়। ভয়ে প্রথমে পরিবারটি চুপ থাকলেও অবশেষে সাহস সঞ্চয় করে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত বান্ধবী এবং অন্যান্যদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।