নয়াদিল্লি: করবা চৌথের রাতে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস ভাঙার বদলে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছল এক আজব ফোন। প্রায় এক বছর পর বাড়ি ফিরেছিলেন স্বামী। কিন্তু বাড়ি ফিরে দেখেন, তাঁর মুখ দেখে করবা চৌথের উপবাস বা ব্রত ভাঙতে সরাসরি নারাজ স্ত্রী। স্ত্রীর এই একগুঁয়েমি ও পারিবারিক গোলমালের মুখে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ১১২ নম্বরে ডায়াল করে পুলিশ ডাকতে বাধ্য হলেন স্বামী।
ঘটনাটি ঘটেছে দিল্লির নিহাল বিহার থানা এলাকার শ্রীরাম কলোনিতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুমে এক ব্যক্তি অভিযোগ জানান যে, তিনি দীর্ঘ এক বছর পর ঘরে ফিরেছেন। কিন্তু বাড়ি পৌঁছনোর পর স্ত্রীর সঙ্গে তাঁর তীব্র বচসা বাধে। স্ত্রীর উপর অন্য এক ব্যক্তির উপস্থিতির সন্দেহে দুজনের ঝামেলা চরম রূপ নেয়। এর জেরেই ক্ষুব্ধ স্ত্রী চালনি দিয়ে স্বামীর মুখ দেখে উপবাস ভাঙতে অস্বীকার করেন।
রাত বাড়লেও স্ত্রী অনড় থাকায় কোনো উপায় না দেখে দিল্লি পুলিশের সাহায্য চান ওই ব্যক্তি। অভিযোগ পেয়ে অবাক হলেও পরিস্থিতি সামাল দিতে নিহাল বিহার থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা স্বামী ও স্ত্রী—উভয়ের সঙ্গেই দীর্ঘক্ষণ কথা বলেন এবং কাউন্সেলিং করেন। শেষমেশ পুলিশের মধ্যস্থতায় মান-অভিমানের পালা কাটিয়ে পারিবারিক বিবাদ মেটে এবং সব নিয়ম মেনে করবা চৌথের ব্রত সম্পন্ন হয়।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।