মদ কিনতে গিয়ে দোকানের সামনে চিকিৎসকের মুখোমুখি হতে হবে, তাঁকে শরীরের খোঁজখবর দিতে হবে, এমনটা কোনও খদ্দের বোধহয় ভাবেনও না। অথচ মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে এখন ঠিক তা-ই হচ্ছে। মদের দোকানের বাইরে বসেছে মেডিক্যাল টিম। তাঁরা ক্রেতাদের শারীরিক পরীক্ষা করছেন, রক্তের নমুনা নিচ্ছেন, মদ খাওয়া কমানোর পরামর্শও দিচ্ছেন।
সাগর জেলার প্রশাসন আরও এক ধাপ এগিয়েছে। মদের দোকানের মালিকদের বলা হয়েছে সবচেয়ে নিয়মিত খদ্দেরদের তালিকা তৈরি করতে। দোকান খোলার আগেই যাঁরা হাজির হয়ে যান, তাঁরাও থাকবেন সেই তালিকায়। উদ্দেশ্য একটাই: চিকিৎসকেরা যাতে দীর্ঘদিনের মদ্যপদের চিহ্নিত করে পরীক্ষা করতে পারেন। সম্প্রতি জেলায় একের পর এক মৃত্যু হয়েছে, তার পরেই এই উদ্যোগ। সেপ্টেম্বরে সন্দেহজনক বিষমদ-কাণ্ডে একসঙ্গে ২০ জনের মৃত্যু হয়েছিল।
জেলাশাসক দিলীপকুমার যাদব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, দিনের পর দিন অতিরিক্ত মদ খাওয়ায় যাঁদের স্বাস্থ্য ঝুঁকির মুখে, তাঁদের চিহ্নিত করাই এই অভিযানের লক্ষ্য। অনেকের ক্ষেত্রে এর সঙ্গে আগে থেকে থাকা রোগ আর অপুষ্টিও যুক্ত হয়। জেলাশাসকের কথায়, “চিন্তা অতিরিক্ত মদ্যপান নিয়ে। বিশেষ করে যাঁরা সকাল থেকে সন্ধ্যা সারা দিনই মদ খান। কারও কারও আবার অন্য রোগ বা কোমর্বিডিটি রয়েছে। এই সব কারণে তাঁদের ঝুঁকি অনেক বেশি। একে আপনারা সচেতনতা অভিযান হিসেবেই দেখতে পারেন।”
যাদব জানান, দোকানের মালিকেরা নিয়মিত মদ্যপদের চেনেন বলেই প্রশাসন বিশেষ করে তাঁদের সাহায্য চেয়েছে। তাঁর কথায়, “কিছু মানুষ রোজ মদের দোকানে আসেন। দোকান খোলে সকাল আটটায়, অথচ অনেকে তার আগেই এসে বসে থাকেন। দোকানদারেরা তাঁদের চেনেন। আমরা দোকানদারদের দিয়ে এঁদের তালিকা তৈরি করিয়েছি। এঁদের কেউ কেউ ঠিকমতো খাওয়াদাওয়াও করেন না। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা ক্রনিক মদ্যপ হয়ে ওঠেন, পরে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।”
সেই তালিকা ধরেই ঠিক হয়েছে কাদের পরীক্ষার জন্য ডাকা হবে। তার পরে মদের দোকানের বাইরে মেডিক্যাল টিম বসানো হয়। তাঁরা শারীরিক পরীক্ষা করছেন, রক্তের নমুনা নিচ্ছেন, দরকারে ওষুধও দিচ্ছেন। যাদব বলেন, “মানুষ আর তাঁদের পরিবার যাতে সচেতন হন, সে জন্যই এত কিছু করা হচ্ছে। লক্ষ্য হল তাঁদের বড় কোনও স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা।”
রবিবার অভিযান শুরু হয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী, দু’দিনে মেডিক্যাল টিম ১৪৭ জনকে পরীক্ষা করেছে। এঁদের মধ্যে ১৪৪ জনের রক্তের নমুনা নেওয়া হয়েছে লিভার আর কিডনির কার্যক্ষমতা পরীক্ষার জন্য। প্রথম দিন বান্দা আর সাগরে প্রায় ৫০ জনকে পরীক্ষা করা হয়। সোমবার সাগর, দেওরি, রাহলি, খুরাই আর বিনা মিলিয়ে আরও ৯৭ জনকে।
জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, যাঁদের শরীরে অবনতির লক্ষণ মিলছে, তাঁদের আরও পরীক্ষা করিয়ে চিকিৎসা শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁদের পরীক্ষা হচ্ছে, চিকিৎসকেরা তাঁদের মোবাইল নম্বরও লিখে রাখছেন, যাতে রিপোর্ট এলে যোগাযোগ করা যায়।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমএইচও) দেবেশ পাতেরিয়া জানান, এই পরীক্ষায় ক্রনিক মদ্যপানের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। কয়েক জনের লিভারের কার্যক্ষমতায় ক্ষতির লক্ষণও দেখা গিয়েছে। তাঁর মতে, এর ফলে স্বাস্থ্য দফতর এমন রোগীদের আগেভাগে চিহ্নিত করতে পারবে, অবস্থা আরও খারাপ হওয়ার আগেই হস্তক্ষেপ করা যাবে।
পাতেরিয়া জানান, দীর্ঘদিন মদ খেলে সাধারণত যে পুষ্টির ঘাটতি দেখা দেয়, তার ওষুধও দিচ্ছে মেডিক্যাল টিম। তাঁর কথায়, “ভিটামিন বি-১-এর ঘাটতি মেটানোর ওষুধ দিচ্ছি, সঙ্গে মাল্টিভিটামিন সাপ্লিমেন্টও। যেখানে দরকার সেখানে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া, আর কাদের আরও চিকিৎসা লাগবে তা চিহ্নিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, জেলার বেশ কিছু ক্রনিক মদ্যপের কথা স্বাস্থ্য দফতর আগে থেকেই জানত, কারণ শারীরিক জটিলতা নিয়ে তাঁরা প্রায়ই হাসপাতালে ভর্তি হতেন। তবে এই অভিযানের ফলে এমন মানুষদের একটা সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা যাচ্ছে। পাতেরিয়ার কথায়, “আবগারি দফতর আগে আমাদের যে পরিসংখ্যান দিয়েছিল, তার তুলনায় সংখ্যাটা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা এই তথ্য একত্র করছি। এমন তথ্য এই প্রথম, এর ভিত্তিতে পরবর্তী হস্তক্ষেপের কৌশল ঠিক করতে পারব।”
জেলাশাসক জানিয়েছেন, শুধু দোকানদারদের তালিকায় থাকা খদ্দেরদের মধ্যেই অভিযান সীমাবদ্ধ নয়। প্রাথমিক ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলির মাধ্যমেও কাজ করছে স্বাস্থ্য দফতরের দল। তালিকায় যাঁদের নাম নেই, তেমন অভ্যস্ত মদ্যপদের খুঁজতে তাঁরা গ্রামে গ্রামেও যাচ্ছেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।