মামলাটি কী নিয়ে, এমওপি আসলে কী, ২০১৫ সালের এনজেএসি মামলায় কী হয়েছিল এবং তার পর থেকে কী ঘটেছে, তা নিয়েই এই প্রতিবেদন।

মামলাটি কী?

বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চ কেন্দ্র এবং খোদ সুপ্রিম কোর্টকে নোটিস দিয়েছে। প্রশাসনিক ভূমিকায় শীর্ষ আদালতকেই এমওপি সংক্রান্ত আর্জির জবাব দিতে হবে। সেই সঙ্গে কলেজিয়ামের সিদ্ধান্তকে তথ্যের অধিকার (আরটিআই) আইনের আওতায় আনার আর্জিরও জবাব দিতে হবে।

বিচারপতি সুন্দরেশ নিজে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য। তাই শুনানির শুরুতেই তিনি আইনজীবীদের কাছে জানতে চান, তিনি মামলাটি শুনলে কারও আপত্তি আছে কি না। আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, অনেক বিচারপতিই কলেজিয়ামের সদস্য হবেন, ফলে এই আপত্তি সব সময়েই থেকে যাবে। এর পরেই আদালত নোটিস জারি করে।

এর আগে, ২ নভেম্বর মামলাটি প্রথম ওঠে বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি অলোক অরাধের বেঞ্চে। এনজেএসি মামলায় তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে সওয়াল করেছিলেন, এই কারণে বিচারপতি নরসিংহ শুনানি থেকে সরে দাঁড়ান।

মেমোরেন্ডাম অব প্রসিডিওর কী?

হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগ, পদোন্নতি এবং বদলির ধাপগুলি যে নথিতে লেখা থাকে, তা-ই এমওপি। এটি পারস্পরিক সম্মতিতে তৈরি কিছু প্রথার সমষ্টি। প্রথম এমওপি তৈরি হয় ১৯৯৯ সালের ৩০ জুন। তার আগে দ্বিতীয় বিচারপতি মামলা (১৯৯৩) এবং তৃতীয় বিচারপতি মামলায় (১৯৯৮) সুপ্রিম কোর্ট নিয়োগের ক্ষেত্রে প্রবীণ বিচারপতিদের নিয়ে গঠিত কলেজিয়ামকে প্রাধান্য দিয়েছিল।

সুপ্রিম কোর্টে নিয়োগের প্রস্তাব শুরু করেন প্রধান বিচারপতি। কোনও হাই কোর্টে নিয়োগের প্রস্তাব শুরু করেন সেই হাই কোর্টের প্রধান বিচারপতি, দুই প্রবীণতম বিচারপতির সঙ্গে পরামর্শ করে। কোন প্রক্রিয়ায় এবং কত দিনের মধ্যে কাজ হবে, তা লেখা থাকে এমওপি-তে। সংসদে প্রশ্নের জবাবে আইন মন্ত্রক জানিয়েছে, বিচারপতি নিয়োগ এখনও ১৯৯৯ সালের এমওপি মেনেই হয়।

২০১৫ সালের এনজেএসি মামলায় কী হয়েছিল?

২০১৫ সালের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সংবিধানের ৯৯তম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। দেশের উচ্চ আদালতে বিচারপতিদের নিয়োগ ও বদলির জন্য জাতীয় বিচারবিভাগীয় নিয়োগ কমিশন (এনজেএসি) গড়াই ছিল ওই সংশোধনীর লক্ষ্য। রায়ে কলেজিয়াম ব্যবস্থা ফিরে আসে। এনজেএসি হওয়ার কথা ছিল ছয় সদস্যের: প্রধান বিচারপতি, দুই প্রবীণ বিচারপতি, আইনমন্ত্রী এবং দুই বিশিষ্ট ব্যক্তি।

একই নির্দেশে কলেজিয়ামের কাজের উন্নতির উপায় খুঁজতে মামলাটি ফের শুনানির তালিকায় রাখে আদালত। প্রায় সাড়ে এগারো হাজার পাতার প্রস্তাব জমা পড়ে। সেগুলিকে চারটি শিরোনামে ভাগ করা হয়: স্বচ্ছতা, কলেজিয়ামের সচিবালয়, যোগ্যতার মাপকাঠি এবং অভিযোগ।

শুনানিতে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি যুক্তি দেন, এমওপি তৈরি করা শাসনবিভাগের কাজ। তিনি দ্বিতীয় বিচারপতি মামলার উল্লেখ করেন, যেখানে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এমওপি তৈরির ভার সরকারকে দেওয়া হয়েছিল। বেঞ্চ তাঁর যুক্তি মেনে নেয়। ২০১৫ সালের ১৬ ডিসেম্বরের নির্দেশে আদালত বলে, সরকার প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বর্তমান এমওপি-তে সংযোজন ঘটিয়ে তা চূড়ান্ত করতে পারে। প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন কলেজিয়ামের সর্বসম্মত মতের ভিত্তিতে।

কোন কোন বিষয় বিবেচনা করতে হবে, তা-ও নির্দেশে বলা ছিল। যেমন ন্যূনতম বয়সের মতো যোগ্যতার মাপকাঠি; আদালত ও বিচার দফতরের ওয়েবসাইটে সেই মাপকাঠি ও প্রক্রিয়া প্রকাশ; কলেজিয়ামের আলোচনা, ভিন্নমত-সহ, লিখে রাখার ব্যবস্থা; সুপ্রিম কোর্ট ও প্রতিটি হাই কোর্টে একটি করে সচিবালয়; এবং প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার ব্যবস্থা। আদালত এগুলিকে ‘মোটা দাগের প্রস্তাব’ বলে উল্লেখ করে এবং কোনও সময়সীমা বেঁধে দেয়নি।

তার পর কী হয়েছে?

