কাতারের কারাগারে বন্দি প্রাক্তন নৌসেনা কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারিকে মানবিক কারণে দেশে ফিরিয়ে আনতে দোহায় ভারতীয় দূতাবাসের কাছে জরুরি আর্জি জানাল তাঁর পরিবার। গত সোমবার দূতাবাসকে চিঠি লিখে অবিলম্বে তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। ২০২২ সাল থেকে কাতারে আটক ৬৭ বছরের এই প্রাক্তন আধিকারিক সম্প্রতি আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পরিবার সূত্রে খবর, ১৭ নভেম্বর রাতে জরুরি চিকিৎসার জন্য পূর্ণেন্দুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বোন মিতু ভার্গব জানিয়েছেন, হঠাৎ এই অসুস্থতার কারণ কী, পরিবারকে তা জানানো হয়নি। দু'দিন পরে তাঁকে ফের জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারকে জানানো হয়। কাতারে থাকা পূর্ণেন্দুর স্ত্রীর মাধ্যমেই হাসপাতালে ভর্তির খবর পান তাঁরা। স্ত্রী কাতারে ভারতের রাষ্ট্রদূত কে শ্রীকর রেড্ডিকে চিঠি লিখে স্বামীর দেশে ফেরায় সাহায্য চেয়েছেন। পরিবারের দাবি, দীর্ঘ নির্জন কারাবাসের জেরে পূর্ণেন্দু একাধিক শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন, তার মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও রয়েছে। হাসপাতালে থাকার সময়েই সমাজমাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে মিতুর আর্জি, ‘দেরি হয়ে যাওয়ার আগে’ দাদাকে ঘরে ফিরিয়ে আনা হোক।

পরিবারের উদ্বেগ আরও বাড়িয়েছে পূর্ণেন্দুর ৮৮ বছরের মা প্রমোদিনী তিওয়ারির শারীরিক অবস্থা। তিনি গুরুতর অসুস্থ, শেষ বার ছেলেকে চোখের দেখা দেখতে চান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাত সহকর্মী দেশে ফিরলেও দোহায় পড়ে থাকেন কেবল তাঁর ছেলে। মায়ের কথায়, তার পর থেকে বারবার শুধু আশ্বাস মিলেছে যে আর কয়েকটা আনুষ্ঠানিকতা বাকি।

২০২২ সালের অগস্টে দোহার সংস্থা দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস-এ কর্মরত আট জন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে আট জনেরই মৃত্যুদণ্ড হয়, ডিসেম্বরে সেই সাজা কমানো হয়। আমিরের ক্ষমা পেয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাত জন দেশে ফেরেন, কিন্তু পৃথক মামলায় আটকে যান পূর্ণেন্দু। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতারের কোর্ট অব ক্যাসেশন আর্থিক অনিয়মের অভিযোগে দাহরা গ্লোবালের ওমানি মালিক এবং এক কাতারি আধিকারিকের সঙ্গে তাঁকেও দোষী সাব্যস্ত করে ছ'বছরের কারাদণ্ড দেয়। মার্চে অন্য একটি মামলায় তিনি স্বস্তি পেলেও ফেব্রুয়ারির সাজা বহাল থাকে। অভিযোগের বিস্তারিত বা রায়ের পূর্ণ বয়ান কেন্দ্র এখনও প্রকাশ্যে আনেনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পূর্ণেন্দুর শারীরিক অবস্থা জানতে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, প্রয়োজনে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতেও বলা হয়েছে। তাঁর কথায়, ‘আমরা ওঁর পরিবার এবং কাতারের কর্তৃপক্ষ, দু'পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছি।’ তবে এপ্রিলেই মন্ত্রক সতর্ক করেছিল, বাকি সাত জনের মামলার সঙ্গে পূর্ণেন্দুর মামলাকে গুলিয়ে ফেলা ঠিক নয়।

নৌসেনার এগজ়িকিউটিভ শাখার নেভিগেশন বিশেষজ্ঞ পূর্ণেন্দু আইএনএস মগর-এর কমান্ডিং অফিসার ছিলেন, ছিলেন পূর্ব নৌবহরের ফ্লিট নেভিগেটিং অফিসারও। অবসরের পরে সিঙ্গাপুরের নৌসেনাকে প্রশিক্ষণ দিয়ে তিনি দাহরা গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাতারে যান। ২০১৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছিলেন গ্বালিয়রের এই বাসিন্দা। একদা যে মানুষটি দেশের হয়ে সমুদ্র পাহারা দিয়েছেন, আজ বিদেশের জেলে অসুস্থ শরীরে তিনি দিন গুনছেন। আর তাঁর পরিবারের অপেক্ষা ক্রমশ দীর্ঘতর হচ্ছে।