২০১৭ সাল পর্যন্ত সরকার ও সুপ্রিম কোর্টের মধ্যে আলোচনা চলে। খসড়ার খুঁটিনাটি কখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে খবর মেলে, ২০১৬ সালের মার্চে প্রথম খসড়া এমওপি বিচারবিভাগের কাছে পাঠানো হয়েছিল। জানা যায়, দু’টি মূল বিষয়ে সুপ্রিম কোর্ট নিজের অবস্থান থেকে সরেনি। প্রথমত, ‘জাতীয় নিরাপত্তা’র কারণ দেখিয়ে কোনও নাম খারিজ করার ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে কি না। দ্বিতীয়ত, কলেজিয়ামের জন্য স্থায়ী সচিবালয়ের প্রস্তাব।

২০১৬ সালের ডিসেম্বরে আনন্দ শর্মার নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি জানায়, এমওপি নিয়ে শাসনবিভাগ ও বিচারবিভাগের মধ্যে ঐকমত্য না হওয়ায় নিয়োগে দেরি হচ্ছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি সি এস কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচন প্রক্রিয়া নতুন করে ভেবে দেখার প্রয়োজনের কথা বলা হয়েছিল। এর পরে ২০১৭ সালের ১১ জুলাই খসড়ার উন্নতি নিয়ে সরকার সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে চিঠি দেয়। তবু এমওপি এক চুলও এগোয়নি।

২০২৩ সালে তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লেখেন। তাঁর প্রস্তাব ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাই কোর্টের প্রধান বিচারপতি বাছাইয়ের জন্য তৈরি অনুসন্ধান ও মূল্যায়ন কমিটিতে কেন্দ্রের একজন প্রতিনিধি থাকুন। হাই কোর্টের বিচারপতি বাছাইয়ের কমিটিতে কেন্দ্র ও রাজ্য, দু’পক্ষেরই প্রতিনিধি থাকুন।

চিঠিটি ঘিরে প্রশ্ন ওঠে, কলেজিয়াম ব্যবস্থা বদলাতে সরকার কি নতুন আইন আনার পথে হাঁটছে? কিন্তু কয়েক দিনের মধ্যেই রাজ্যসভায় লিখিত জবাবে সরকার স্পষ্ট করে, এটি নিছক একটি প্রস্তাব, যাতে সরকার ‘সহায়ক’-এর ভূমিকা নিতে পারে। বিচারপতিদের নাম সুপারিশের চূড়ান্ত সিদ্ধান্ত কলেজিয়ামের হাতেই থাকবে।

এর পরে বিষয়টি আবার চাপা পড়ে যায়।

সংশোধিত এমওপি চূড়ান্ত করার আর্জিতে এখন কেন্দ্র এবং শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

সচিবালয়ের প্রশ্নে সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে প্রস্তাবটি কার্যত মেনে নিয়েছে বলেই মনে হয়। একের পর এক প্রধান বিচারপতির আমলে কলেজিয়াম এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যেখানে বিচারপতিদের কাজের তথ্য ও মূল্যায়ন দেখা হয় এবং তার লাগাতার নথি রাখা হয়।

‘জাতীয় নিরাপত্তা ভেটো’ নিয়ে সরকার আনুষ্ঠানিক ভাবে চাপ না দিলেও, এমন বহু ঘটনা আছে যেখানে সরকার কার্যত ভেটো প্রয়োগ করেছে। কখনও কলেজিয়াম সুপারিশ পুনর্ব্যক্ত করার পরেও সরকার সোজাসুজি নিয়োগ করেনি। যেমন, প্রবীণ আইনজীবী সৌরভ কৃপালকে দিল্লি হাই কোর্টের বিচারপতি করার সুপারিশ করেছিল কলেজিয়াম। সেই ক্ষেত্রে সরকার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে (র) দিয়ে তাঁর সমকামিতা এবং তাঁর সঙ্গীর সুইস নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল।

সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কী করেছে?

২০১৭ সালের অক্টোবরে আইনজীবী আর পি লুথরার একটি আবেদনে বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ দেরি নিয়ে কেন্দ্রের জবাব চেয়েছিল। বেঞ্চ মন্তব্য করেছিল, কোনও সময়সীমা বাঁধা না থাকলেও বিষয়টি অনির্দিষ্ট কাল ঝুলে থাকতে পারে না। পরে মামলাটি ওঠে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই বেঞ্চ আগের নির্দেশটি প্রত্যাহার করে নেয়।

আবেদনকারীকে দেওয়া আরটিআই জবাব থেকে জানা যায়, কলেজিয়ামের চূড়ান্ত করা এমওপি ২০১৭ সালের মার্চে সরকারের কাছে পাঠানো হয়েছিল এবং বিষয়টি ‘বিবেচনাধীন’। আইন মন্ত্রকের অধীন বিচার দফতর অন্য আবেদনগুলি খারিজ করেছে এই যুক্তিতে যে, তথ্যটি গোপনীয় এবং সাংবিধানিক কর্তৃপক্ষের বিবেচনাধীন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজ্যসভায় জানান, এমওপি সংশোধনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে এবং তা শেষ হলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

এর পরে কী?

মামলার পরবর্তী শুনানির আগে কেন্দ্র এবং সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল তাঁদের জবাব জমা দেবেন।